২৪ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বিবিধ

বাল্যবিবাহ নিরোধ আইন পরিবর্তনের সুপারিশ, নারী-পুরুষের বিয়ের বয়স ১৮ করার প্রস্তাব

f9a755cf0babebf1238aca0837443a71-610d0d93cbe72

বাংলাদেশে বাল্যবিবাহ প্রতিরোধে বিদ্যমান আইন সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও ইউনিসেফ। এ লক্ষ্যে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭-এর কয়েকটি ধারা পরিবর্তনসহ একাধিক সুপারিশ করেছে সংস্থা দুটি। এর মধ্যে নারী ও পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ, বিশেষ পরিস্থিতিতে অপ্রাপ্তবয়স্কদের বিয়ের সুযোগসংক্রান্ত ১৯ ধারা বাতিল এবং শিশু অবস্থায় হওয়া বিয়ে বাতিলের আইনি ব্যবস্থা চালুর প্রস্তাব রয়েছে।

সংগৃহীত

আগামী ২৭ নভেম্বর প্রথমবারের মতো পালিত হতে যাওয়া ‘আন্তর্জাতিক কন্যা, শিশু ও জোরপূর্বক বিবাহ বিলোপ দিবস’ সামনে রেখে মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে ইউএনএফপিএ। সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থার জ্যেষ্ঠ সম্পাদক এবং প্রতিবেদকেরা এতে অংশ নেন।

ইউএনএফপিএ ও ইউনিসেফের যৌথ আইনি পর্যালোচনার ভিত্তিতে আয়োজিত সভায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এবং এর ২০১৮ সালের বিধিমালার বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরা হয়। সংস্থা দুটির মতে, বিদ্যমান আইনে বাল্যবিবাহ প্রতিরোধের বিধান থাকলেও মেয়েশিশুদের আইনি সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে বেশ কিছু দুর্বলতা রয়ে গেছে।

সভায় উপস্থাপিত বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫-এর তথ্য অনুযায়ী, দেশে বাল্যবিবাহের হার কমানোর ক্ষেত্রে কিছু অগ্রগতি হলেও তা বেশ ধীরগতির। ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের মধ্যে ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই। ২০১৯ সালে এই হার ছিল ৫১ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে, ১৫ থেকে ১৯ বছর বয়সী বিবাহিত কিশোরীদের হার ২০১৯ সালের ৩২ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ২০২৫ সালে ৩৮ দশমিক ৯ শতাংশে পৌঁছেছে। এই পরিসংখ্যানকে উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে ইউএনএফপিএর প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বলেন, দেশে বাল্যবিবাহ প্রতিরোধে আইন থাকাই যথেষ্ট নয়। মেয়েরা আইন সম্পর্কে সচেতন কি না, তারা সহজে বিচার পাওয়ার সুযোগ পাচ্ছে কি না এবং বিচারব্যবস্থা কতটা জবাবদিহিমূলক—এসব বিষয়ও সমান গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এবং অল্প বয়সে বিয়ের শিকার মেয়েদের বাস্তব অভিজ্ঞতা নিয়ে সঠিক ও তথ্যনির্ভর প্রতিবেদন তৈরি করা প্রয়োজন। এতে নীতিনির্ধারকেরা আইন সংস্কারের গুরুত্ব বুঝতে পারবেন। পাশাপাশি মেয়েদের শিক্ষা সম্পন্ন করা এবং নিজেদের পছন্দ অনুযায়ী ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ নিশ্চিত করার বিষয়ে সামাজিক সচেতনতা বাড়বে।

Advertisements

যৌথ আইনি পর্যালোচনায় উঠে এসেছে, ২০১৭ সালের আইনে বাল্যবিবাহকে অপরাধ হিসেবে বিবেচনা করা হলেও এমন বিয়ে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করার বিধান নেই। প্রচলিত আইন অনুযায়ী, নারীদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর এবং পুরুষদের ২১ বছর। তবে আইনের ১৯ ধারায় বিশেষ পরিস্থিতিতে আদালতের অনুমতি নিয়ে নির্ধারিত বয়সের আগেও বিয়ের সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে ন্যূনতম বয়সের কোনো নির্দিষ্ট সীমা নেই। পাশাপাশি প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থাও যথেষ্ট নয় বলে পর্যালোচনায় উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া শিশু বয়সে বিয়ে হওয়া মেয়েদের জন্য এই আইনের অধীনে সরাসরি বিয়ে বাতিলের কোনো ব্যবস্থা নেই। ফলে তাদের ব্যক্তিগত আইনের ওপর নির্ভর করতে হয়। অনেক ক্ষেত্রে এসব আইনে পর্যাপ্ত প্রতিকার পাওয়ার সুযোগ সীমিত, এমনকি কোনো প্রতিকারও পাওয়া যায় না।

আইন বাস্তবায়নের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেছে সংস্থা দুটি। এর মধ্যে রয়েছে জন্ম ও বিবাহ নিবন্ধন ব্যবস্থার দুর্বলতা, বয়স গোপন করতে জাল জন্মসনদ তৈরি, হলফনামার মাধ্যমে বিয়ে সম্পন্ন করা, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির নিষ্ক্রিয়তা এবং এ-সংক্রান্ত অপরাধে সীমিতসংখ্যক মামলা পরিচালনা।

এসব সীমাবদ্ধতা দূর করতে ইউএনএফপিএ ও ইউনিসেফ কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে। সেগুলোর মধ্যে রয়েছে—

  • বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা বাতিল করা।
  • নারী ও পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ করা।
  • শিশু অবস্থায় হওয়া বিয়ে সংশ্লিষ্ট শিশুর ইচ্ছা অনুযায়ী বাতিলের সুযোগ রাখা।
  • শিশুদের ফৌজদারি দায় থেকে অব্যাহতি দেওয়া।
  • অভিযোগ দায়েরের সময়সীমা বাড়িয়ে ছয় বছর করা।
  • ভ্রাম্যমাণ আদালতসহ অন্যান্য আদালতের বিচারিক ক্ষমতা ও এখতিয়ার স্পষ্ট করা।

ইউএনএফপিএ জানিয়েছে, আইন সংস্কারের উদ্যোগ এগিয়ে নিতে তারা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। পাশাপাশি মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে ধরে রাখা, কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যবিষয়ক তথ্য ও সেবা পাওয়ার সুযোগ বাড়ানো এবং বাল্যবিবাহকে উৎসাহিত করে এমন ক্ষতিকর সামাজিক রীতিনীতি পরিবর্তনেও সরকার ও বিভিন্ন অংশীজনের সঙ্গে কাজ করছে সংস্থাটি।

মতবিনিময় সভায় অংশ নেওয়া গণমাধ্যমকর্মীরা বাল্যবিবাহ নিয়ে আরও বেশি তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতা করার অঙ্গীকার করেন। একই সঙ্গে দেশে বাল্যবিবাহ কমানোর অগ্রগতি ত্বরান্বিত করতে গণমাধ্যমের ভূমিকা আরও জোরালো করার বিষয়ে গুরুত্ব দেন তারা।

নেদারল্যান্ডস দূতাবাসের অংশীদারিত্বে আয়োজিত এ সংলাপে বাল্যবিবাহ প্রতিরোধে আইন সংস্কারের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জাতীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

Advertisements