২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

অক্ষরমালা

image-4702-1644316535

অক্ষরের গায়ে বসে আছে অক্ষর
পিপীলিকার দলবদ্ধ সারি যেন খেজুর গাছে উঠছে
এই অক্ষরটা একটা টিয়া পাখি
ওই অক্ষরের গায়ে ফুটে আছে শালুক
আকাশ থেকে বক ফুলের মতো ঝুলছে একটা অক্ষর। 

 

এই অক্ষরটা আমার পিসি, ওই অক্ষরটা আমার খালাম্মা
নিজে না-খেয়ে আমাকে খেতে দিয়েছে একটা অক্ষর
জ্বরের মাথায় ঠাণ্ডা কোমল স্নেহের হাত, গুলে দিয়েছে সাবু। 

 

এই অক্ষরটা তিরতিরে একটা নদী, ওই অক্ষরটা মাটির চুলোতে আগুন
এই অক্ষরটা গোলা ভরা ধান, ওই অক্ষরটা পুঁইমাচা
জ্যান্ত কইমাছের মতো লাফিয়ে চলেছে অক্ষর
কচুরিপানা গলা জলে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধার উদ্ধত রাইফেল। 

 

Advertisements

এই অক্ষরটা ভাটিয়ালি গান ওই অক্ষরটা লালন ফকির
রবীন্দ্রনাথ আর নজরুল হাতে হাত রেখে আমার বুকের ওপর ব্ল্যাকবোর্ডে পুঁতে দিয়েছে অক্ষরের চারা
এই সব কিছু মিলেই আমার অক্ষরমালা, আমার শোক-তাপ কান্না জড়ানো বাংলা ভাষা। 

 

 

Advertisements