২৮ নভেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

আলাদা হওয়া আর ডিভোর্স এক নয়: ন্যান্সি

Nancy-2

স্বামী মহসিন মেহেদীর সঙ্গে আলাদা থাকলেও তাদের মধ্যে এখনো বিবাহবিচ্ছেদ হয়নি বলে জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি পরিষ্কার করেছেন তিনি।

গত ২৫ নভেম্বর ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ন্যান্সি লিখেছিলেন, ‘মেহেদী এবং আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তা আজ শেষ হলো।’ তাঁর এই পোস্টের পরই স্বামী মহসিন মেহেদীর সঙ্গে বিবাহবিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে।

পরে স্ট্যাটাসটি সরিয়ে নেওয়ার পাশাপাশি নিজের ফেসবুক অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করেন এই সংগীতশিল্পী।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে কথা বলে নিজের অবস্থান ব্যাখ্যা করেন ন্যান্সি। তিনি জানান, ফেসবুক থেকে স্ট্যাটাস সরিয়ে নেওয়া এবং অ্যাকাউন্ট বন্ধ করার পেছনে নির্দিষ্ট কারণ রয়েছে।

ন্যান্সির ভাষ্য, তিনি স্বামীর সঙ্গে আলাদা থাকার কথা জানিয়েছিলেন। কিন্তু বিষয়টিকে বিবাহবিচ্ছেদ হিসেবে উপস্থাপন করা হবে, তা বুঝতে পারেননি। এ কারণে বিভ্রান্তি এড়াতে স্ট্যাটাসটি সরিয়ে নিয়েছেন।

ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার কারণ জানিয়ে তিনি বলেন, পোস্ট মুছে ফেলার পরও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা নেতিবাচক মন্তব্য করা হচ্ছিল। এসব পরিস্থিতি এড়াতেই অ্যাকাউন্টটি বন্ধ করেছেন।

Advertisements

স্বামীর সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে ন্যান্সি বলেন, ‘আলাদা হওয়া আর ডিভোর্স এক নয়। বিষয়টি কিছু সংবাদমাধ্যম এমনভাবে উপস্থাপন করেছে, যেন বেশ আগে ডিভোর্স হয়ে গেছে আমাদের। আমি আপাতত তার (মহসিন মেহেদী) থেকে আলাদা থাকছি। মানুষ তো মান-অভিমান করেও আলাদা থাকে। আমাদের মধ্যকার বিষয়টি ঠিক এতটুকুই।’

উল্লেখ্য, ২০২১ সালের আগস্টের শেষ দিকে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ন্যান্সি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে পারিবারিক আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এটি সংগীতশিল্পীর তৃতীয় বিয়ে।

ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত প্রকাশ্যে খুব বেশি কথা বলেন না ন্যান্সি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট ঘিরে বিবাহবিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ায় এবার নিজের অবস্থান পরিষ্কার করলেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, স্বামীর সঙ্গে আপাতত আলাদা থাকলেও তাঁদের বৈবাহিক সম্পর্কের আনুষ্ঠানিক ইতি ঘটেনি।

Advertisements