১০ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২৬ ভাদ্র ১৪৩৩
স্বাস্থ্য

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে নিয়মিত ব্যায়াম

19-EA440098

শরীরচর্চা শুধু শরীর গঠনের জন্য নয়, এটি ক্যানসার প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখতে পারে। বিশেষ করে স্তন ক্যানসারের মতো জটিল রোগের ঝুঁকি কমাতেও ব্যায়াম সহায়ক হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

স্কয়ার হাসপাতালের অনকোলজি বিভাগের অ্যাসোসিয়েট কনসালট্যান্ট ডা. ফারিয়াহ্ শারমিন বলছেন, “অতিরিক্ত ওজন শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে। এতে স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ায়। কিন্তু নিয়মিত শরীরচর্চা ওজন নিয়ন্ত্রণে রাখে এবং এই ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। শুধু স্তন ক্যানসারই নয়, অন্য অনেক ধরনের ক্যানসারের ক্ষেত্রেও শরীরচর্চা কার্যকর।”

আমেরিকান ক্যানসার সোসাইটির মতে, সুস্থ থাকতে সপ্তাহে অন্তত ১৫০ থেকে ৩০০ মিনিট মাঝারি ধরনের ব্যায়াম করা দরকার। অর্থাৎ সপ্তাহে ৫ দিন প্রতিদিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা হাঁটা, সাইক্লিং বা হালকা দৌড়ের মতো ব্যায়াম করলেই হবে। আর যদি ভারী ব্যায়াম করেন যেমন দ্রুত দৌড়ানো, সাঁতার কাটা, বা কার্ডিও ক্লাস তাহলে সপ্তাহে ৭৫ থেকে ১৫০ মিনিট যথেষ্ট। চাইলে মাঝারি ও ভারী ব্যায়াম মিলিয়ে সময় ভাগ করেও করতে পারেন।

মাঝারি ব্যায়াম যেমন brisk walking (দ্রুত হাঁটা), হালকা সাইক্লিং বা জুম্বা ক্লাস যেখানে ব্যায়াম করতে করতে কথা বলা যায়। কিন্তু গান গাওয়া সম্ভব নয়। কয়েক মিনিট পর হালকা ঘাম হয়। শ্বাসপ্রশ্বাস কিছুটা দ্রুত হয়।

ভারী ব্যায়াম যেমন দৌড়, অ্যারোবিক্স বা ইনটেনসিভ ওয়ার্কআউট যেখানে কয়েকটি শব্দ বলতেই কষ্ট হয়, শ্বাস নিতে হয় থেমে থেমে। খুব দ্রুতই ঘাম হয় এবং হৃদস্পন্দন অনেক বেড়ে যায়।

ব্যায়াম করতে জিমে যাওয়া বাধ্যতামূলক নয়। বাসার ভেতরে, ছাদে বা আশপাশে হাঁটলেও চলবে। তবে সঠিক মাত্রায় করতে হবে। যদি শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা থাকে, তাহলে ব্যায়ামের ধরন ও সময় চিকিৎসকের পরামর্শ নিয়ে নির্ধারণ করাই ভালো।

ডা. ফারিয়াহ্ শারমিন আরও জানান, ব্যায়ামের পাশাপাশি সুষম ও পরিমিত খাদ্যাভ্যাসও স্তন ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে শাকসবজি ও ফল খাওয়া উচিত। চর্বি ও চিনি জাতীয় খাবার কমিয়ে আনতে হবে।

সব মিলিয়ে বলা যায়, সুস্থ ও সঠিক জীবনধারা। এর মধ্যে আছে ব্যায়াম, পরিমিত খাবার এবং ওজন নিয়ন্ত্রণ। এগুলোই স্তন ক্যানসারসহ অনেক রোগ থেকে দূরে রাখার চাবিকাঠি। তাই আজ থেকেই শরীরচর্চাকে জীবনের নিয়মিত অংশ করে নিন।

Advertisements