২৮ নভেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশ

কারাফটকে শেষ বারের মতো প্রতিবন্ধী সন্তানের মুখ দেখলেন কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী

WhatsApp Image 2026-11-28 at 1.58.37 PM

কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী কারাবন্দী শারমিন সুলতানা শর্মীর প্রতিবন্ধী ছেলে মারা গেছে। প্যারোলে মুক্তি না মেলায় শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে নিয়ে গিয়ে মাকে শেষবারের মতো ছেলের মুখ দেখানো হয়।

নিহত কিশোরের নাম নিস্বর্গ হোসেন তূর্য (১৫)। শুক্রবার রাত ১১টার দিকে সে মারা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিস্বর্গের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে।

শারমিন সুলতানার স্বামী শাহাদাৎ হোসেন নিপু দুপুরে গণমাধ্যমকে জানান, দুপুর ১২টার দিকে কারাফটকে শারমিন সুলতানা তার মৃত সন্তানকে শেষবারের মতো দেখেছেন।

এর আগে বেলা ১১টার দিকে শাহাদাৎ হোসেন জানান, কারা কর্তৃপক্ষ তাকে বলেছে, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শারমিন সুলতানাকে কারাগারের বাইরে নেওয়া সম্ভব নয়।

এ বিষয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম বলেন, তাদের প্রতিবন্ধী সন্তান মারা গেছে। মৃত সন্তানের লাশ শেষবারের মতো দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করা হয়েছিল। বিধিমোতাবেক নিরাপত্তা নিশ্চিত করে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মানবিক বিবেচনায় কারাফটকে মুখ দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

এদিকে নিস্বর্গের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শারমিন সুলতানার আগে দেওয়া বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে সন্তানের অসুস্থতার কথা বলতে ও মুক্তির কথা বলতে শোনা যায়। ভিডিওতে তিনি বলেন, আমার বাচ্চাটা অসুস্থ। প্রতিবন্ধী বাচ্চা আমার। সারা রাত ওকে ওষুধ দিতে হয়। মা-বাবা ছাড়া দেখার কেউ নেই। আমাকে বাসা থেকে মব করে তুলে আনা হয়েছে। আমি অপরাধী হলে বাসায় থাকতাম না।

Advertisements

উল্লেখ্য, গত ৩ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় শারমিন সুলতানাকে (৪৪) গ্রেপ্তার করে লালবাগ থানা-পুলিশ। পুলিশ জানায়, শারমিন সুলতানা নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Advertisements