বেতন থেকে টাকা জমাবেন যে কৌশলে

প্রতিমাসে বেতন হাতে আসার পর মনে হয়, এবার নিশ্চয়ই কিছু টাকা জমবে। কিন্তু মাসের মাঝপথেই বুঝে যান, ব্যাংক অ্যাকাউন্ট আবার শূন্যের পথে! জরুরি সময়ে টাকার অভাবে পড়তে হয় বিপাকে। অথচ একটু পরিকল্পনা আর অভ্যাস গড়ে তুললেই বেতনের মধ্য থেকেই সঞ্চয় করা সম্ভব।
আয় বেশি হলে সঞ্চয় সহজ এ ধারণা সঠিক নয়। বেতন যতই হোক, সঠিক আর্থিক পরিকল্পনায় প্রতিমাসে কিছু না কিছু জমানো যায়। প্রথমে ঠিক করুন কত সঞ্চয় করবেন। আপনার মাসিক আয়, জীবনযাত্রা ও প্রয়োজনীয় খরচ অনুযায়ী সঞ্চয়ের পরিমাণ নির্ধারণ করুন।
চাইলে জনপ্রিয় ৫০/৩০/২০ নিয়ম মেনে চলতে পারেন –
- ৫০% প্রয়োজনীয় খরচে (ভাড়া, বিল, বাজার)
- ৩০% ব্যক্তিগত চাহিদায় (ভ্রমণ, শখ, বিনোদন)
- ২০% সঞ্চয় ও বিনিয়োগে
সঞ্চয় শুরুর আগে কিছু বিষয় ভেবে নেওয়া জরুরি।
লক্ষ্য নির্ধারণ করুন – ভ্রমণ, গ্যাজেট কেনা, অবসরের তহবিল কেন সঞ্চয় করবেন তা পরিষ্কার থাকলে টার্গেট পূরণ সহজ হবে।
ব্যয়ের খাতা রাখুন – অন্তত এক মাস লিখে রাখুন কোথায় কত খরচ হচ্ছে। অপ্রয়োজনীয় খরচ চিহ্নিত হলে সঞ্চয় শুরু করা সহজ হবে।
জরুরি তহবিল গড়ে তুলুন – চিকিৎসা বা হঠাৎ বড় খরচের জন্য সঞ্চয়ের বাইরে কিছু টাকা আলাদা রাখুন।

বেতন থেকে সঞ্চয় বাড়ানোর ৬ কৌশল
বাজেট তৈরি করুন – বাজেট মানে খরচের রোডম্যাপ। মাসিক আয় ও সব খরচের তালিকা লিখে ফেলুন। কোথায় কমানো সম্ভব, তা দেখুন। বাজেটই সঞ্চয়ের প্রথম ধাপ।
আগে সঞ্চয়, পরে খরচ – বেতন হাতে পাওয়ার পর প্রথমেই নির্দিষ্ট অঙ্ক জমিয়ে ফেলুন। যেমন মাসে ২০০০ টাকা জমাতে পারলে বছরের শেষে ২৪,০০০ টাকার সঞ্চয় হবে।
খরচের রেকর্ড রাখুন – নোটবুক বা অ্যাপে প্রতিটি খরচ লিখুন। এতে বুঝতে পারবেন কোথায় অযথা টাকা যাচ্ছে, আর সেই খরচ সহজে কমাতে পারবেন।
মাসিক বিল কমান – বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট সব বিল কমানোর চেষ্টা করুন। শক্তি সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও অপচয় রোধে পরিবারের সবাইকে সচেতন করুন।
ঘরে রান্না করুন – বাইরে খাওয়া বা অনলাইনে খাবার অর্ডারের বদলে ঘরে রান্না করুন। সাপ্তাহিক মেনু প্ল্যান করলে সময় ও টাকা দুটোই বাঁচবে, স্বাস্থ্যও ভালো থাকবে।
গণপরিবহন ব্যবহার করুন – উবার, সিএনজি বা বাইকের বদলে বাস বা ট্রেনে যাতায়াত করুন। মাস শেষে দেখবেন যাতায়াত খাত থেকেই ভালো অঙ্কের টাকা জমেছে।
টাকা সঞ্চয় করা কোনো একদিনের কাজ নয়। বরং এটি ধৈর্য ও শৃঙ্খলার ফল। আজ থেকেই শুরু করুন। আগামী দিনের জন্য আপনি নিজেকেই ধন্যবাদ দেবেন।



