মুন্সিগঞ্জে ছাত্রীকে যৌন সহিংসতা চেষ্টার অভিযোগ শিক্ষকের বিরু/দ্ধে

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ১৪ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ওই উপজেলার মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মোহাম্মদ তকীউর রহমান সিদ্দিকের (৪৫) বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁকে আটক করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বালাশুর এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত তকীউর রহমান দীর্ঘদিন ধরে ওই মহিলা মাদ্রাসা পরিচালনা করে আসছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী বালাশুর এলাকার বাসিন্দা। কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন, সুস্থতার আশায় মাদ্রাসাশিক্ষকের কাছে ঝাড়ফুঁক নিতে যায় ওই শিক্ষকের কাছে। শিক্ষক তাকে একা পেয়ে শরীরের সংবেদনশীল স্থানে স্পর্শ করেন এবং ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করে ভুক্তভোগী। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্তকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযুক্ত শিক্ষককে পুলিশ হেফাজতে প্রাথমিক চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান বলেন, ঘটনাটি আমরা দেখছি এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছি।



