মাশরুম রান্নার আগে যা জানতে হবে
মাশরুম বিগত কয়েক বছর ধরে বেশ জনপ্রিয় একটি খাবার হয়ে উঠেছে। এই সুস্বাদু খাবারটি এখন সারা বছরই বাজারে পাওয়া যায়। স্বাদে আলাদা, পুষ্টিতেও ভরপুর এই খাবারে...

মাশরুম বিগত কয়েক বছর ধরে বেশ জনপ্রিয় একটি খাবার হয়ে উঠেছে। এই সুস্বাদু খাবারটি এখন সারা বছরই বাজারে পাওয়া যায়। স্বাদে আলাদা, পুষ্টিতেও ভরপুর এই খাবারে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘ডি’। তবে রান্নার আগে কিছু বিষয় জানা জরুরি, না হলে উপকারের বদলে বিপদও হতে পারে।
প্রথমত মাশরুমের গায়ে মাটি, ধুলোবালি ও জীবাণু লেগে থাকতে পারে। তাই ভালোভাবে পরিষ্কার না করলে পেট খারাপের আশঙ্কা থাকে।
রান্নার আগে অবশ্যই সঠিকভাবে ধুয়ে নিন। তবে মনে রাখবেন মাশরুম অন্যান্য সবজির মতো ধোয়া যায় না। অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে এর স্বাদ আর রং নষ্ট হয়ে যেতে পারে।

মাশরুম পরিষ্কারের সবচেয়ে ভালো উপায় হলো প্রথমে শুকনা কাপড় বা নরম ব্রাশ দিয়ে ময়লা ঝেড়ে ফেলা। তারপর হালকা পানি দিয়ে ধুয়ে নেওয়া। এরপর পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে আলতো করে মুছে নিন। চেপে মুছবেন না, নরম হওয়ায় মাশরুম ভেঙে যেতে পারে।
মাশরুম কেনার সময়ও সতর্ক থাকতে হবে। সব সময় চেষ্টা করুন তাজা মাশরুম কেনার। যদি গায়ে দাগ বা পচা দিক দেখা যায় তবে সেটা না নেওয়াই ভালো। তাজা মাশরুম ফ্রিজে রেখে কয়েকদিন সংরক্ষণ করা যায়।

আর একটা বিষয় অনেকে জানেন না।মাশরুমের গোড়ার দিকও খাওয়া যায় যদি সেখানে পচন না থাকে। পচে গেলে অবশ্যই সেই অংশ ফেলে দিতে হবে।মোট কথা মাশরুম রান্না করতে গেলে একটু যত্ন নিতে হয়। সঠিকভাবে পরিষ্কার ও সংরক্ষণ করলে এই পুষ্টিকর খাবার থেকে শরীর পাবে প্রয়োজনীয় উপকার।


