২৭ নভেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

ওটিলিয়ার এক গানের টিকিটের দাম ১৫ হাজার!

IMG_8065

প্রায় এক দশক আগে ‘বিলিওনেরা’ গান দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া রোমানিয়ান পপশিল্পী ওটিলিয়া ব্রুমা আবারও ঢাকায় এসেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় পৌঁছান তিনি। তবে তাকে ঘিরে আয়োজিত কনসার্টের টিকিটের দাম প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কারণ, সামনের সারিতে বসে এই শিল্পীর গান উপভোগ করতে দর্শকদের গুনতে হবে সর্বোচ্চ ১৫ হাজার টাকা।

২০১৬ সালের দিকে ‘বিলিওনেরা’ গানটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা পায়। ইংরেজি ও স্প্যানিশ ভাষার মিশ্রণে তৈরি গানটি বাংলাদেশের শ্রোতাদের কাছেও পরিচিত হয়ে ওঠে। এই একটি গানই মূলত ওটিলিয়াকে এ অঞ্চলের সংগীতপ্রেমীদের কাছে পরিচিত করে তোলে। এরপর বেশ কয়েকটি গান প্রকাশ করলেও ‘বিলিওনেরা’র মতো সাড়া আর কোনো গান পায়নি।

এর আগে ২০২২ সালে ঢাকায় এসেছিলেন ওটিলিয়া। এবার দ্বিতীয়বারের মতো তার আগমন ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন, ‘বিলিওনেরা’ ছাড়া তার আর কোন গান বাংলাদেশের শ্রোতাদের কাছে সমান পরিচিত? একটি গানের জনপ্রিয়তাকে কেন্দ্র করে আয়োজিত কনসার্টে এত বেশি অর্থ খরচ করে দর্শকরা কতটা আগ্রহী হবেন, তা নিয়েও আলোচনা চলছে।

কনসার্টের টিকিটের দাম শুরু হয়েছে ২ হাজার ৫০০ টাকা থেকে। আর সামনের সারিতে বসে অনুষ্ঠান উপভোগ করতে খরচ করতে হবে ১৫ হাজার টাকা পর্যন্ত। অর্থাৎ একজন বিদেশি শিল্পীর পরিবেশনা সরাসরি উপভোগ করতে দর্শকদের বেশ বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হবে।

ওটিলিয়ার জনপ্রিয়তার পরিসংখ্যানেও রয়েছে উল্লেখযোগ্য ব্যবধান। তার সবচেয়ে পরিচিত গান ‘বিলিওনেরা’র অফিশিয়াল মিউজিক ভিডিওতে ইউটিউব ভিউ প্রায় ৭২ কোটি ৫৯ লাখ। অন্যদিকে ‘অ্যাডেলান্তে’ গানটির ভিউ প্রায় ৮ কোটি ৫২ লাখ, ‘ডায়ামান্তে’র ৭ কোটি ৭৫ লাখ, ‘প্রিসিওনেরা’র ৪ কোটি ৩৫ লাখ এবং ‘অ্যাভেনচুরা’র ২ কোটি ৭৮ লাখ। অর্থাৎ তার অন্য কয়েকটি গানও শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছে। তবে সবচেয়ে জনপ্রিয় গানটির সঙ্গে বাকি গানগুলোর ভিউয়ের ব্যবধান অনেক বেশি।

ওটিলিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৪ লাখ ৩ হাজার। এ ছাড়া চলতি বছর তার মঞ্চ পরিবেশনার সংখ্যাও তুলনামূলক কম বলে বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক সংগীতাঙ্গনের বড় তারকাদের নিয়মিত বিশ্বভ্রমণ ও কনসার্ট আয়োজনের সঙ্গে তুলনা করলে তার সাম্প্রতিক মঞ্চ উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে।

Advertisements

তবে শুধু ইউটিউবের ভিউ কিংবা সাবস্ক্রাইবার দিয়ে কোনো শিল্পীর সামগ্রিক জনপ্রিয়তা নির্ধারণ করা যায় না। মঞ্চ পরিবেশনা, শ্রোতাদের আগ্রহ, সংগীতের বৈচিত্র্য এবং আন্তর্জাতিক উপস্থিতিও জনপ্রিয়তা বিবেচনার গুরুত্বপূর্ণ বিষয়।

এদিকে দেশের সংগীতাঙ্গনে জনপ্রিয় ও প্রতিষ্ঠিত শিল্পীর পাশাপাশি ভারতীয় উপমহাদেশেও রয়েছেন অসংখ্য পরিচিত সংগীতশিল্পী। তাদের নিয়ে বড় আয়োজনের সুযোগ থাকা সত্ত্বেও ওটিলিয়াকে ঘিরে এত বড় আয়োজন কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

বিদেশি শিল্পীদের বাংলাদেশে আমন্ত্রণ জানানো নতুন কিছু নয়। তবে কোনো শিল্পীকে নিয়ে বড় আয়োজনের ক্ষেত্রে তার সামগ্রিক জনপ্রিয়তা, সাম্প্রতিক সংগীতচর্চা এবং দেশের শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতার বিষয়গুলো বিবেচনায় নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংগীতপ্রেমীদের একাংশ। এখন দেখার বিষয়, ‘বিলিওনেরা’র জনপ্রিয়তাকে পুঁজি করে ঢাকায় আয়োজিত এই কনসার্টে কতটা সাড়া দেন দর্শকরা।

Advertisements