২৫ নভেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশ

পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো ঘোষণা, কোন গ্রেডে কত?

untitled_3

দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরিকাঠামো নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন কাঠামো অনুযায়ী, শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি হবে ১৭ হাজার টাকা। আগামী ১ ডিসেম্বর থেকে এ মজুরিকাঠামো কার্যকর হবে।

সংগৃহীত

নতুন কাঠামোতে পোশাকশ্রমিকদের চারটি গ্রেড বহাল রাখা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ গ্রেড বা গ্রেড-১-এর ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। গ্রেড-২-এর শ্রমিকরা পাবেন ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এর শ্রমিকদের মজুরি হবে ১৯ হাজার ২০০ টাকা। সর্বনিম্ন গ্রেড বা গ্রেড-৪-এর মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত চতুর্থ সভা শেষে বুধবার ভোর ৪টায় সংবাদ ব্রিফিংয়ে নতুন মজুরিকাঠামো ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

বোর্ড চেয়ারম্যান জানান, প্রথম তিনটি গ্রেডের মজুরি নির্ধারণে সদস্যদের মধ্যে ঐকমত্য হলেও চতুর্থ গ্রেডের ক্ষেত্রে তা হয়নি। পরে বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর ১২৯(২) বিধি অনুযায়ী গোপন ভোট অনুষ্ঠিত হয়। সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে ১২৯(১) বিধি অনুসারে সর্বনিম্ন গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়।

তবে শিক্ষানবিশ শ্রমিকদের মজুরির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বোর্ড চেয়ারম্যান জানান, শ্রমিকপক্ষ শিক্ষানবিশ মজুরির বিধান বাতিলের প্রস্তাব দিয়েছে। প্রজ্ঞাপনের খসড়া চূড়ান্ত করার সময় সংশ্লিষ্ট কারিগরি বিষয় পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisements