খালি পেটে যেসব খাবার ডেকে আনে বিপদ

শরীরে সুস্থ মানে মনও সুস্থ এই কথাটি সবারই জানা আছে। শরীর যদি ভালো থাকে, তবে দিনটাও কাটে সুন্দর ও প্রাণবন্তভাবে। আর সেই ভালো থাকার শুরুটা হয় ভোরবেলায়, দিনের প্রথম খাবার থেকেই। কিন্তু অনেক সময় আমরা অজান্তেই খালি পেটে এমন কিছু খেয়ে ফেলি, যা শরীরের জন্য উপকারী হওয়ার বদলে ক্ষতিকর প্রভাব ফেলে। গ্যাস্ট্রিক, হজমের সমস্যা, এমনকি দীর্ঘমেয়াদে নানা রোগের ঝুঁকিও তৈরি হয় এসব কারণে। তাই সকালবেলা কোন খাবার খাওয়া উচিত আর কোনগুলো এড়িয়ে চলা জরুরি তা জানা খুবই প্রয়োজন।
সাইট্রাস জাতীয় ফল:
লেবু, কমলা, জাম, আঙুর, জাম্বুরা ফল খাওয়া উচিত নয় সকালে। কারণ এতে থাকে সাইট্রিক অ্যাসিড। সকালে খালি পেটে খেলে অ্যাসিডিটির সমস্যা হয়।
টমেটো ও শসা:
সকালে খালি পেটে টমেটো বা শসা খাওয়া অনেকেই অভ্যাসে পরিণত করেছেন। কিন্তু এ অভ্যাস মোটেও ভালো নয়। টমেটো ও শসায় প্রচুর অ্যাসিডিক উপাদান থাকে, যা খালি পেটে গেলে পাকস্থলীতে অস্বস্তি তৈরি করে। এর ফলে সহজেই অ্যাসিডিটি, বুকজ্বালা বা হজমের সমস্যা দেখা দিতে পারে।
চা ও কফি:
কফিতে রয়েছে ক্যাফেইন যা পেটে অ্যাসিডের মাত্রা বাড়ায়। আর চায়ে রয়েছে উচ্চমাত্রার অ্যাসিড যা খালি পেটে খেলে শরীরে গ্যাস্ট্রিক ও আলসারের মতো রোগের সৃষ্টি করে। সুতরাং সকালে খালি পেটে এড়িয়ে চলা ভালো।

মিষ্টিজাতীয় খাবার:
সকালে রুটি বা পরোটার সঙ্গে অনেকে সন্দেশ, রসমালাই, গুড়, চিনি খেয়ে থাকেন। তবে খালি পেটে খেলে শরীরে ইনসুলিনের মাত্রা বেড়ে যায়, যার ফলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এগুলো এড়িয়ে চলা ভালো।
কোমল পানীয়:
ভুলেও খালি পেটে কোমল জাতীয় পানীয় খাওয়া ঠিক নয়। খালি পেটে কোমল পানীয় খেলে এর কার্বন ডাইঅক্সাইড পাকস্থলীর মিউকাস মেমব্রেনে প্রভাব ফেলে। ফলে হজমের সমস্যা শুরু হতে পারে। পাশাপাশি রক্ত সঞ্চালন প্রক্রিয়ার হারও কমে যায়।

খাবারই মানুষের সুস্থতার মূল চাবিকাঠি, আবার অসুস্থতার অন্যতম কারণও হয়ে উঠতে পারে। তাই প্রতিদিন সঠিক সময়ে, সঠিক পরিমাণে এবং সচেতনভাবে খাবার গ্রহণ করাই স্বাস্থ্য রক্ষার জন্য জরুরি।



