মানুষ কেন রেগে যায়?
রাগ একটা খুব সাধারণ কিন্তু জটিল অনুভূতি। আমাদের সবারই কখনো না কখনো রাগ হয়। কখনো কারও কথায়, কারও ব্যবহারে, কোনো পরিস্থিতিতে বা কখনো এমনকি নিজেকেও সহ্য...

রাগ একটা খুব সাধারণ কিন্তু জটিল অনুভূতি। আমাদের সবারই কখনো না কখনো রাগ হয়। কখনো কারও কথায়, কারও ব্যবহারে, কোনো পরিস্থিতিতে বা কখনো এমনকি নিজেকেও সহ্য হয় না। কিন্তু কখনো কি ভেবেছেন, আপনি কেন রেগে যান? সব রাগ কি এক রকম? না কি ভেতরে লুকিয়ে থাকে ভিন্ন ভিন্ন কারণ?
চলুন জেনে নেওয়া যাক কেন আসলে রাগ জন্ম নেয়।
রাগ হলো আপনার মনের সিগন্যাল
রাগ অনেকটা আলোর মতো। যখন কিছু ভুল হয়, তখন তা মনের মধ্যে জ্বলে ওঠে। আপনি হয়তো কোনো কিছুতে কষ্ট পেয়েছেন, অপমানিত হয়েছেন, বা নিজেকে ছোট মনে হয়েছে এই অনুভূতিগুলো থেকেই রাগ আসে। এটি কোনো সমস্যা নয়, বরং সমস্যার একটি ইঙ্গিত।
নিজেকে রক্ষা করার চেষ্টা থেকেই রাগ
অনেক সময় আমরা যখন মানসিকভাবে আঘাত পাই, তখন মনের ভেতর থেকে একটা প্রতিক্রিয়া আসে রাগ। ধরুন কেউ আপনাকে মিথ্যা বলেছে বা সত্য গোপন করেছে। তখন আপনি নিজেকে প্রতারিত মনে করেন। এই অনুভূতি থেকে এক ধরনের আত্মরক্ষার রাগ তৈরি হয়।
অবহেলা বা তুচ্ছ করার কষ্ট
কেউ যদি আপনার কথা না শোনে, আপনাকে গুরুত্ব না দেয় বা আপনার স্বপ্ন-চেষ্টাকে তুচ্ছ করে তখন মনে হয়, “আমার কোনো দাম নেই?” এই অবহেলার কষ্ট থেকেই জন্ম নেয় রাগ। তখন আপনি চুপ না থেকে রেগে যান। কারণ আপনি বোঝাতে চান আপনারও মূল্য আছে।
প্রতারণা বা নিয়ন্ত্রণের অভিজ্ঞতা
যখন কেউ আপনাকে ঠকায়, ভুল তথ্য দেয় বা আপনাকে চালনা করার চেষ্টা করে তখন আপনার ভেতর থেকে রাগ ফেটে পড়ে। কারণ তখন আপনি নিজেকে একজন মানুষ নয় বরং খেলনা মনে করেন। এ ধরনের পরিস্থিতি খুবই অপমানজনক।
নিজের ভুল ঢাকার চেষ্টায় রাগ
আবার এমনও হয়, আমরা নিজের ভুল, ব্যর্থতা বা অনিচ্ছাকৃত অবহেলাকে ঢাকতে গিয়ে রেগে যাই। এটা অনেক সময় দোষ এড়ানোর একটা উপায় হয়ে দাঁড়ায়। নিজেকে প্রশ্ন না করে, আমরা অন্যকে দোষ দিয়ে রেগে উঠি।
ভালোবাসা না পাওয়া বা অবহেলা
ভালোবাসা, যত্ন বা গুরুত্ব না পেলে মানুষ কষ্ট পায়। অনেক সময় এই কষ্ট রাগে রূপ নেয়। এমনকি ছোট কোনো কথাও তখন বড় হয়ে রাগের কারণ হয়ে দাঁড়ায়। কারণ ভিতরে ভিতরে আমরা চাই। কেউ আমাদের বুঝুক, গুরুত্ব দিক।
ঈর্ষা ও হীনম্মন্যতা থেকেও রাগ
অন্য কেউ সফল হলে, বেশি ভালোবাসা পেলে বা জনপ্রিয় হলে অনেক সময় মনে হয় “আমি কেন না?” এই অনুভূতি ধীরে ধীরে ঈর্ষা তৈরি করে, আর সেখান থেকেই জন্ম নেয় রাগ। এই রাগটা বাইরের না, ভেতরের। এই রাগটা নিজেকেই পোড়াতে থাকে।
অভ্যাসবশত রাগ করা
অনেক মানুষ এমন পরিবেশে বড় হয় যেখানে রাগই ছিল সব সমস্যার উত্তর। তাই তারা স্বাভাবিকভাবে রেগে যান। বুঝতেই পারেন না, কোন জায়গায় আসলে তারা কষ্ট পেয়েছেন আর কোথায় রাগ দেখানো জরুরি ছিল না।
রাগের কারণ জানলে কোন লাভ হয় কি? রাগ হওয়াটা দোষের নয়। বরং আপনি যদি বুঝতে পারেন কেন রেগে যাচ্ছেন। তাহলে সেটা নিয়ন্ত্রণ করাও সহজ হবে। এতে আপনার সম্পর্কগুলো ভালো থাকবে, নিজেকে বোঝা সহজ হবে আর আপনি অন্যদের সঙ্গে আরও সংবেদনশীলভাবে চলতে পারবেন।রাগকে চাপিয়ে না রেখে বরং তা বুঝে, প্রয়োজনে কথা বলে বা অন্যভাবে প্রকাশ করে হালকা করে নেওয়াটাই সবচেয়ে ভালো উপায়।
সুত্র: এভরিডে হেলথ, হেলথ ডটকম, সাইকো সেন্ট্রাল

