শিয়ালের হামলায় প্রাণ গেল নিঝুমদ্বীপের সবার প্রিয় হরিণ বিজলীর

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে শিয়ালের আক্রমণে মারা গেছে স্থানীয় বাসিন্দাদের আদরের চিত্রা হরিণ ‘বিজলী’। দীর্ঘ ৯-১০ বছর ধরে দ্বীপের মানুষের সঙ্গে মিশে থাকা হরিণটির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম নিয়াজী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নিঝুমদ্বীপের নামার বাজার এলাকায় শিয়ালের আক্রমণের শিকার হয় বিজলী। এতে তার শরীরের বিভিন্ন অংশ গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয়। পরে আহত অবস্থায় হরিণটির মৃত্যু হয়।
বন বিভাগের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মঙ্গলবার দুপুরে নিঝুমদ্বীপের নামার বাজার জামে মসজিদের কবরস্থানে বিজলীর মরদেহ দাফন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালে বনের মধ্যে অসুস্থ অবস্থায় পাওয়া যায় বিজলীকে। পরে তাকে নামার বাজারে নিয়ে আসা হয়। স্থানীয় বাসিন্দারা দুধ খাইয়ে আদর-যত্নে বড় করে তোলেন হরিণটিকে। মানুষের ভালোবাসা ও সাহচর্যে অভ্যস্ত হয়ে পড়ায় সে আর স্থায়ীভাবে বনে ফিরে যায়নি।
গত ৯-১০ বছরে দ্বীপের মানুষের সঙ্গে বিজলীর গভীর সখ্য গড়ে ওঠে। লোকালয়ে ঘুরে বেড়াত সে। স্থানীয়রা আদর করে তাকে খাবার দিতেন। অনেকের কাছেই বিজলী ছিল পরিবারের সদস্যের মতো। দেশি-বিদেশি পর্যটকদের কাছেও পরিচিত ছিল হরিণটি।
বিজলীকে ঘিরে দ্বীপের মানুষের জমে ছিল অসংখ্য স্মৃতি। দীর্ঘদিনের পরিচিত ও প্রিয় এই হরিণের আকস্মিক মৃত্যুতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নেমে এসেছে গভীর শোক ও দুঃখ।



