বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ৭ জুন, ২০২৬
রূপ-সৌন্দর্য

চুলের যত্নে কোন ভিটামিন কীভাবে কাজ করে

DSC01562

চুল আমাদের সৌন্দর্যের অন্যতম অংশ। কিন্তু চুল ঝরে যাওয়া, রুক্ষ হয়ে যাওয়া কিংবা আগেভাগেই ভেঙে পড়া এসব সমস্যায় অনেকেই ভোগেন। এর পেছনে শুধু বাহ্যিক যত্নের ঘাটতি নয়, ভেতরের পুষ্টির অভাবও বড় ভূমিকা রাখে। গবেষণায় দেখা গেছে, প্রয়োজনীয় ভিটামিনের অভাব হলে চুলের স্বাস্থ্য দ্রুত খারাপ হতে পারে। তাই দৈনন্দিন খাদ্যতালিকায় ভিটামিনসমৃদ্ধ খাবার রাখা খুবই জরুরি।

চলুন জেনে নেওয়া যাক, কোন ভিটামিন কীভাবে চুলের যত্নে কাজ করে

ভিটামিন এ
যাদের চুল রুক্ষ আর প্রাণহীন, তাদের জন্য ভিটামিন এ অত্যন্ত জরুরি। এটি মাথার ত্বকের সেবাম গ্রন্থিকে সক্রিয় করে। এটি প্রাকৃতিক তেল নিঃসরণ করে চুলকে আর্দ্র ও নরম রাখে। গাজর, রাঙা আলু, ডিম আর ক্যাপসিকামের মতো খাবারে ভিটামিন এ পাওয়া যায়।

ভিটামিন সি
ভিটামিন সি শুধু রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় না। বরং চুলের ঔজ্জ্বল্য ধরে রাখতেও সাহায্য করে। এটি কোলাজেন নামক প্রোটিন তৈরি করতে সহায়তা করে। এটি চুলের জন্য অত্যন্ত দরকারি। লেবু, কমলা, ব্রোকলি, টমেটো ও বেরি জাতীয় ফলে ভরপুর ভিটামিন সি পাওয়া যায়।

ভিটামিন ডি
চুল ঝরে যাওয়ার অন্যতম কারণ হলো দুর্বল হেয়ার ফলিকল। ভিটামিন ডি সেই ফলিকলকে মজবুত করে নতুন চুল গজাতে সহায়তা করে। এমনকি অ্যালোপেসিয়ার মতো সমস্যাতেও এটি কার্যকর প্রমাণিত হয়েছে। ডিমের কুসুম, তৈলাক্ত মাছ, দুধ ও সূর্যালোক ভিটামিন ডি-এর ভালো উৎস।

ভিটামিন ই
ভিটামিন ই চুলের জন্য এক ধরনের প্রাকৃতিক সুরক্ষাবর্ম। এটি শরীরের ফ্রি র‌্যাডিক্যাল কমিয়ে চুলকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত চুল মেরামত করতেও সাহায্য করে। বিভিন্ন বাদাম, ব্রোকলি, আম, রাঙা আলু আর সবুজ শাকসবজিতে প্রচুর ভিটামিন ই পাওয়া যায়।

ভিটামিন বি৭ (বায়োটিন)
কেরাটিন হলো চুলের প্রধান উপাদান। ভিটামিন বি৭ বা বায়োটিন কেরাটিন উৎপাদনে সহায়তা করে। এর অভাবে চুল ভঙ্গুর হয়ে যেতে পারে। বাদাম, দুধ, দই, রাঙা আলু, বীজ আর শাকসবজি নিয়মিত খেলে সহজেই বায়োটিনের চাহিদা পূরণ হয়।

চুলের যত্ন মানেই শুধু শ্যাম্পু বা তেল ব্যবহার নয়। শরীরের ভেতরের যত্নটাও জরুরি। সুষম খাবার আর ভিটামিনসমৃদ্ধ খাদ্য গ্রহণ করলে চুল হবে স্বাস্থ্যবান, উজ্জ্বল আর ঘন।