১৪ নভেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ২৯ কার্তিক ১৪৩৩
বিজ্ঞান

কেন সকালে ঘুম ভাঙলেও ঘোর কাটে না? জানুন বৈজ্ঞানিক ব্যাখ্যা

Unhappy girl in a bedroom

সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলেও অনেক সময় বিছানা ছাড়তে ইচ্ছা করে না। চোখ খুলে গেলেও মাথা ভার লাগে, শরীরে থাকে ক্লান্তি আর কাজে মন বসতে চায় না। পর্যাপ্ত সময় ঘুমানোর পরও কেন এমন হয়? এর পেছনে রয়েছে মস্তিষ্কের ঘুম থেকে জেগে ওঠার একটি বিশেষ প্রক্রিয়া।

বিশেষজ্ঞদের মতে, ঘুম থেকে জেগে ওঠা কোনো সুইচ অন করার মতো তাৎক্ষণিক ঘটনা নয়। বরং মস্তিষ্ক ধাপে ধাপে ঘুমের অবস্থা থেকে সচেতন অবস্থায় ফিরে আসে। এ সময় মস্তিষ্কের বিভিন্ন অংশ একসঙ্গে সক্রিয় না হয়ে নির্দিষ্ট ক্রমে কাজ শুরু করে।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডারের অধ্যাপক র‍্যাচেল রো জানান, জেগে থাকার অর্থ হলো মস্তিষ্ক এমন অবস্থায় থাকা, যা মানুষকে সচেতন থাকতে, চলাফেরা করতে এবং চিন্তাভাবনা করতে সাহায্য করে। ঘুমের সময় মস্তিষ্কের তরঙ্গ ধীর থাকে। অন্যদিকে জেগে থাকার সময় এসব তরঙ্গ দ্রুত ও নমনীয় হয়ে ওঠে।

সুইজারল্যান্ডের লুসান বিশ্ববিদ্যালয়ের ঘুম গবেষক অরেলি স্টেফানের মতে, মস্তিষ্ক ঠিক কখন পুরোপুরি জেগে ওঠে, তার নির্দিষ্ট কোনো মুহূর্ত নেই। বরং এই প্রক্রিয়া সম্পন্ন হয় কয়েকটি ধাপে।

গবেষণায় দেখা গেছে, ঘুম ভাঙার শুরুতে মস্তিষ্কের সাবকর্টিক্যাল অঞ্চলের কার্যক্রম সক্রিয় হয়। এ অঞ্চলে থাকা রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম একধরনের সংকেত পাঠায় থ্যালামাসে। থ্যালামাস মস্তিষ্কের যোগাযোগকেন্দ্র হিসেবে কাজ করে এবং বিভিন্ন সংবেদনশীল তথ্য এক অংশ থেকে অন্য অংশে পৌঁছে দেয়। এরপর সেই সংকেত ছড়িয়ে পড়ে সেরিব্রাল কর্টেক্সে, যা চিন্তা করা ও সিদ্ধান্ত নেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করে।

২০২৫ সালের এক গবেষণায় স্টেফান ও তাঁর সহকর্মীরা ঘুম ভাঙার সময় মস্তিষ্কের কার্যক্রমে নির্দিষ্ট কিছু পরিবর্তন লক্ষ্য করেন। তাঁদের পর্যবেক্ষণ অনুযায়ী, নন-আরইএম ঘুম থেকে জেগে ওঠার সময় প্রথমে কিছুক্ষণ ঘুমঘুম ভাব থাকে। এরপর ধীরে ধীরে মস্তিষ্কের তরঙ্গ দ্রুত হতে শুরু করে। অন্যদিকে আরইএম ঘুম থেকে জেগে উঠলে মস্তিষ্কের তরঙ্গ প্রায় সঙ্গে সঙ্গেই দ্রুত হয়ে যায়। ঘুমের এই পর্যায়েই সাধারণত মানুষ স্বপ্ন দেখে।

Advertisements

তবে ঘুম ভাঙার পরও মস্তিষ্কের সব কার্যক্রম স্বাভাবিক হতে কিছুটা সময় লাগে। এই অবস্থাকে বলা হয় ‘স্লিপ ইনার্শিয়া’। এ সময় চোখ খুললেও মাথা পুরোপুরি সচল থাকে না। ফলে ক্লান্তি, ঝিমুনি ও কাজে মনোযোগের অভাব দেখা দেয়। গবেষক স্টেফানের মতে, সাধারণত এই ঘোর ১৫ থেকে ৩০ মিনিট স্থায়ী হতে পারে। তবে কখনো কখনো তা কয়েক ঘণ্টাও থাকতে পারে।

ঘুম থেকে ওঠার সময়টিও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বিজ্ঞানীদের পর্যবেক্ষণে দেখা গেছে, মস্তিষ্কে সতর্কতার মাত্রা ওঠানামা করে। গভীর ঘুমের সময় হঠাৎ জেগে উঠলে স্বাভাবিকভাবেই ঘোরভাব বেশি হতে পারে। অন্যদিকে ঘুম হালকা হওয়ার পর্যায়ে জেগে উঠলে বিছানা ছাড়তে তুলনামূলক সহজ হয়।

এ কারণেই অ্যালার্মের শব্দে হঠাৎ ঘুম ভাঙলে অনেক সময় অস্বস্তি লাগে। অ্যালার্মের নির্দিষ্ট সময় মস্তিষ্কের স্বাভাবিক ঘুমের ছন্দের সঙ্গে নাও মিলতে পারে। ফলে গভীর ঘুমের মধ্যেই ঘুম ভেঙে গেলে মাথা ভার ও ক্লান্তি অনুভূত হয়।

আবার সাত থেকে আট ঘণ্টা ঘুমানোর পরও কোনো দিন সতেজ লাগতে পারে, অন্যদিন একই সময় ঘুমিয়েও ক্লান্তি থেকে যায়। এর পেছনে ঘুমের মোট সময়ের পাশাপাশি খাবারের ধরন এবং ঘুমের বিভিন্ন পর্যায়ের ভূমিকা থাকতে পারে। তবে সকালে সতেজভাবে জেগে ওঠার বিষয়টি নিয়ে বিজ্ঞানীদের গবেষণা এখনো চলছে।

সব মিলিয়ে, সকালে ঘুম ভাঙতে না চাওয়া বা ঘুম থেকে ওঠার পরও দীর্ঘক্ষণ ঝিমুনি থাকা সব সময় অলসতার লক্ষণ নয়। মস্তিষ্কের ঘুম থেকে জেগে ওঠার স্বাভাবিক প্রক্রিয়াই এর অন্যতম কারণ। তাই পর্যাপ্ত ও নিয়মিত ঘুমের পাশাপাশি ঘুমানোর এবং জেগে ওঠার নির্দিষ্ট সময় বজায় রাখাও গুরুত্বপূর্ণ।

Advertisements