নতুন পোশাক পরার আগে ধোয়া উচিত কেন?

নতুন পোশাক কেনার আনন্দই আলাদা। পছন্দের পোশাকটি হাতে পাওয়ার পর অনেকে অপেক্ষা করতে চান না। দোকান থেকে কিনে আনা হোক কিংবা অনলাইনে অর্ডার করা—নতুন পোশাকটি পরে দেখতে ইচ্ছা করে। তবে বাহারি নকশা আর ঝকঝকে রঙের আড়ালে পোশাকে থেকে যেতে পারে উৎপাদনপ্রক্রিয়ায় ব্যবহৃত রাসায়নিক, অতিরিক্ত রং কিংবা ধুলোবালি। তাই নতুন পোশাক পরার আগে একবার ধুয়ে নেওয়া ভালো কি না, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে।
কেন ধোয়া প্রয়োজন
কাপড় তৈরি থেকে শুরু করে পোশাক সেলাই, রং করা, প্যাকেজিং এবং দোকানে পৌঁছানো পর্যন্ত নানা ধাপের মধ্য দিয়ে যেতে হয়। এ সময় কাপড়ে লেগে থাকতে পারে উৎপাদনপ্রক্রিয়ায় ব্যবহার করা রাসায়নিক উপাদান, রং কিংবা কাপড় মসৃণ ও শক্ত রাখার জন্য ব্যবহার করা হয় স্টার্চজাতীয় পদার্থ। কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফাইবার সায়েন্সের প্রভাষক ফ্রান্সেস কোজেনের মতে, নতুন পোশাক ধুয়ে নিলে এসব অবশিষ্ট উপাদানের পাশাপাশি উৎপাদন ও পরিবহনের সময় জমে থাকা ময়লা দূর হয়। বিশেষ করে অন্তর্বাস, টি-শার্ট, শার্ট কিংবা শরীরের সঙ্গে সরাসরি লেগে থাকে এমন পোশাক প্রথমবার পরার আগে ধুয়ে নিন। কারণ এসব পোশাক দীর্ঘ সময় ত্বকের সংস্পর্শে থাকে। দোকানে রাখা পোশাক অনেকে হাতে নেড়েচেড়ে দেখেন, আবার অনেকে ট্রায়াল রুমে পরে দেখেন। ফলে পোশাকে অন্যের হাতের স্পর্শ কিংবা কিছু জীবাণু থেকে যায়।
ত্বকের অস্বস্তি এড়াতে
নতুন পোশাক সবার ত্বকে একই রকম প্রতিক্রিয়া সৃষ্টি করে না। তবে যাদের ত্বক সংবেদনশীল, অ্যালার্জির রয়েছে কিংবা সহজে চুলকানি ও ফুসকুড়ি হয়, তাদের ক্ষেত্রে নতুন পোশাকের কিছু রাসায়নিক উপাদান বা রং অস্বস্তির কারণ হতে পারে। ফ্যাশন ইনস্টিটিউট অব টেকনোলজির টেক্সটাইল ও সারফেস ডিজাইন বিভাগের চেয়ার নোমি ডেল ক্লেইনম্যানের মতে, পোশাকে উৎপাদনপ্রক্রিয়ার কিছু উপাদান থেকে যায়, যা সরাসরি ত্বকের সংস্পর্শে আসতে পারে। নতুন পোশাক পরলেই যে ত্বকে সমস্যা হবে, এমন নয়। ত্বক সংবেদনশীল না হলে অনেকে না ধুয়েও পোশাক পরতে পারেন।
রঙিন পোশাকের ক্ষেত্রে সতর্কতা
নীল জিনস, লাল জামা কিংবা উজ্জ্বল রঙের পোশাক থেকে প্রথম কয়েকবার ধোয়ার সময় রং বের হয়। এতে অন্য পোশাকে রং লেগে যাওয়ার ভয় থাকে। তাই নতুন গাঢ় বা উজ্জ্বল রঙের পোশাক প্রথমবার আলাদাভাবে অথবা একই ধরনের রঙের পোশাকের সঙ্গে ধোয়া ভালো। এতে অন্য কাপড়ের রং নষ্ট হওয়ার ঝুঁকি কমে যায়।
ধোয়ার আগে যা খেয়াল রাখবেন
নতুন পোশাক ধোয়ার ক্ষেত্রে প্রথমে দেখে নিতে হবে পোশাকের সঙ্গে থাকা কেয়ার লেবেল। সেখানে উল্লেখ করা নির্দেশনা অনুযায়ী পোশাক পরিষ্কার করুন। বিশেষ করে যেসব পোশাকে ড্রাই ক্লিন অনলি লেখা থাকে, সেগুলো সাধারণ পানিতে ধোয়া ঠিক নয়। কাপড়ের রং ও আকৃতি দীর্ঘদিন ভালো রাখতে ঠান্ডা পানি ব্যবহার করা যেতে পারে। অতিরিক্ত গরম পানি কিংবা উচ্চ তাপে ড্রায়ারে শুকালে কিছু কাপড়ের রং ফিকে হয়ে যায়, আবার পোশাক সংকুচিত বা আকৃতিতে পরিবর্তন আসে। তাই সম্ভব হলে কম তাপে শুকানো কিংবা বাতাসে মেলে শুকানো ভালো। সুতির কিছু পোশাক প্রথমবার ভেজার পর সামান্য সংকুচিত হতে পারে। উৎপাদনপ্রক্রিয়ায় কাপড় টানটান অবস্থায় রাখা হয় বলে ধোয়ার পর সেই অবস্থা কিছুটা কমে আসে। ফলে পোশাকের মাপেও পরিবর্তন দেখা দেয়।
সংক্ষেপে বলা যায়, নতুন পোশাক পরার আগে একবার ধুয়ে নিন। তাতে ত্বকের সমস্যার আশঙ্কা থাকবে না এবং পোশাক আরামদায়ক হবে।
সূত্র: রিয়েল সিম্পল



