১১ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৭ ভাদ্র ১৪৩৩
জীবনযাপন

অনলাইনে কেনাকাটা বদলে দিচ্ছে জীবন

IMG_6051

এক সময় কেনাকাটা মানেই ছিল পরিবারের সবাই মিলে বাজারে যাওয়া। বড়রা তালিকা বানাতেন, ছোটরা আগ্রহভরে তাকিয়ে থাকতেন খেলনার দোকানে। কাপড়, বই, চাল-ডাল, ফার্নিচার সবকিছু কিনতে হতো একেক জায়গা থেকে। সময় লাগত, ধৈর্য লাগত, দর-কষাকষি ছিল অনিবার্য। কিন্তু সময় থেমে থাকে না। প্রযুক্তির ছোঁয়ায় পালটে গেছে জীবনযাপনের অনেক কিছু। তার মধ্যে অন্যতম হলো আমাদের কেনাকাটার ধরণ।

আজকাল কেউ বাজার করতে দোকানে যান না। গন্তব্য হলো মোবাইল ফোন কিংবা ল্যাপটপ। কয়েকটা ট্যাপ বা ক্লিকেই ঘরে চলে আসে সব দরকারি পণ্য। অফিসের ব্যস্ততা, যানজটের ভোগান্তি কিংবা সময়ের ঘাটতি সব সমস্যার সহজ সমাধান যেন হয়ে উঠেছে অনলাইন শপিং।

বাংলাদেশেও এই অভ্যাস এখন সাধারণ ব্যাপার। ঢাকার ব্যস্ততম এলাকার একজন চাকরিজীবী কিংবা চট্টগ্রামের একজন গৃহিণী দুজনেই হয়তো একই দিনে অনলাইনে অর্ডার করছেন চাল, সাবান বা একটি সেলুন বুকিং। একসময় এটা ছিল শহরের উচ্চবিত্তদের বিলাসিতা। আজ তা পৌঁছে গেছে মধ্যবিত্ত এবং গ্রামাঞ্চলের দরজায়ও। প্রযুক্তির এই বিপ্লব বদলে দিয়েছে আমাদের কেনার ধরন, ভাবার ধরণ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বর্তমান অনলাইন ক্রেতারা কেবল পণ্যের দাম নয়, গুরুত্ব দিচ্ছেন গুণগত মান, সময়মতো ডেলিভারি এবং নির্ভরযোগ্য রিটার্ন পলিসিকে। আগে যেখানে দোকানের কথাই ছিল শেষ কথা, এখন গ্রাহক নিজের মত করে রিভিউ পড়ে সিদ্ধান্ত নিচ্ছেন। পণ্যের ছবি, বিবরণ, অন্যদের অভিজ্ঞতা সব মিলিয়ে একটি আত্মবিশ্বাসী সিদ্ধান্ত নিচ্ছেন তারা।

এই গবেষণায় বিশ্লেষণ করা হয়েছে দেশের বেশ কয়েকটি বড় ই–কমার্স প্ল্যাটফর্মের কার্যকারিতা। দেখা গেছে, যে প্ল্যাটফর্মগুলো গ্রাহকের সুবিধাকে প্রাধান্য দিচ্ছে সহজ অ্যাপ, ঝামেলাহীন ফেরত নীতিমালা এবং স্বচ্ছ তথ্য উপস্থাপন তাদের প্রতি ক্রেতাদের আস্থা অনেক বেশি।

শুধু শহর নয় অনলাইন শপিং পৌঁছে গেছে গ্রামেও। মোবাইল ইন্টারনেটের বিস্তারে এখন দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও পাচ্ছেন সহজ কেনাকাটার সুবিধা। শিক্ষার্থী কিনছেন পরীক্ষার গাইড, কৃষক কিনছেন প্রয়োজনীয় সরঞ্জাম। অনেকে তো নিয়মিত মুদিপণ্য বা ঔষধও অর্ডার করছেন অনলাইনে। ফলে অনলাইন কেনাকাটা হয়ে উঠেছে প্রয়োজন মেটানোর পাশাপাশি জীবনের অবিচ্ছেদ্য অংশ।

Advertisements

বিশ্বব্যাপী অনলাইন শপিংয়ের চিত্রটাও বেশ স্পষ্ট। ২০২৪ সালে ২৭১ কোটিরও বেশি মানুষ অনলাইনে কেনাকাটা করেছেন, যা আগের বছরের তুলনায় অনেক বেশি। এই সংখ্যা বাড়ছে প্রতিদিন। কারণ মানুষ এখন চায় আরাম, সময় সাশ্রয় এবং আস্থাভাজন সেবা।

তবে এই অভিজ্ঞতা নিখুঁত নয়। কিছু সমস্যা এখনো রয়ে গেছে। অনেক সময় পণ্যের মানের সঙ্গে ছবির মিল থাকে না, সময়মতো ডেলিভারি হয় না কিংবা গ্রাহকসেবার সাড়া পেতে ভোগান্তি হয়। কিন্তু এসব সমস্যার মধ্যেও অনেক প্রতিষ্ঠান এখন চেষ্টা করছে গ্রাহকের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে। সরকারের নীতিমালাও ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। তৈরি হচ্ছে ভোক্তার অধিকারের রক্ষাকবচ।

এখন কেনাকাটা আর শুধুই পণ্য বাছাই নয়, এটা হয়ে উঠেছে একটা পরিকল্পিত ও তথ্যনির্ভর সিদ্ধান্ত। একজন গ্রাহক নিজের মতো করে তুলনা করছেন, যাচাই করছেন, সময় বুঝে অর্ডার করছেন। ফলে ‘কেনাকাটা’ শব্দটির মধ্যেই তৈরি হয়েছে এক নতুন দৃষ্টিভঙ্গি যেখানে সময়, প্রযুক্তি এবং আস্থার সমন্বয়ে তৈরি হচ্ছে জীবনের সহজপথ।

এই পরিবর্তন শুধু অভ্যাসগত নয়, এটি এক ধরনের সংস্কৃতি পরিবর্তন। এখানে প্রযুক্তি আর ভোক্তার চাহিদা একসঙ্গে পথ তৈরি করছে। আগামীর বাজার যাঁরা ধরতে চান, তাঁদের এই পরিবর্তনের স্রোতে থাকতে হবে সামনে। কারণ একজন সচেতন ক্রেতা এখন আর শুধু দামে প্রলুব্ধ হন না, তিনি চান নির্ভরযোগ্যতা, মান, এবং সেবার সত্যতা।অনলাইন শপিং তাই কেবলই আর একটা কেনাকাটার মাধ্যমই নয়। এটি হয়ে উঠেছে আধুনিক জীবনের ছায়া।

Advertisements