এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে ফেল থেকে জিপিএ-৫ পেলেন ২০ শিক্ষার্থী

এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলে হাজারো শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন ১ হাজার ৬০০ শিক্ষার্থী। তাদের মধ্যে ২০ জন শিক্ষার্থী আগে অকৃতকার্য হলেও পুনর্মূল্যায়নের পর সর্বোচ্চ ফল অর্জন করেছেন। এ ছাড়া নতুন করে পাসের তালিকায় যুক্ত হয়েছেন আরও ৫ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে দেশের শিক্ষা বোর্ডগুলো পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করে।
এবারই প্রথম এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের সুযোগ চালু করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা শুধু নম্বর যোগ-বিয়োগ কিংবা গণনার ভুল সংশোধনের জন্যই আবেদন করতে পারেননি, বরং উত্তরপত্রের মূল্যায়ন নিয়েও নতুন করে পর্যালোচনার সুযোগ পেয়েছেন। এতে পুনর্মূল্যায়নের পর উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে।
এর আগে গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী।
প্রকাশিত মূল ফল অনুযায়ী, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অন্যদিকে অকৃতকার্য হয়েছিলেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। সে হিসাবে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। ওই ফলাফলে জিপিএ-৫ অর্জন করেছিলেন ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী।
তবে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর নতুন করে ৫ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী পাস করেছেন। পাশাপাশি ১ হাজার ৬০০ শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন। তাদের মধ্যে আগে ফেল করা ২০ শিক্ষার্থীর জিপিএ-৫ পাওয়ার ঘটনা বিশেষভাবে আলোচনায় এসেছে।



