ব্যাংক অ্যাকাউন্টে নমিনি করার আগে যে বিষয়গুলো জানা জরুরি

ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় ফরমের একটি নির্দিষ্ট ঘরে নমিনির নাম, ছবি ও প্রয়োজনীয় তথ্য দিয়ে অনেকেই মনে করেন, কাজ শেষ। বিষয়টি যেন ব্যাংক হিসাব খোলার নিয়মিত আনুষ্ঠানিকতারই একটি অংশ। অথচ এই ছোট্ট সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে থাকতে পারে ভবিষ্যতের বড় আর্থিক ও পারিবারিক বিষয়।
জীবন অনিশ্চিত। হিসাবধারীর মৃত্যুর পর তাঁর ব্যাংক হিসাবে থাকা অর্থ কীভাবে এবং কার মাধ্যমে নিষ্পত্তি হবে, সেটি অনেকাংশে নির্ভর করে ব্যাংকের নথিতে থাকা তথ্যের ওপর। তাই নমিনি নির্বাচনের ক্ষেত্রে শুধু ‘কাকে কাছের মানুষ মনে হচ্ছে’—এমন আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। বরং সম্পর্ক, বয়স, পারিবারিক পরিস্থিতি এবং ভবিষ্যতে সম্ভাব্য পরিবর্তন—সবকিছু বিবেচনায় রাখা প্রয়োজন।
বন্ধু-সহকর্মীর চেয়ে পরিবারকে অগ্রাধিকার
অনেক সময় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না থাকায় কাছের বন্ধু বা সহকর্মীকে নমিনি করে দেন কেউ কেউ। পরে আর সেই তথ্য পরিবর্তন করা হয় না। কিন্তু ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্তই জটিলতার কারণ হয়ে দাঁড়াতে পারে। সিটি ব্যাংক পিএলসির বনানী লেক ভিউ শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার নূর শাহরিয়ার সিদ্দিকীর মতে, নমিনি নির্বাচনের ক্ষেত্রে পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়া ভালো। তাঁর ভাষায়, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে এক দিন বেশি সময় লাগলেও তাড়াহুড়া করে পরিচিতজনকে নমিনি করা উচিত নয়। কারণ, হিসাবধারীর মৃত্যুর পর নমিনি এবং প্রকৃত উত্তরাধিকারীদের মধ্যে বিরোধ দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে ব্যাংক নিজে বিরোধের সমাধান করতে পারে না; প্রয়োজন হলে আদালতের নির্দেশনা অনুযায়ী অর্থ নিষ্পত্তি করতে হয়।
পরিবারের মধ্যে কাকে নমিনি করবেন?
পরিবারের সদস্যদের মধ্যেও নমিনি বেছে নেওয়ার বিষয়টি ভেবেচিন্তে করা দরকার। বিবাহিত ব্যক্তির ক্ষেত্রে অনেক সময় স্বামী বা স্ত্রীকে নমিনি করা সুবিধাজনক হতে পারে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে হিসাবধারীকে ভাবতে হবে—তাঁর অনুপস্থিতিতে পরিবারের কোন সদস্যের হাতে অর্থ গেলে পরিবারের প্রয়োজন মেটানো সহজ হবে।
মা-বাবা, স্বামী-স্ত্রী কিংবা সন্তান—যাকেই নমিনি করা হোক, ভবিষ্যতের পারিবারিক পরিস্থিতিও বিবেচনায় রাখা জরুরি। বিশেষ করে সন্তানকে নমিনি করার ক্ষেত্রে তার বয়স একটি গুরুত্বপূর্ণ বিষয়। অপ্রাপ্তবয়স্ক সন্তান সরাসরি ব্যাংক হিসাবের অর্থ গ্রহণ বা পরিচালনা করতে পারে না; সে ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক অভিভাবকের প্রয়োজন হতে পারে।
জনতা ব্যাংক পিএলসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অপ্রাপ্তবয়স্ক সন্তানকে ঘিরে অনেক সময় ব্যাংকে জটিল পরিস্থিতি তৈরি হয়। কারণ, শিশুর হাতে সরাসরি বড় অঙ্কের অর্থ তুলে দেওয়া সম্ভব নয়। আবার তার পক্ষে যে অভিভাবক অর্থ পরিচালনা করবেন, তিনি কতটা নির্ভরযোগ্য—সেটিও বিবেচনার বিষয়। তাই পরিস্থিতি অনুযায়ী প্রাপ্তবয়স্ক ও বিশ্বস্ত ব্যক্তিকে নমিনি করা তুলনামূলকভাবে সহজ হতে পারে।
একজন নয়, একাধিক নমিনিও হতে পারেন
চাইলে একটি ব্যাংক হিসাবের জন্য একাধিক ব্যক্তিকেও নমিনি করা যায়। সেক্ষেত্রে প্রত্যেক নমিনির প্রাপ্য অংশ বা শতাংশ আগে থেকেই নির্ধারণ করে দেওয়ার সুযোগ রয়েছে। আবার একই ব্যক্তিকে সব ব্যাংক হিসাবের নমিনি করতেই হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। একজন হিসাবধারী চাইলে তাঁর বিভিন্ন ব্যাংক হিসাবের জন্য ভিন্ন ভিন্ন ব্যক্তিকেও নমিনি করতে পারেন। অর্থাৎ কোন হিসাবের অর্থ ভবিষ্যতে কার কাছে যাবে, সেটিও নিজের প্রয়োজন ও পারিবারিক পরিস্থিতি অনুযায়ী নির্ধারণ করা সম্ভব।
হিসাবধারীর মৃত্যু হলে কী হয়?
হিসাবধারীর মৃত্যুর খবর ব্যাংকে পৌঁছানোর পর সাধারণত সংশ্লিষ্ট হিসাবের কার্যক্রম বন্ধ বা স্থগিত করা হয়। ঢাকা ব্যাংক পিএলসির কারওয়ান বাজার শাখার কর্মকর্তা মেরিন নাজনীন জানান, ব্যাংক সাধারণত নিজে থেকে নমিনির সঙ্গে যোগাযোগ করে অর্থ দেওয়ার প্রক্রিয়া শুরু করে না। নমিনিকেই ব্যাংকে এসে অর্থ দাবি করতে হয়।
এ জন্য হিসাবধারীর মৃত্যুসনদসহ প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হয়। এরপর ব্যাংক নমিনির পরিচয় ও দাখিল করা কাগজপত্র যাচাই করে। প্রয়োজনে নমিনির নিজ নামে সংশ্লিষ্ট ব্যাংকে হিসাব খোলার প্রয়োজন হতে পারে। সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ব্যাংকের নিয়ম এবং হিসাব খোলার সময় দেওয়া নির্দেশনা অনুযায়ী অর্থ নিষ্পত্তির প্রক্রিয়া সম্পন্ন হয়।
পুরোনো নমিনি কি সবসময় উপযুক্ত থাকেন?
মানুষের জীবন যেমন বদলায়, তেমনি বদলায় সম্পর্ক ও পারিবারিক পরিস্থিতিও। বিয়ে, সন্তানের জন্ম, বিবাহবিচ্ছেদ, পরিবারের সদস্যের মৃত্যু কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের কারণে আগের নমিনিকে আর উপযুক্ত মনে নাও হতে পারে।
তাই বহু বছর আগে কাউকে নমিনি করে রেখেছেন বলেই সেটি চিরদিন একই রাখতে হবে—এমন নয়। প্রয়োজন অনুযায়ী হিসাবধারী নমিনি পরিবর্তন করতে পারেন। জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের পর ব্যাংক হিসাবের নমিনি-সংক্রান্ত তথ্যও একবার পর্যালোচনা করে নেওয়া ভালো।
নমিনি নির্বাচন আসলে ব্যাংকের একটি ফরমের ঘর পূরণ করার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে ভবিষ্যতে পরিবারের আর্থিক নিরাপত্তা, সম্পদ ব্যবস্থাপনা এবং সম্ভাব্য বিরোধ এড়ানোর বিষয়। তাই আবেগের বশে, তাড়াহুড়ো করে কিংবা সাময়িক ঘনিষ্ঠতার কারণে কাউকে নমিনি না করে তাঁর সঙ্গে নিজের সম্পর্ক, বয়স, পারিবারিক বাস্তবতা এবং ভবিষ্যতের পরিস্থিতি বিবেচনা করা উচিত। একই সঙ্গে জীবনে বড় কোনো পরিবর্তন এলে ব্যাংকের নমিনি-সংক্রান্ত তথ্যও নতুন করে যাচাই করা দরকার। কারণ আজকের ছোট একটি সিদ্ধান্তই ভবিষ্যতে পরিবারের জন্য বড় পার্থক্য তৈরি করতে পারে।



