এসএসসির মেধাবী শিক্ষার্থীদের জন্য সরকারের বিশেষ উপহার, পাচ্ছে দেড় হাজার ল্যাপটপ

এসএসসি ও সমমানের পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। চলতি বছরের পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাক্রমের ভিত্তিতে প্রথম পর্যায়ে দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে দেশের ১১টি শিক্ষা বোর্ড থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১০০ জন করে মোট ১ হাজার ১০০ শিক্ষার্থীকে নির্বাচন করা হবে। পাশাপাশি সমান নম্বর পাওয়া শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ সংরক্ষিত রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী ও উৎপাদনমুখী করার যে লক্ষ্য তুলে ধরা হয়েছে, তার অংশ হিসেবেই মেধাবী শিক্ষার্থীদের জন্য এ প্রণোদনা চালু করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতাধীন ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ শীর্ষক স্কিমের মাধ্যমে কর্মসূচিটি বাস্তবায়িত হবে। সরকারি ক্রয়বিধি (পিপিআর-২০২৫) অনুসরণ করে ল্যাপটপ কেনা হবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে এসব ল্যাপটপ তুলে দেওয়া হতে পারে।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। পরীক্ষায় মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে। প্রথমে এই শিক্ষার্থীদের মধ্য থেকে সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া প্রায় ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা থাকলেও পর্যায়ক্রমে কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রথম ধাপে দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হবে। এ জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৬ থেকে ১৭ কোটি টাকা।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বাসসকে জানান, প্রাথমিক পর্যায়ে ১১টি শিক্ষা বোর্ড থেকে মেধাক্রম অনুযায়ী শীর্ষ দেড় হাজার শিক্ষার্থীকে এ সুবিধা দেওয়া হবে। পরবর্তী সময়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ল্যাপটপ বিতরণের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একই ধরনের উদ্যোগ ভবিষ্যতে এইচএসসি পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের জন্যও নেওয়ার চিন্তা করছে সরকার। মন্ত্রী আরও জানান, মেধাতালিকার ১০০তম অবস্থানে একাধিক শিক্ষার্থীর নম্বর সমান হলে তাদেরও অন্তর্ভুক্ত করার জন্য অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ রাখা হয়েছে।
মেধা যাচাইয়ে গুরুত্ব পাবে মোট নম্বর
ল্যাপটপ পাওয়ার ক্ষেত্রে শুধু জিপিএ-৫ অর্জনই যথেষ্ট নয়; বিবেচনায় নেওয়া হবে পরীক্ষায় শিক্ষার্থীদের মোট প্রাপ্ত নম্বর। ঢাকা শিক্ষা বোর্ডের নির্ধারিত কাঠামো অনুসারে, প্রতিটি বোর্ডের নির্বাচিত ১০০ শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের জন্য ৫০ শতাংশ, মানবিক বিভাগের জন্য ৩০ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ২০ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে একই ধরনের পদ্ধতি অনুসরণ করা হয়েছে। তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের বিভাগ ও পরীক্ষার্থীর সংখ্যার অনুপাত বিবেচনায় কিছুটা ভিন্ন পদ্ধতিতে তালিকা প্রস্তুত করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি বোর্ড থেকে সর্বোচ্চ নম্বরধারী ১০০ জন শিক্ষার্থী বাছাই করা হয়েছে। ইতোমধ্যে সব বোর্ডের চূড়ান্ত তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ জানান, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পর্যায়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরধারীদের তালিকা তৈরি করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে পাঠানো হয়েছে। দুই ধারার পরীক্ষার্থীর সংখ্যার পার্থক্য বিবেচনায় নিয়ে আনুপাতিক হারে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডও দাখিল পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ অর্জনকারী সর্বোচ্চ নম্বরধারীদের তালিকা প্রস্তুত করেছে। বিজ্ঞান, মানবিক ও মুজাব্বিদ শাখার অনুপাত বিবেচনা করে এ তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন বোর্ডটির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহমেদ।
প্রযুক্তিনির্ভর শিক্ষায় উৎসাহ দেওয়াই লক্ষ্য
শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলে উৎসাহিত করাই নয়, আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সঙ্গে তাদের পরিচিত করে তোলাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। সংশ্লিষ্ট স্কিমের পরিচালক প্রফেসর মো. ফিরোজ আলম জানিয়েছেন, শিক্ষা বোর্ডগুলো নিজস্ব তথ্যভাণ্ডার যাচাই করে সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা তৈরি করবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের হাতে উন্নত মানের ও প্রয়োজনীয় কনফিগারেশনসম্পন্ন ল্যাপটপ পৌঁছে দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বিতরণ কার্যক্রমে ১১টি শিক্ষা বোর্ডকে সম্পৃক্ত করে আনুষ্ঠানিক আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
এদিকে, দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার প্রস্তাবে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
শিক্ষাবিদ ও সংশ্লিষ্টদের মতে, মেধার স্বীকৃতির পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ডিজিটাল শিক্ষা ও এআইনির্ভর ভবিষ্যতের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের জন্য ল্যাপটপ একটি কার্যকর সহায়ক উপকরণ হয়ে উঠতে পারে।



