৮৬ বছর বয়সী মায়ের জন্য পাহাড়ে সিঁড়ি বানালেন পাঁচ ভাই-বোন

মায়ের বয়স ৮৬ বছর। জীবনের বেশির ভাগ সময় কেটেছে পাহাড়ের কোলে থাকা পুরোনো বাড়িতে। বয়সের ভারে একসময় সেই বাড়ি ছেড়ে নিচে নেমে আসতে হয়েছিল তাঁকে। কিন্তু মন পড়ে থাকত পাহাড়ের সেই চেনা পরিবেশে। মায়ের সেই দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করতে নিজেদের অর্থ ও শ্রম দিয়ে পাহাড়ের বুকে ৪৩০ ধাপের পাথরের সিঁড়ি তৈরি করেছেন পাঁচ ভাই-বোন।
চীনের ঝেজিয়াং প্রদেশের ইউয়েচিং শহরের ইয়াননান গ্রামের এই ঘটনা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত। পাহাড়ের খাড়া ঢাল বেয়ে এঁকেবেঁকে উঠে যাওয়া সিঁড়িটিতে রয়েছে ১১টি বাঁক। স্থানীয়ভাবে এটি পরিচিতি পেয়েছে ‘মাতৃভক্তির সিঁড়ি’ নামে। আর পাঁচ ভাই-বোনকে অনেকে অভিহিত করছেন আধুনিক যুগের ‘পাহাড় সরানো বোকা বৃদ্ধ’ হিসেবে।
পাহাড়ের পুরোনো বাড়িতে ফিরতে চেয়েছিলেন মা
হুয়াং পরিবারের মা চেন মাত্র ১৫ বছর বয়সে এই পরিবারে পুত্রবধূ হয়ে এসেছিলেন। এরপর জীবনের দীর্ঘ সময় কেটেছে পাহাড়ের বাড়িতে। পাহাড়ের জমিতে চাষাবাদ, শূকর পালনসহ নানা কাজ করে সংসার সামলেছেন তিনি। ২০ বছরেরও বেশি আগে স্বামীর মৃত্যুর পরও নিজের চেনা পরিবেশেই ছিলেন।
একসময় বাড়িটি জরাজীর্ণ হয়ে পড়লে সন্তানরা তাঁকে পাহাড়ের নিচে ফুরং টাউনে নিয়ে যান। সেখানে বড় ও মেজ ছেলে পালা করে মায়ের দেখাশোনা করতেন। কিন্তু পাহাড়ের বাড়ি ছেড়ে আসার পরও সেখানে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা কমেনি চেনের।
সন্তানদের ভাষ্য, নিচের এলাকায় জীবনযাপনের সব সুবিধা থাকলেও মা বারবার বলতেন, পাহাড়েই তাঁর ভালো লাগে। বসন্তে বাঁশকোড়ল সংগ্রহ, ছিংমিং উৎসবে পূর্বপুরুষদের কবর পরিষ্কার কিংবা গরমের দিনে পাহাড়ের শীতল পরিবেশে সময় কাটানো—সবকিছুর সঙ্গেই জড়িয়ে ছিল তাঁর আবেগ।
২০২৩ সালে পরিবারের সদস্যরা পুরোনো বাড়িটি সংস্কার করে আবার বসবাসের উপযোগী করে তোলেন। এতে পাহাড়ে ফিরে থাকার ইচ্ছা আরও প্রবল হয় চেনের।
পুরোনো পথ ছিল বিপজ্জনক
পাহাড়ের বাড়িতে যাওয়ার আগের পথটি ছিল অত্যন্ত দুর্গম। উত্তর-পূর্ব দিকের সেই পথ স্যাঁতসেঁতে, খানাখন্দে ভরা এবং ঘন আগাছায় ঢাকা ছিল। কোথাও কোথাও আগাছা মানুষের চেয়েও উঁচু হয়ে উঠেছিল। সাপ ও বিভিন্ন পোকামাকড়ের ভয়ও ছিল।
হুয়াং পরিবারের সদস্য হুয়াং শুনফা জানান, সন্ধ্যা নামতে শুরু করলে পাহাড়ে বেড়ে ওঠা মানুষও ওই পথে হাঁটতে ভয় পেতেন। ধীরে ধীরে হাঁটলে পাহাড়ের বাড়িতে পৌঁছাতে প্রায় ৩০ মিনিট সময় লাগত।
মায়ের ফিরে যাওয়ার ইচ্ছা এবং পুরোনো পথের ঝুঁকি বিবেচনা করে পাঁচ ভাই-বোন এক দশকেরও বেশি সময় ধরে একটি নিরাপদ পথ তৈরির কথা ভাবছিলেন। তবে অর্থের অভাবে এত দিন পরিকল্পনাটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
অবশেষে এ বছর তাঁরা পাহাড়ের দক্ষিণ পাশের দীর্ঘদিনের পরিত্যক্ত একটি পুরোনো পথ সংস্কারের সিদ্ধান্ত নেন। প্রথম দিকে কাজের নিরাপত্তা ও ব্যয় নিয়ে ভাই-বোনদের মধ্যে মতভেদ থাকলেও পরে সবাই একমত হন। সিদ্ধান্ত হয়, যাঁর অর্থ দেওয়ার সামর্থ্য আছে, তিনি অর্থ দেবেন; আর যাঁর শারীরিক সামর্থ্য আছে, তিনি শ্রম দেবেন।
মায়ের সঞ্চয়ের ৫০ হাজার ইউয়ানেও এগিয়ে যায় কাজ
আগস্টের প্রচণ্ড গরমে শুরু হয় নির্মাণকাজ। পুরো প্রকল্পের সমন্বয়ের দায়িত্ব নেন হুয়াং ঝুলিয়ান। তাঁর দুই ভাই হুয়াং শুনফা ও হুয়াং শুনপিংসহ পরিবারের অন্য সদস্যরা পাথর বহন, সিমেন্ট তৈরি ও নির্মাণের কঠিন কাজগুলো করেন। বোন হুয়াং হেলান এবং পরিবারের অন্য সদস্যরাও ব্যবস্থাপনা ও বিভিন্ন কাজে সহযোগিতা করেন।
কিন্তু কাজ শুরুর পর দেখা যায়, খরচ প্রত্যাশার চেয়ে অনেক বেশি হচ্ছে। নির্মাণকাজের মাঝামাঝি সময়েই ব্যয় দাঁড়ায় ৫০ থেকে ৬০ হাজার ইউয়ান। পাহাড়ের খাড়া অংশে হাতে করে নির্মাণসামগ্রী বহন করাও ছিল বেশ কষ্টসাধ্য। একপর্যায়ে কাজ বন্ধ করে দেওয়ার কথাও ভাবতে হয় পরিবারকে।
এ সময় হুয়াং ঝুলিয়ানের ছেলে ড্রোনের সাহায্যে নির্মাণসামগ্রী বহনের পরামর্শ দেন। অন্যদিকে, পরিবারের সবচেয়ে আবেগঘন সহযোগিতাটি আসে মা চেনের কাছ থেকে। তিনি নিজের অবসরকালীন সঞ্চয় থেকে ৫০ হাজার ইউয়ান সন্তানদের হাতে তুলে দেন।
নববর্ষের উপহার ও পেনশনের অর্থ থেকে বহু বছর ধরে এই টাকা জমিয়েছিলেন তিনি। সাধারণত প্রয়োজন ছাড়া নিজের সঞ্চয় খরচ করতে চাইতেন না চেন। কিন্তু সন্তানদের উদ্যোগ সফল করতে নিজের জমানো অর্থ দিতেও দ্বিধা করেননি।
মায়ের এই সহযোগিতায় আবার গতি ফিরে পায় নির্মাণকাজ।
৪৩০ ধাপ পেরিয়ে মাত্র সাত-আট মিনিটে পাহাড়ে ওঠা
অবশেষে চলতি বছরের অক্টোবরের শেষ দিকে সিঁড়ি নির্মাণের কাজ শেষ হয়। ৪৩০ ধাপের এই পাথরের সিঁড়িতে রয়েছে ১১টি বাঁক। খাড়া পাহাড়ের গা বেয়ে উঠে যাওয়া পথটির এক পাশে রয়েছে গভীর খাদ। নিরাপত্তার জন্য সেখানে বাঁশের রেলিং ও তারের জাল লাগানো হয়েছে।
আগে যেখানে পাহাড়ের বাড়িতে পৌঁছাতে প্রায় ৩০ মিনিট সময় লাগত, এখন নতুন সিঁড়ি দিয়ে উঠতে লাগে মাত্র সাত থেকে আট মিনিট।
নির্মাণকাজ শেষ হওয়ার পর চেনও ফিরে যান তাঁর বহুদিনের পরিচিত বাড়িতে। হুয়াং ঝুলিয়ান সাংবাদিকদের মায়ের পাহাড়ে ওঠার একটি ভিডিও দেখান। সেখানে দেখা যায়, পরিবারের সদস্যরা সামনে প্রয়োজনীয় জিনিসপত্র ও খাবার নিয়ে হাঁটছেন। আর পেছনে বাঁশের লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠছেন চেন।
তবে হুয়াং ঝুলিয়ান জানান, সিঁড়িটি শুধু মায়ের জন্য নয়; পরিবারের সন্তান, নাতি-নাতনি এবং অন্য সদস্যদের যাতায়াত সহজ করতেও তৈরি করা হয়েছে। মা নিয়মিত পাহাড়ে ওঠানামা না করলেও পরিবারের সদস্যরা মাঝেমধ্যে সেখানে যান এবং হাঁটাহাঁটির মাধ্যমে শরীরচর্চা করেন।
পাহাড়ের বাড়িতে ফিরে স্বস্তিতে চেন
বর্তমানে পাহাড়ের পুরোনো বাড়িতে বেশ সাধারণ জীবন কাটাচ্ছেন চেন। নিজের হাতে শাকসবজি চাষ করেন, কাপড় কাচেন, উঠান পরিষ্কার করেন। কখনো আবার উঠানে বসে রোদ পোহান। বড় মেয়ে হুয়াং হেলান মূলত তাঁর দেখাশোনা করেন। অন্য ভাই-বোনেরাও সময়-সুযোগ পেলেই মাকে দেখতে আসেন।
পাহাড়ে ফিরে থাকার কারণ জানতে চাইলে হাসিমুখে চেন বলেন, ‘সকালে ঘুম থেকে উঠলে রোদ পাই, আর সূর্য ডোবার পর বিশ্রাম নিই। পাহাড়ের বাতাস নির্মল। এখানে আমার জীবন খুব আরাম ও আনন্দের।’
পর্যটকদের আগ্রহ, উঠেছে পরিবেশ নিয়ে প্রশ্নও
সিঁড়ি নির্মাণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইয়াননান গ্রামের এই পাহাড়ি পথ দেখতে আসতে শুরু করেছেন অনেক মানুষ। বিশেষ করে সপ্তাহান্তে পাহাড়ের নিচে পর্যটকদের গাড়ি পার্ক করে রাখতে দেখা যায়। কেউ কেউ পরিবারের উঠানকে অতিথিশালায় রূপান্তরের পরামর্শও দিয়েছেন।
তবে হুয়াং ঝুলিয়ান আপাতত ব্যবসায়িক কোনো পরিকল্পনা করছেন না। তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মা যেন নিজের পছন্দের পরিবেশে ভালো থাকেন।
এদিকে সিঁড়ি নির্মাণ নিয়ে প্রশংসার পাশাপাশি কিছু প্রশ্নও উঠেছে। কেউ জানতে চেয়েছেন, নির্মাণের জন্য বনভূমির জমি দখল করা হয়েছে কি না কিংবা এতে পরিবেশের ক্ষতি হয়েছে কি না।
পরিবারের দাবি, এটি নতুন কোনো রাস্তা নয়। তাঁদের পূর্বপুরুষেরা বহু বছর ধরে এই পথ ব্যবহার করেছেন। তাঁরা শুধু আগাছা পরিষ্কার করে পুরোনো পথের ভিত্তি সংস্কার করেছেন। এ কাজে কোনো গাছ কাটেননি বলেও জানিয়েছেন হুয়াং ঝুলিয়ান।
সব মিলিয়ে ৪৩০ ধাপের এই সিঁড়ি এখন শুধু একটি পাহাড়ি পথ নয়, বরং মায়ের প্রতি সন্তানদের ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতীক। তবে এই গল্পের সবচেয়ে বড় প্রাপ্তি সম্ভবত সিঁড়ি নির্মাণ নয়; বরং ৮৬ বছর বয়সী চেনের নিজের শিকড়ের কাছে ফিরে যাওয়ার সুযোগ পাওয়া। যে পাহাড়ে কেটেছে তাঁর জীবনের সিংহভাগ, জীবনের শেষ অধ্যায়টিও সেখানেই নিজের মতো করে কাটাতে পারছেন তিনি।



