হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বার বেত্রা’ঘাত

ইরানে হিজাববিধি অমান্য করে জনসমক্ষে গান পরিবেশনের অভিযোগে কঠোর শাস্তির মুখে পড়েছেন সংগীতশিল্পী পারাস্তু আহমাদি। হিজাব ছাড়া কনসার্টে অংশ নেওয়ার ঘটনায় তাকে এবং তার দলের চার সদস্যকে ৭৪ বার করে বেত্রাঘাত করা হয়েছে। একই সঙ্গে তাদের ওপর দুই বছরের ভ্রমণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ঘটনা দেশটিতে নারীদের পোশাকবিধি নিয়ে সরকারের কঠোর অবস্থানকে আবারও সামনে এনেছে।
সোমবার (২৩ নভেম্বর) শিল্পীদের আইনজীবী এ শাস্তির বিষয়টি নিশ্চিত করেন। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম আল মনিটরের প্রতিবেদন অনুযায়ী, ইরানের সংস্কারপন্থী সংবাদমাধ্যম এমতেদাদ আইনজীবী মোস্তফা নিলির বরাত দিয়ে জানায়, পারাস্তু আহমাদি ও তার চার সহযোগীর প্রত্যেককে ৭৪ বার বেত্রাঘাত করা হয়েছে। জনসমক্ষে অশালীন আচরণ এবং অনলাইনে অনৈতিক ও অশ্লীল বিষয়বস্তু প্রকাশের অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করা হয়।
আইনজীবী দলের এক সদস্য জানান, পবিত্র নগরী কোমে এ শাস্তি কার্যকর করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে সংগীতশিল্পী আহমাদির পাশাপাশি কনসার্টে অংশ নেওয়া তিনজন সংগীতশিল্পী এবং তার প্রযোজক রয়েছেন।
হিজাব ছাড়া কনসার্ট ঘিরেই বিতর্ক
ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ডিসেম্বরে। ওই সময় ২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি কোম শহরে হিজাব ছাড়াই একটি কনসার্টে গান পরিবেশন করেন। তার পরনে ছিল হাতাকাটা পোশাক। অনুষ্ঠানে তিনি ইরানের ঐতিহ্যবাহী সংগীত পরিবেশন করেন, যা পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
কনসার্টটির ভিডিও এখনো তার ইউটিউব চ্যানেলে রয়েছে। ভিডিওটি ৩৩ লাখেরও বেশি বার দেখা হয়েছে। তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যাও ৭৭ হাজার ছাড়িয়েছে।
অনুষ্ঠানের পরপরই ২০২৪ সালের ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়। যদিও অল্প সময়ের মধ্যেই তিনি মুক্তি পান। পরবর্তী সময়ে গত জুনে আদালত তাকে প্রথমবারের মতো দোষী সাব্যস্ত করে এবং সেপ্টেম্বরে সেই রায় বহাল রাখা হয়। সর্বশেষ আদালতের দেওয়া শাস্তি কার্যকর হওয়ার খবর প্রকাশ্যে আসে।
ইরানে হিজাব আইন নিয়ে দীর্ঘদিনের বিতর্ক
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ইরানে নারীদের জন্য জনসমক্ষে চুল ঢেকে রাখা এবং ঢিলেঢালা পোশাক পরা বাধ্যতামূলক। তবে বিভিন্ন সময়ে এ আইনের প্রয়োগে কঠোরতা ও শিথিলতা দেখা গেছে। সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে ২০২২ সালের পর থেকে দেশটিতে হিজাববিধি অমান্য করে চলাফেরা করা নারীর সংখ্যা বেড়েছে। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে অনেক নারীকে প্রকাশ্যে হিজাব ছাড়াই চলাচল করতে দেখা যাচ্ছে।
২০২২ সালে যথাযথভাবে হিজাব না পরার অভিযোগে গ্রেপ্তার হওয়া এক তরুণীর পুলিশি হেফাজতে মৃত্যুর পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ওই ঘটনা ইরানে নারীর অধিকার, পোশাকের স্বাধীনতা এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক নারী হিজাব ছাড়া নিজেদের ছবি ও ভিডিও প্রকাশ করতে শুরু করেন।
হিজাববিধি কার্যকরে সরকারের কঠোর অবস্থান
দেশটিতে হিজাব আইন বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থানও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। ইরানের পার্লামেন্টের সাবেক স্পিকার গোলাম-আলী হাদ্দাদ-আদেল গত সেপ্টেম্বরে মন্তব্য করেছিলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ হিজাব আইন নিজেদের ইচ্ছামতো কঠোরভাবে প্রয়োগ করতে পারছে না। তবে এর আগেই দেশটিতে আইন অমান্যের প্রবণতা বাড়ছিল।
অন্যদিকে, গত অক্টোবরের শেষ দিকে তেহরানের সরকারি কৌঁসুলি আলী সালেহি হিজাবসংক্রান্ত বিধি কার্যকরে ব্যর্থ সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। সরকারের শালীনতা ও হিজাব টাস্কফোর্সের এক বৈঠকে তিনি এ সতর্কবার্তা দেন।
এর আগে ২০২৫ সালের অক্টোবরে এক ইরানি কর্মকর্তা জানিয়েছিলেন, তেহরান প্রদেশে নারীদের হিজাব আইন মেনে চলা নিশ্চিত করতে প্রায় ৮০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এ বাহিনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও বিচার বিভাগের কর্মকর্তারাও অন্তর্ভুক্ত রয়েছেন।
শিল্পীদের ওপরও বাড়ছে চাপ
হিজাব ও শালীনতাসংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে পারাস্তু আহমাদি একমাত্র নন; এর আগেও ইরানের একাধিক সংগীতশিল্পীকে গ্রেপ্তার ও শাস্তির মুখোমুখি হতে হয়েছে।
২০২৩ সালে সংগীতশিল্পী মেহদি ইয়াররাহিকে গ্রেপ্তার করা হয়। ওই বছর প্রকাশিত তার একটি গানে ইরানি নারীদের হিজাব খুলে ফেলার আহ্বান জানানো হয়েছিল। পরে একই বছর জামিনে মুক্তি পান তিনি।
এ ছাড়া ২০২৪ সালে জনসমক্ষে হিজাব ছাড়া গান পরিবেশন এবং সেই পরিবেশনার ভিডিও ধারণের অভিযোগে সংগীতশিল্পী জারা ইসমাইলিকেও গ্রেপ্তার করা হয়। তার মুক্তির সুনির্দিষ্ট সময় জানা না গেলেও ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে তিনি ফ্রান্সে অবস্থান করছেন।
পারাস্তু আহমাদি ও তার সহযোগীদের ওপর সর্বশেষ শাস্তির ঘটনা ইরানে শিল্পচর্চা, নারীর পোশাকের স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকার নিয়ে চলমান বিতর্ককে আরও তীব্র করেছে। বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনে রাষ্ট্রীয় বিধিনিষেধের প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।



