বাংলাদেশের নারী ও জীবনধারার ম্যাগাজিনসোমবার, ১১ মে, ২০২৬
জীবনযাপন

শেফের টুপি কেন এত লম্বা হয়?

রেস্তোরাঁয় ঢুকতেই রান্নাঘরের কাঁচের ওপাশে নজর কাড়ে তিনি। তাঁর মাথায় থাকে এক বিশেষ সাদা টুপি। অনেকের চোখে এটি শেফের পরিচয়ের প্রতীক। কিন্তু কখনো কি...

IMG_7135

রেস্তোরাঁয় ঢুকতেই রান্নাঘরের কাঁচের ওপাশে নজর কাড়ে তিনি। তাঁর মাথায় থাকে এক বিশেষ সাদা টুপি। অনেকের চোখে এটি শেফের পরিচয়ের প্রতীক। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই টুপি এত লম্বা কেন?

এই টুপি ফ্যাশন নয় বরং এক দীর্ঘ ঐতিহ্য ও বাস্তব প্রয়োজনের অংশ। মূলত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যই রান্নার সময় শেফরা টুপি পরেন। এতে চুল বা ঘাম খাবারে পড়ে না। তবে টুপির উচ্চতা আবার বলে দেয় সেই শেফ রান্নাঘরে কতটা অভিজ্ঞ বা গুরুত্বপূর্ণ। অনেক জায়গায় হেড শেফ ও স্যু শেফই পরেন উঁচু টুপি। এটি একধরনের ‘রান্নাঘরের র‍্যাঙ্ক ব্যাজ’।

এই টুপির ইতিহাসও বেশ পুরনো। খ্রিষ্টপূর্ব সপ্তম শতকে অ্যাসিরীয় রাজা রান্নার লোকদের আলাদা টুপি পরতে বাধ্য করেছিলেন। রাজাকে যেন কেউ বিষ খাইয়ে পালাতে না পারে। এরপর বহু সময় পেরিয়ে ফরাসি শেফ মারি আন্তোয়ান ক্যারেম রান্নাঘরে আনলেন সামরিক শৃঙ্খলা আর সেই সঙ্গে উঁচু টুপি। তাঁর টুপি ছিল প্রায় ১৮ ইঞ্চি উঁচু। পরে অগুস্ত এসকোফিয়ে এটিকে শেফদের পেশাদার মানদণ্ডে রূপ দেন।

শেফ টুপির আরেকটি বৈশিষ্ট্য হলো এর কুঁচি বা প্লিট। লোকমুখে শোনা যায় ১০০টা কুঁচির অর্থ শেফ ডিম রান্না করতে পারেন ১০০ রকমভাবে। যদিও সত্যতা নিয়ে বিতর্ক আছে। তবু এই রীতি চলে আসছে বহু বছর ধরে।

বর্তমানে অবশ্য রান্নাঘরে পরিবর্তনের হাওয়া। কেউ পরেন খাটো স্কাল ক্যাপ, কেউ বিনি, কেউ আবার কাগজের তৈরি হালকা টোক। অনেকে ব্যক্তিত্ব ও সংস্কৃতি ফুটিয়ে তোলেন হেড স্কার্ফে।

আর টুপির রং কেন সাদা? কারণ এটি পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতীক। তবে খোলা কিচেনে আজকাল কালো বা গাঢ় রঙের টুপিও দেখা যায় যাতে দাগ ঢেকে রাখা যায় সহজে। যতই যুগ বদলাক শেফের টুপি আজও এক ঐতিহ্য। এটি শুধু মাথা ঢাকে না। এটি বয়ে আনে গর্ব, যত্ন আর পেশাদারির বার্তা।