মেয়েদের কণ্ঠস্বর তুলনামূলক মিষ্টি হয় কেন?

সাধারণত ছেলেদের তুলনায় মেয়েদের কণ্ঠস্বর বেশি চিকন, মিষ্টি ও সুরেলা শোনায়। তবে ছোটবেলায় ছেলে ও মেয়েদের কণ্ঠস্বরে তেমন পার্থক্য বোঝা যায় না। মূলত বয়ঃসন্ধিকালে হরমোনের প্রভাবে তাদের কণ্ঠস্বরে পরিবর্তন আসে। এর পেছনে রয়েছে স্বরযন্ত্রের গঠন ও হরমোনের বিশেষ ভূমিকা।
কথা বলার সময় আমাদের গলার স্বরযন্ত্রের ভেতরে থাকা স্বরপর্দা বা ভোকাল কর্ডে কম্পন তৈরি হয়। এই কম্পনের মাধ্যমেই শব্দ উৎপন্ন হয়। স্বরপর্দার দৈর্ঘ্য, পুরুত্ব ও কম্পনের গতির ওপর কণ্ঠস্বরের গভীরতা নির্ভর করে। স্বরপর্দা যত পুরু ও দীর্ঘ হয়, কম্পাঙ্ক তত কমে যায়। ফলে কণ্ঠস্বর ভারী ও গম্ভীর শোনায়। অন্যদিকে স্বরপর্দা তুলনামূলক পাতলা ও ছোট হলে কম্পাঙ্ক বেশি হয়। এতে কণ্ঠস্বর অপেক্ষাকৃত চিকন শোনায়।
বয়ঃসন্ধিকালে ছেলেদের শরীরে অ্যান্ড্রোজেন নামের হরমোনের নিঃসরণ বেড়ে যায়। এই হরমোনের প্রভাবে তাদের স্বরযন্ত্রের আকার বড় হয় এবং স্বরপর্দা পুরু ও দীর্ঘ হয়ে ওঠে। ফলে কণ্ঠস্বরের কম্পাঙ্ক কমে যায়। এ কারণেই ছেলেদের গলার স্বর ধীরে ধীরে ভারী ও গম্ভীর হয়ে ওঠে।
অন্যদিকে মেয়েদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের প্রভাব বেশি থাকে। এ সময় তাদের স্বরযন্ত্রের গঠন ও স্বরপর্দায় ছেলেদের মতো বড় পরিবর্তন আসে না। ফলে তাদের কণ্ঠস্বর তুলনামূলক উচ্চ কম্পাঙ্কের থাকে। এ কারণে মেয়েদের গলার স্বর সাধারণত চিকন ও সুরেলা শোনায়।
তবে সব মেয়ের কণ্ঠস্বর যে মিষ্টি বা চিকন হবে, এমন নয়। ব্যক্তিভেদে স্বরযন্ত্রের গঠন, কণ্ঠস্বরের ব্যবহার ও শারীরিক বৈশিষ্ট্যের কারণে কণ্ঠস্বরে ভিন্নতা দেখা যায়।



