বদলির আদেশের দাবিতে প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে নারী শিক্ষকরা

বদলির আদেশ জারির দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে বসেছেন বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত নারী শিক্ষকরা। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় ‘সাধারণ বদলি প্রত্যাশী নারী শিক্ষকবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচি শুরু করেন তারা।
শিক্ষকদের বদলির আবেদন গ্রহণের প্রক্রিয়া শেষ হলেও এখনো বদলির ফল প্রকাশ করা হয়নি। জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল। এ সময় সাড়ে ১৩ হাজারের বেশি আবেদন জমা পড়ে।
বদলির ফল প্রকাশের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করলেও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় তা প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও বদলির ফল প্রকাশ না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন আবেদনকারী শিক্ষকরা। তাদের অভিযোগ, বদলি নীতিমালায় পরিবর্তন আনার কথা বলে দীর্ঘদিন ধরে ফল প্রকাশে বিলম্ব করা হচ্ছে। এভাবে সময়ক্ষেপণের কারণে শিক্ষকরা আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন।
অনশনরত নারী শিক্ষকরা নিজ জেলা কিংবা বাড়ির কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে বদলির দাবি জানিয়েছেন। একই সঙ্গে দ্রুত বদলির আদেশ জারির আহ্বান জানিয়ে তারা বলেন, অন্য জেলায় চাকরি করার কারণে অনেকের পারিবারিক জীবনে সংকট তৈরি হচ্ছে। সন্তান ও পরিবারের কাছ থেকে দূরে থাকায় নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাদের।
এক নারী শিক্ষক বলেন, ‘আমাদের চাকরি নীতিমালা হয়েছে। সরকার আমাদের বদলি চালু করেছে এবং আবেদন করেছি। এখন আমরা বদলির আদেশ চাই। আমরা আমাদের পরিবারের কাছে ফিরতে চাই এবং সন্তানের কাছে ফিরতে চাই। আমার মতো অনেক শিক্ষিকা শুধু বদলির আদেশের জন্য রাস্তায় এসে বসেছেন।’
বদলির আদেশ জারি না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।



