২৯ নভেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিশ্ব

নতুন চাকরির আনন্দ উদযাপনে মন্দিরযাত্রা, পথেই নিভে গেল একই পরিবারের ১৩ প্রা’ণ

images (33)

একজনের সরকারি চাকরি পাওয়ার আনন্দ উদযাপন করতে পরিবারের সদস্যরা যাচ্ছিলেন মন্দিরে প্রার্থনা করতে। কিন্তু আনন্দঘন সেই যাত্রা শেষ হলো এক হৃদয়বিদারক দুর্ঘটনায়। ভারতের ঝাড়খণ্ডের রামগড় জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৪ সদস্যের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। গুরুতর আহত অবস্থায় বেঁচে আছেন পরিবারের আরেক সদস্য।

রোববার (২৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টা থেকে ২টার মধ্যে রামগড় জেলার পেইনকি গ্রামের কাছে জাতীয় মহাসড়ক-৩৩-এ এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা সবাই ভারতের বিহার রাজ্যের নালন্দা জেলার জাংহারো গ্রামের বাসিন্দা। তারা একটি স্করপিও গাড়িতে করে ঝাড়খণ্ডের রাজরাপ্পায় অবস্থিত মা ছিন্নমস্তিকা মন্দিরের উদ্দেশে রওনা হয়েছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পরিবারের সদস্য অমৃতা কুমারী সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে চাকরি পেয়েছিলেন। তার এই সাফল্য উদযাপন এবং মন্দিরে প্রার্থনার উদ্দেশ্যেই পরিবারের সদস্যরা একসঙ্গে যাত্রা করেছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই দুর্ঘটনায় অমৃতা কুমারীরও মৃত্যু হয়।

পরিবারের আরেক সদস্য চন্দন কুমার জানান, তারা সবাই মন্দিরে প্রার্থনা করতে যাচ্ছিলেন। তার ভাই গাড়িটি চালাচ্ছিলেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দ্রুতগতিতে চলা স্করপিওটি পেছন থেকে একটি অজ্ঞাতপরিচয় গাড়িকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় স্করপিওটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা গাড়ির ভেতরে আটকা পড়েন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে গাড়িতে থাকা ১৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা ১৩ জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত একজন বর্তমানে রামগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রামগড়ের মহকুমা পুলিশ কর্মকর্তা অলোক রঞ্জন জানিয়েছেন, বিহারের নিবন্ধন নম্বরযুক্ত একটি স্করপিও নালন্দা থেকে রাজরাপ্পা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে বলে পুলিশ খবর পায়। গাড়িটিতে মোট ১৪ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করতে তদন্ত চলছে।

Advertisements

একটি নতুন চাকরিকে ঘিরে পরিবারের সদস্যদের মধ্যে ছিল আনন্দ, স্বপ্ন আর উদযাপনের প্রস্তুতি। সেই আনন্দ ভাগাভাগি করতে একসঙ্গে মন্দিরের পথে বের হওয়া পরিবারটির ১৩ সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে স্বজন ও গ্রামবাসীদের মধ্যে। একটি পরিবারের হাসি-আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে অপূরণীয় শোক ও বেদনায়।

Advertisements