৯ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ২৫ ভাদ্র ১৪৩৩
স্বাস্থ্য

ডেঙ্গুর প্রকোপ চলতি মাসের শেষ থেকে বাড়তে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেঙ্গুর প্রকোপ চলতি মাসের শেষ থেকে বাড়তে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আবার বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। চলতি মাসের শেষের দিকে বা অক্টোবরের শুরুতে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আত্মহত্যা প্রতিরোধ দিবসের আলোচনায় তিনি এ কথা জানান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবিলায় তিন মাসব্যাপী জনসচেতনতামূলক অভিযান শুরু করা হবে। এতে স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করা হবে। ঘরবাড়ি ও কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসতে হবে। সিটি করপোরেশন, স্থানীয় সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয় সমন্বিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা, জনসচেতনতা ও লার্ভা ধ্বংসের কার্যক্রম চালাবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, ডেঙ্গু নিয়ে ৩ মাসের ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে সরকার। ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুহার কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ডেঙ্গুর চিকিৎসায় ৩০০ চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হবে। রোগী বৃদ্ধির শঙ্কায় বেড, স্যালাইন ও টেস্ট কিট মজুদ রাখা হয়েছে।

এই আলোচনায় এম এ মুহিত বলেন, মানসিক স্বাস্থ্যের দিকে গুরুত্ব না দেওয়ায় আত্মহত্যার হার বেড়েছে। কিশোর-কিশোরীরা আত্মহত্যা করলে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে। আত্মহত্যা কমাতে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে সরকার।