মক্কার ক্লক টাওয়ার পেল দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

সৌদি আরবের মক্কার বিখ্যাত ক্লক টাওয়ার নতুন করে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছে। বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জাদুঘর এবং সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেক হিসেবে স্বীকৃতি পেয়েছে স্থাপনাটি। এ নিয়ে ক্লক টাওয়ারের গিনেস রেকর্ডের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত পাঁচটিতে।

মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন মঙ্গলবার এ ঘোষণা দেয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নতুন দুটি রেকর্ড অর্জন করে ক্লক টাওয়ার। তবে সৌদি কর্তৃপক্ষ গত ১৭ নভেম্বর এ স্বীকৃতির কথা জানায়।
মাটি থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত ক্লক টাওয়ার মিউজিয়ামকে বিশ্বের কোনো ভবনের ভেতরে অবস্থিত সর্বোচ্চ জাদুঘর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অন্যদিকে, টাওয়ারটির উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকটি ৫৬০ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত। এটিকে বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেক হিসেবে স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।
দুটি স্থাপনাই মক্কা ক্লক টাওয়ার কমপ্লেক্সের অংশ। ইসলামের পবিত্রতম স্থান মসজিদুল হারামের পাশে অবস্থিত এই কমপ্লেক্স থেকে পবিত্র মসজিদটির দৃশ্য দেখা যায়।
রয়্যাল কমিশন জানিয়েছে, এ অর্জন মক্কার স্থাপত্য ও সাংস্কৃতিক নিদর্শনগুলোর উন্নয়নে তাদের প্রচেষ্টার প্রতিফলন। নগরীর বাসিন্দা ও দর্শনার্থীদের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি হজ ও ওমরাহ পালন করতে আসা লাখ লাখ মানুষের অভিজ্ঞতা উন্নত করাও তাদের লক্ষ্য।
এ ছাড়া মক্কার ঐতিহাসিক, বৈজ্ঞানিক ও স্থাপত্য ঐতিহ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরার মাধ্যমে আন্তর্জাতিক ধর্মীয় ও সাংস্কৃতিক গন্তব্য হিসেবে নগরীটির অবস্থান আরও সুদৃঢ় করতে চায় কমিশন।



