শখের জিনিস কেনার আগে একটু ভেবে নিন

শখ আমাদের জীবনের রঙ। প্রিয় একটা বই, সাজগোজের সামগ্রী, নতুন কোনো গ্যাজেট বা শখের গাছ। এসব কিনলেই মন ভালো হয়ে যায়। কিন্তু সমস্যা তখনই হয় যখন শখের জিনিস কিনতে গিয়ে টাকার হিসাব গুলিয়ে যায়। মাসের মাঝপথে হঠাৎ টাকার টান পড়লে দেখা যায়, প্রয়োজনীয় খরচ সামলাতেই হিমশিম খেতে হচ্ছে। তাহলে কি শখের জিনিস একেবারে বাদ দিতে হবে? মোটেই না। একটু পরিকল্পনা করলেই শখও থাকবে, আবার টাকাও বাঁচবে।
টাকা ব্যবস্থাপনার প্রথম ধাপ হলো বাজেট। মাসের শুরুতেই আয়ের একটা হিসাব কষে নিন। এর মধ্যে বাসাভাড়া, বিদ্যুৎ, গ্যাস, পানি, খাদ্য, পরিবহন, ওষুধ এসব জরুরি খরচ আলাদা করে রাখুন। এরপর হাতে যে টাকা থাকে, সেটাকে তিন ভাগে ভাগ করতে পারেন।

এক ভাগ সঞ্চয়* এক ভাগ জরুরি প্রয়োজনে (ইমার্জেন্সি ফান্ড)* এক ভাগ শখের জন্য
এভাবে ভাগ করে খরচ করলে টাকা গুছিয়ে ব্যয় হবে। আবার শখও পূরণ হবে।
শখের জিনিস চোখে পড়লেই সঙ্গে সঙ্গে কিনে ফেলার দরকার নেই। কিছুদিন অপেক্ষা করে দেখুন। এটা সত্যিই আপনার প্রয়োজন আছে কি না নাকি শুধুই হঠাৎ ভালো লেগেছে। অনেক সময় কয়েকদিন পরেই বোঝা যায়। ওই জিনিস আসলে তেমন দরকার ছিল না।
যদি মনে হয় কোনো জিনিস যেভাবেই হোক নিতে হবে তাহলে সেটি ‘উইশলিস্টে’ লিখে রাখুন। মাসে এক বা দুইটির বেশি শখের জিনিস না কেনাই ভালো। মাঝে মাঝে দু–তিন মাস বিরতি দিয়ে তারপর কিনলে টাকাও সাশ্রয় হবে। আবার আনন্দও থাকবে অটুট।
শখ আমাদের মানসিক প্রশান্তি দেয়। তাই একেবারে বাদ দেওয়ার প্রশ্নই আসে না। শুধু খেয়াল রাখতে হবে, শখ যেন দায়িত্বের চাপে ফেলে না দেয়। হিসাব করে খরচ করলে শখও পূরণ হবে, আবার আর্থিক জীবনও থাকবে নিশ্চিন্ত।



