১১ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৭ ভাদ্র ১৪৩৩
জীবনযাপন

প্লেনে যেসব খাবার নেওয়া নিষেধ

food_20231031_104924982

বিদেশ ভ্রমণ হোক বা দেশের ফ্লাইট অনেকেই প্লেনে চড়ার সময় নিজের পছন্দের খাবার সঙ্গে রাখতে চান। কিন্তু বিমানবন্দরের নিরাপত্তা এবং কাস্টমস আইন অনুযায়ী সব ধরনের খাবার সঙ্গে নেওয়া যায় না। বিশেষ কিছু খাবার নিরাপত্তার জন্য আবার কিছু খাবার গন্ধ বা প্যাকেজিংয়ের কারণে সীমিত বা নিষিদ্ধ। ঝামেলা এড়াতে তাই আগে থেকেই জেনে নিন। কোন খাবারগুলো প্লেনে নেওয়া ঠিক হবে না।

১. তরলজাতীয় খাবারপানির বোতল, দুধ, জুস, স্যুপ বা তরকারির মতো তরল জাতীয় খাবার ১০০ মিলিলিটারের বেশি হলে হাতব্যাগে (হ্যান্ড লাগেজ) বহন করা নিষেধ। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী শুধু ছোট ও স্বচ্ছ প্যাকেটে করে নির্দিষ্ট নিয়মে এসব তরল বহন করা যায়।

২. তীব্র গন্ধযুক্ত খাবারশুঁটকি, কাঁচা পেঁয়াজ, বেশি মসলা দেওয়া রান্না কিংবা ভুনা জাতীয় খাবার সঙ্গে নেওয়া আইনত নিষিদ্ধ না হলেও অধিকাংশ এয়ারলাইনের নীতিমালায় নিরুৎসাহিত করা হয়। গন্ধে অন্য যাত্রীদের অস্বস্তি হতে পারে বলেই এই নিয়ম।

৩. কাঁচা ফল ও সবজিবিশেষ করে আন্তর্জাতিক ফ্লাইটে আম, কাঁঠাল, কলা কিংবা শাক–সবজি নেওয়া কঠোরভাবে নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত। অনেক দেশে বায়োসিকিউরিটি আইনের কারণে এসব খাদ্য বহন করলে জরিমানা হতে পারে, যদি আগে থেকে ঘোষণা না দেওয়া হয়।

৪. দুধ ও দুগ্ধজাত পণ্যঘি, ছানা, দই বা কাঁচা দুধের মতো পণ্যে জীবাণুর আশঙ্কা থাকে। তাই এসব বহন করতে হলে দেশের আইন ও কাস্টমস নিয়ম আগে দেখে নিতে হবে।

৫. বড় পাত্রে রান্না করা খাবারবড় কনটেইনারে করে ভাত, খিচুড়ি বা ঝোলজাতীয় খাবার বহন করা নিরাপত্তার কারণে ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়। বিশেষ করে যদি খাবারটি তরল বা আধা তরল হয়, তবে তা বহনের অনুমতি নাও মিলতে পারে।

৬. নিজে প্যাক করা খাবারবাসা থেকে নিজে প্যাক করা খাবার অনেক সময় সন্দেহের তালিকায় পড়ে। খাবারটি কীভাবে তৈরি ও সংরক্ষণ করা হয়েছে—তা বোঝা না গেলে নিরাপত্তাকর্মীরা সেটি ফেলে দিতে বলেন।

৭. বেশি পরিমাণ খাবার বা বাণিজ্যিক প্যাকেটআত্মীয়ের জন্য একাধিক প্যাকেট বা বড় প্যাকিং করে শুকনা খাবার নেওয়া হলে সেটা বাণিজ্যিক হিসেবে ধরা হতে পারে। তখন শুল্ক বা কাস্টমস ক্লিয়ারেন্স লাগতে পারে।

ভ্রমণের আগে যা করবেন

প্রতিটি দেশ ও এয়ারলাইনের নিজস্ব নিয়ম রয়েছে। তাই ভ্রমণের আগে এয়ারলাইনের ওয়েবসাইট বা কাস্টমস গাইডলাইন পড়ে নিন। খাবার নিতে হলে শুকনা ও হালকা কিছু বেছে নিন, ভালোভাবে প্যাক করুন এবং তীব্র গন্ধ বা তরলজাতীয় খাবার এড়িয়ে চলুন।

Advertisements