১২ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ২৮ ভাদ্র ১৪৩৩
বিনোদন

ডিসেম্বরে বিয়ে, মিমির হবু বর কে?

IMG_4762

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ঘিরে নতুন করে শুরু হয়েছে বিয়ের গুঞ্জন। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার ও সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন অভিনেত্রী। বিয়ের আয়োজন হতে পারে পাহাড়ি শহর কালিম্পঙে।

সংবাদমাধ্যমগুলোর দাবি, মিমির ঘনিষ্ঠ মহলে ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে। এমনকি বিয়ের শপিং ও নিমন্ত্রণপত্র বিলির কাজও নাকি চলছে। বিয়ের আগে আগামী নভেম্বরে আংটিবদলের আয়োজন হতে পারে বলেও শোনা যাচ্ছে।

তবে মিমির বিয়ে নিয়ে আলোচনার পাশাপাশি হবু বরকে নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। টালিউডের সঙ্গে তাঁর কোনো যোগ নেই বলেই জানা গেছে। গুঞ্জন অনুযায়ী, মিমির হবু স্বামীর নাম সিদ্ধার্থ এবং তিনি পেশায় ভারতীয় নৌবাহিনীর সদস্য। তবে এসব তথ্যের কোনোটি এখনো মিমি কিংবা কথিত পাত্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

মিমির প্রেমজীবন নিয়ে অবশ্য এর আগেও নানা সময়ে আলোচনা হয়েছে। বিভিন্ন সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও অভিনেত্রী সেসব নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা বলেননি। কয়েক বছর আগে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে মিমি জানিয়েছিলেন, বিয়ে করতে হলে আগে পাত্র খুঁজতে হবে, দেখা-সাক্ষাৎ করতে হবে—সেই সময়টুকুও তাঁর হাতে নেই। সেই ব্যস্ত অভিনেত্রীর জীবনেই এবার নাকি চুপিসারে বিশেষ কেউ এসেছেন।

বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয় মিমি চক্রবর্তী। ২০২৪ সালে শাকিব খানের বিপরীতে রায়হান রাফীর ‘তুফান’ সিনেমায় অভিনয়ের পর বাংলাদেশে তাঁর পরিচিতি আরও বাড়ে। সিনেমাটির ‘দুষ্টু কোকিল’ ও ‘লাগে উরা ধুরা’ গানও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

অভিনয়ে আসার আগে মডেল হিসেবে শোবিজে পথচলা শুরু করেন মিমি। ২০১০ সালে ‘গানের ওপারে’ ধারাবাহিকে ‘পুপে’ চরিত্রে অভিনয় করে দর্শকের নজরে আসেন তিনি। এরপর ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। পরে ‘বোঝে না সে বোঝে না’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান।

অভিনয়ের পাশাপাশি ২০১৯ সালে রাজনীতিতেও যুক্ত হন মিমি। ওই বছর লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এদিকে বর্তমানে অভিনয় নিয়েই ব্যস্ত মিমি। আসন্ন পূজায় মুক্তি পাওয়ার কথা সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমার। পাশাপাশি নতুন আরও একটি ছবির শুটিং শুরু করার কথা রয়েছে তাঁর।

বিয়ে নিয়ে এখনো মুখে কিছু না বললেও মিমির জীবনের এই নতুন অধ্যায় নিয়ে কৌতূহল বাড়ছে ভক্তদের মধ্যে। শেষ পর্যন্ত ডিসেম্বরেই সত্যি বিয়ের আসর বসে কি না, তা জানতে অবশ্য অপেক্ষা করতে হবে অভিনেত্রীর আনুষ্ঠানিক ঘোষণার।

Advertisements