স্তন ক্যানসারের চিকিৎসায় নতুন ওষুধের অনুমোদন যুক্তরাষ্ট্রে, ঝুঁকি কমতে পারে ৩০ শতাংশ

স্তন ক্যানসারের চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। প্রাথমিক পর্যায়ের নির্দিষ্ট ধরনের স্তন ক্যানসারে আক্রান্ত রোগীদের জন্য নতুন হরমোন থেরাপির বড়ি ‘উইলসার্ডলি’ ব্যবহারের অনুমোদন দিয়েছে সংস্থাটি। সুইজারল্যান্ডভিত্তিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রোশের তৈরি এ ওষুধ ব্যবহারে ক্যানসার পুনরায় ফিরে আসা কিংবা মৃত্যুর সম্মিলিত ঝুঁকি ৩০ শতাংশ পর্যন্ত কমতে পারে। দুই দশকেরও বেশি সময় পর এ ধরনের স্তন ক্যানসারের চিকিৎসায় নতুন হরমোন থেরাপির অনুমোদন পেল কোনো ওষুধ।
সোমবার (২৪ নভেম্বর) এফডিএ ওষুধটির অনুমোদন দেয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওষুধটির জেনেরিক নাম গিরেডেস্ট্র্যান্ট। অস্ত্রোপচারের পর যেসব রোগীর ক্যানসার পুনরায় ফিরে আসার আশঙ্কা মাঝারি থেকে বেশি, তাদের চিকিৎসায় এটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এফডিএর অনুমোদন অনুযায়ী, ইস্ট্রোজেন রিসেপ্টর-পজিটিভ (ইআর-পজিটিভ) এবং এইচইআর২-নেগেটিভ প্রথম থেকে তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারে আক্রান্ত প্রাপ্তবয়স্ক রোগীরা এ ওষুধ গ্রহণ করতে পারবেন। বিশ্বে স্তন ক্যানসারে আক্রান্ত রোগীদের প্রায় ৭০ শতাংশই এই ধরনের ক্যানসারে ভুগছেন।
কীভাবে কাজ করবে নতুন ওষুধ?
উইলসার্ডলি প্রতিদিন একবার সেবনযোগ্য একটি হরমোন থেরাপির বড়ি। এটি ক্যানসার কোষের বৃদ্ধি ও বিস্তারে ইস্ট্রোজেনের ভূমিকা বাধাগ্রস্ত করে। একই সঙ্গে ক্যানসার কোষে ইস্ট্রোজেন রিসেপ্টরের পরিমাণ কমিয়ে দেয়। এর ফলে হরমোননির্ভর ক্যানসার কোষের কার্যক্রম নিয়ন্ত্রণে রাখা এবং রোগটি পুনরায় ফিরে আসার আশঙ্কা কমানো সম্ভব হতে পারে।
বড় গবেষণায় মিলেছে আশাব্যঞ্জক ফল
ওষুধটির অনুমোদনের পেছনে রয়েছে ৪ হাজার ১৭০ জন প্রাপ্তবয়স্ক রোগীর অংশগ্রহণে পরিচালিত একটি শেষ পর্যায়ের ক্লিনিক্যাল গবেষণা। এতে অংশ নেওয়া রোগীদের সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত উইলসার্ডলি অথবা প্রচলিত হরমোন থেরাপি দেওয়া হয়।
গবেষণার ফলাফলে দেখা গেছে, প্রচলিত হরমোন থেরাপির তুলনায় নতুন ওষুধটি গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে ক্যানসার পুনরায় ফিরে আসা বা মৃত্যুর সম্মিলিত ঝুঁকি ৩০ শতাংশ কমেছে। এ ফলাফলকে স্তন ক্যানসারের দীর্ঘমেয়াদি চিকিৎসায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে দাম কত?
ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রোশে জানিয়েছে, অনুমোদনের পর কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের বাজারে উইলসার্ডলি পাওয়া যেতে পারে। দেশটিতে ওষুধটির মাসিক তালিকামূল্য নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৫০০ ডলার।
উল্লেখ্য, এর মাত্র এক সপ্তাহ আগেও উন্নত পর্যায়ের স্তন ক্যানসারের নির্দিষ্ট রোগীদের চিকিৎসায় গিরেডেস্ট্র্যান্ট ব্যবহারের অনুমোদন দিয়েছিল এফডিএ। শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়া ক্যানসারের ক্ষেত্রে ইএসআর১ জিনে মিউটেশন থাকা টিউমারের রোগীদের এভারোলিমাসের সঙ্গে ওষুধটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়।
আয়ু বাড়ানোর বিষয়ে আরও গবেষণা প্রয়োজন
নতুন ওষুধটি ক্যানসার ফিরে আসার ঝুঁকি কমাতে আশাব্যঞ্জক ফল দেখালেও রোগীদের সামগ্রিক আয়ু বাড়াতে এটি কতটা কার্যকর, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি যাচাই করতে রোগীদের পর্যবেক্ষণে রাখবে এফডিএ। এ বিষয়ে অতিরিক্ত গবেষণার ফলাফল ওষুধটি বাজারে আসার পর জমা দিতে সম্মত হয়েছে রোশে।
বিশেষজ্ঞদের কাছে নতুন এই অনুমোদন স্তন ক্যানসারের চিকিৎসায় একটি উল্লেখযোগ্য অগ্রগতি। বিশেষ করে অস্ত্রোপচারের পর যেসব রোগীর ক্যানসার ফিরে আসার ঝুঁকি বেশি, তাদের দীর্ঘমেয়াদি চিকিৎসায় ওষুধটি নতুন বিকল্প হিসেবে ভূমিকা রাখতে পারে। তবে এর কার্যকারিতা ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা সম্পর্কে আরও তথ্য পাওয়া গেলে চিকিৎসাক্ষেত্রে এর পূর্ণ সম্ভাবনা মূল্যায়ন করা সম্ভব হবে।



