বিদায়ী ভাষণে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, পার্লামেন্টেই পরিয়ে দিলেন আংটি

রাজনৈতিক জীবনের বিদায়বেলায় এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিলেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের এক আইনপ্রণেতা। পার্লামেন্টে নিজের শেষ ভাষণ দিতে গিয়ে দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে চমকে দেন ৩২ বছর বয়সী জর্ডান লেন। প্রেমিকার সম্মতি পাওয়ার পর সবার সামনেই তার আঙুলে পরিয়ে দেন বাগদানের আংটি। অভিনব এই ঘটনায় মুহূর্তেই আনন্দ ও উচ্ছ্বাসে ভরে ওঠে পার্লামেন্টের অধিবেশন কক্ষ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিউ সাউথ ওয়েলসের পার্লামেন্টে বিদায়ী বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে। বক্তব্যের একপর্যায়ে হাঁটু গেড়ে বসে প্রেমিকা নাটালিকে বিয়ের প্রস্তাব দেন লেন। নাটালি সম্মতি জানালে উপস্থিত আইনপ্রণেতা ও অতিথিরা করতালি দিয়ে তাদের অভিনন্দন জানান।
জর্ডান লেন নিউ সাউথ ওয়েলসের রাইড আসনের লিবারেল পার্টির আইনপ্রণেতা। ২০২৩ সালে রাজ্য পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ার আগে তিনি স্থানীয় কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। আগামী ২০২৭ সালের মার্চে অনুষ্ঠেয় রাজ্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে চলতি মাসের শুরুতেই ঘোষণা দিয়েছিলেন তিনি। ফলে এবারের ভাষণটি ছিল আইনপ্রণেতা হিসেবে তার শেষ বক্তব্য।
বিদায়ী ভাষণে রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতার পাশাপাশি পরিবার ও ব্যক্তিগত জীবনের স্মৃতিও তুলে ধরেন লেন। একপর্যায়ে দর্শক গ্যালারিতে বসে থাকা প্রেমিকা নাটালির দিকে নজর দেন তিনি। এরপর স্পিকারের অনুমতি নিয়ে বলেন, ‘স্পিকার, রাইডের আইনপ্রণেতা হিসেবে এটিই আমার শেষ প্রশ্ন। আমার প্রিয় নাটালি, তুমি কি আমাকে বিয়ে করবে?’
এ কথা বলেই পকেট থেকে বিয়ের আংটি বের করেন তিনি। পরে নাটালির হাতে আংটিটি পরিয়ে দেন। প্রস্তাবে সম্মতি জানানোর পর দুজনকে চুম্বন করতেও দেখা যায়। পুরো দৃশ্যটি উপভোগ করেন অধিবেশন কক্ষে উপস্থিত আইনপ্রণেতা ও অতিথিরা।
নাটালির সম্মতি পাওয়ার পর জর্ডান লেন রসিকতা করে বলেন, সংসদের আনুষ্ঠানিক কার্যবিবরণীতে যেন তাঁর প্রেমিকার সম্মতির বিষয়টি লিপিবদ্ধ করা হয়। তার এমন মন্তব্যে অধিবেশন কক্ষে হাসি ও আনন্দের পরিবেশ তৈরি হয়।
এ ঘটনায় পার্লামেন্টের স্পিকার গ্রেগ পাইপারও আনন্দ প্রকাশ করেন। তিনি মন্তব্য করেন, ৫৮তম পার্লামেন্টকে ‘ভালোবাসার পার্লামেন্ট’ হিসেবে মনে রাখা হবে।
জর্ডান লেন ও নাটালি এক দশকেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন। পার্লামেন্টে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার সেই বিশেষ মুহূর্তের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন লেন। ভিডিওর সঙ্গে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আমি রাইডকে ভালোবাসি এবং সব সময় ভালোবাসব। তবে নাটালিকে তার চেয়েও বেশি ভালোবাসি।’



