১১ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৭ ভাদ্র ১৪৩৩
জীবনযাপন

ডেস্কে যেসব গাছ বাড়াবে কাজের মনোযোগ

14b0a0b8b9d508c33f84eabfb0c994a8

দিনভর কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে কাজ করা সহজ নয়। চাপ, ক্লান্তি আর একঘেয়েমি অনেক সময় কাজে মনোযোগ কমিয়ে দেয়। কিন্তু আশপাশে যদি থাকে একটু সবুজ তাহলেই বদলে যেতে পারে পুরো পরিবেশ। একটা ছোট গাছও আপনার কাজের জায়গায় এনে দিতে পারে প্রশান্তি আর সতেজতা। শুধু চোখের আরামই নয়, কিছু গাছ বাতাস শোধনেও সাহায্য করে, মানসিক চাপ কমায় এবং মন ভালো রাখে। চলুন জেনে নেওয়া যাক, এমন কিছু গাছের নাম যেগুলো আপনার অফিস কিংবা বাড়ির ডেস্কে রাখতে পারেন সহজে:

পিস লিলি- এই গাছটি দেখতে যেমন সুন্দর, যত্ন নেওয়াও তেমন সহজ। সবুজ পাতার মাঝে সাদা ফুল এক ধরনের প্রশান্তি এনে দেয়। অল্প আলোতেও বাঁচে, তাই ডেস্কের পাশে রাখার জন্য আদর্শ।

হোয়াইট মানিপ্ল্যান্ট- কম যত্নে টিকে থাকা এই গাছ মাটি শুকিয়ে গেলে পানি দিলেই চলে। ছোট টবেই চমৎকার দেখায়। মানিপ্ল্যান্ট সৌভাগ্যের প্রতীক হিসেবেও পরিচিত।

স্নেক প্ল্যান্ট- মজবুত আর উজ্জ্বল পাতাওয়ালা এই গাছ রাতেও অক্সিজেন ছাড়ে। চোখের ক্লান্তি দূর করতে এর পাতার দিকে তাকানো যেতে পারে। টেবিলের একপাশে রাখলেই ঘরের শোভা বেড়ে যায়।

জেড প্ল্যান্ট- ছোট আকৃতির এই গাছটিকে বলা হয় ‘লাকি প্ল্যান্ট’। অল্প পানিতেই বেঁচে থাকে এবং ডেস্কে খুব কম জায়গা নেয়।

ইংলিশ আইভি- বাতাস বিশুদ্ধ রাখতে সাহায্য করে এই লতানো গাছটি। হ্যাংগিং পটে কিংবা ডেস্কের পাশে রাখতে পারেন, ঘরের সৌন্দর্যও বাড়ায়।

এলোভেরা- শুধু ত্বকের যত্নেই নয়, এই গাছ বাতাস পরিষ্কার রাখতেও কার্যকর। খুব বেশি আলো বা পানির প্রয়োজন হয় না।

লাভ বাম্বু (Lucky Bamboo)- দেখতে সুন্দর এবং জায়গা খুব বেশি লাগে না। কাচের পাত্রে পানি দিয়ে রাখলেই বেড়ে ওঠে। অনেকেই একে সৌভাগ্যের প্রতীক মনে করেন।

কালাথিয়া (Calathea)- বাহারি পাতার এই গাছটি ঘরের পরিবেশে রঙিনতা আনে। আলো কম পেলেও ভালো থাকে, তাই ডেস্কে রাখার জন্য উপযুক্ত।

একটানা কাজের মাঝে একটু বিরতি নিতে চাইলে তাকান আপনার ডেস্কে রাখা ছোট্ট সবুজ গাছটার দিকে। শুধু সাজসজ্জা নয়, মানসিক প্রশান্তি, সতেজতা আর ভালো কাজের উৎসও হতে পারে এই গাছগুলো। তাই আজই নিজের ডেস্কে একটা গাছ জায়গা করে দিন।

Advertisements