বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
রূপ-সৌন্দর্য

রোদের ক্ষতি থেকে সানস্ক্রিনের সুরক্ষা

images (3)

গ্রীষ্ম, বর্ষা কিংবা শরৎ, যে ঋতুই হোক না কেন রোদের তীব্রতা আমাদের দেশে প্রায় সারাবছরই থাকে। সূর্যের আলো আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় হলেও দীর্ঘ সময় সরাসরি রোদে থাকলে ত্বকের নানা ক্ষতি হতে পারে।অতিবেগুনি বা ইউভি রশ্মির কারণে ত্বক লালচে হয়ে যাওয়া, ঘামাচি, চুলকানি এমনকি ত্বকের ক্যান্সারের ঝুঁকিও বাড়তে পারে। এ পরিস্থিতি থেকে রক্ষা পেতে সানস্ক্রিন ব্যবহার একটি কার্যকর সমাধান।

বিশেষজ্ঞদের মতে, মূলত দুই ধরনের ইউভি রশ্মি আমাদের ত্বকের ক্ষতি করে।

ইউভিএ – ত্বকের গভীরে প্রবেশ করে। এতে ত্বক কুঁচকে যাওয়া, বয়সের ছাপ পড়া এবং ডিএনএর ক্ষতি হতে পারে।

ইউভিবি – ত্বকের উপরিভাগে আঘাত করে। ফলে সানবার্ন হয় এবং দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি তৈরি হয়।সানস্ক্রিন ত্বকের উপরিভাগে একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে। এটি ইউভি রশ্মিকে ভেতরে ঢুকতে দেয় না। বাজারে দুই ধরনের সানস্ক্রিন পাওয়া যায়

ফিজিক্যাল সানস্ক্রিন – জিংক অক্সাইড বা টাইটেনিয়াম অক্সাইড থাকে। এগুলো রশ্মি প্রতিফলিত করে বাইরে পাঠিয়ে দেয়।

কেমিক্যাল সানস্ক্রিন – বিশেষ রাসায়নিক উপাদান দিয়ে তৈরি, যা ইউভি রশ্মিকে তাপে রূপান্তর করে বাইরে বের করে দেয়।

বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত, তাই এখানে সূর্যের আলো প্রায় সারা বছরই প্রচণ্ড ও সরাসরি পড়ে। প্রতিদিন গড়ে ১০-১২ ঘণ্টা রোদ থাকে। ফলে যারা নিয়মিত বাইরে চলাফেরা করেন, তারা বেশি ঝুঁকিতে থাকেন। আবার আর্দ্রতা ও ঘামের কারণে ত্বকে ছত্রাক সংক্রমণ, লোমকূপ বন্ধ হয়ে চুলকানি কিংবা অতিরিক্ত ঘামের মতো সমস্যা দেখা দেয়। ইউভি রশ্মি ত্বকের প্রাকৃতিক মেলানিন বাড়িয়ে দেয়, যার ফলে ত্বকে কালো দাগ, অসম রং কিংবা মেলাসমার মতো সমস্যা হতে পারে।

সানস্ক্রিন ব্যবহারের নিয়মপরিমাণমতো লাগান – মুখ ও গলার জন্য অন্তত এক চা-চামচ সানস্ক্রিন ব্যবহার করুন।সময়মতো পুনরায় লাগান – ঘাম, পানি বা হাতের ঘষায় সানস্ক্রিন উঠে যায়। তাই দুই ঘণ্টা পরপর আবার লাগানো দরকার।ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন বেছে নিন – এটি ইউভিএ ও ইউ

ভিবি দুটো থেকেই সুরক্ষা দেয়।সময় মাথায় রাখুন – কেমিক্যাল সানস্ক্রিন কার্যকর হতে প্রায় ১৫ মিনিট সময় নেয়। তাই বের হওয়ার আগে ব্যবহার করুন।

সঠিক এসপিএফ ব্যবহার করুন – এসপিএফ-৩০ প্রায় ৯৭% আর এসপিএফ-৫০ প্রায় ৯৯% ক্ষতিকর রশ্মি আটকাতে সক্ষম।

আমাদের দেশের আবহাওয়ায় রোদের ক্ষতি থেকে পুরোপুরি বাঁচা সম্ভব নয়। তবে নিয়মিত মানসম্মত সানস্ক্রিন ব্যবহার করলে ত্বককে স্বল্প ও দীর্ঘমেয়াদে অনেক সমস্যার হাত থেকে রক্ষা করা যায়। তাই সানস্ক্রিনকে কেবল প্রসাধনী নয়, বরং দৈনন্দিন ত্বক-যত্নের অপরিহার্য অংশ হিসেবে ভাবা উচিত।