দুই কান, নাক, আঙুল বাদ! এলিয়েন হওয়ার নেশায় নিজেকে কী বানালেন ফ্রান্সের যুবক?

মানুষের প্রচলিত চেহারা থেকে বেরিয়ে সম্পূর্ণ ভিন্ন এক অবয়ব ধারণ করতে চান তিনি। সেই ইচ্ছা থেকেই নিজের শরীরে একের পর এক অস্বাভাবিক পরিবর্তন এনেছেন ফ্রান্সের অ্যান্থনি লোফ্রেডো। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি পরিচিত ‘দ্য ব্ল্যাক এলিয়েন’ নামে। নিজের শরীরকে ভিনগ্রহের প্রাণীর মতো করে তোলার এই প্রচেষ্টার নাম দিয়েছেন ‘ব্ল্যাক এলিয়েন প্রজেক্ট’।

অ্যান্থনির রূপান্তরের গল্প শুরু হয়েছিল ট্যাটু দিয়ে। ধীরে ধীরে শরীরের বিভিন্ন অংশে কালো ট্যাটু করানোর পাশাপাশি তিনি বেছে নেন আরও জটিল ও ঝুঁকিপূর্ণ কিছু শারীরিক পরিবর্তন। জিহ্বা দুই ভাগ করেছেন, চোখের সাদা অংশে ট্যাটু করিয়েছেন। অস্ত্রোপচারের মাধ্যমে নাকের একটি অংশ এবং ওপরের ঠোঁটের অংশও অপসারণ করেছেন। এমনকি দুই কান এবং বাম হাতের দুটি আঙুলও বাদ দিয়েছেন।
প্রতিটি পরিবর্তনের পেছনে তাঁর উদ্দেশ্য ছিল নিজের কল্পনার এলিয়েনসদৃশ অবয়বের আরও কাছাকাছি পৌঁছানো। প্রচলিত সৌন্দর্যবোধ কিংবা মানুষের স্বাভাবিক শারীরিক গঠনের সঙ্গে নিজেকে মেলাতে চান না তিনি। বরং নিজের শরীরকে নিজের পছন্দমতো সাজানোর স্বাধীনতাকেই গুরুত্ব দিয়েছেন।
তবে অ্যান্থনির এই ব্যতিক্রমী রূপান্তর তাঁকে শুধু আলোচনায়ই আনেনি, তৈরি করেছে নানা সামাজিক জটিলতাও। তাঁর দাবি, অস্বাভাবিক চেহারার কারণে অনেকেই তাঁকে সহজভাবে গ্রহণ করতে পারেন না। বিশেষ করে অপরিচিত মানুষের সামনে গেলে কেউ কেউ ভয় পেয়ে যান। এমনকি চাকরির আবেদন করেও প্রত্যাশিত সাড়া পাচ্ছেন না তিনি। তাঁর শারীরিক পরিবর্তনের কারণে অনেক প্রতিষ্ঠান তাঁকে কাজে নিতে আগ্রহী হয় না বলেও জানিয়েছেন।
অ্যান্থনির এই রূপান্তর নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও একাধিকবার প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ২০২৩ সালে ব্রিটিশ সংবাদমাধ্যম এলএডবাইবেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের চেহারার কারণে সামাজিক ও পেশাগত জীবনে তৈরি হওয়া সমস্যার কথা তুলে ধরেন।
তবে নিজের সিদ্ধান্ত নিয়ে খুব একটা অনুতপ্ত নন তিনি। নিজের শরীর নিয়ে কী করবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁর নিজের—এমন বিশ্বাস থেকেই এগিয়ে গেছেন অ্যান্থনি। ২০২৩ সালের শেষ দিকে তিনি তাঁর রূপান্তর প্রকল্প বন্ধ করার ঘোষণা দিয়েছিলেন বলে স্পেনের সংবাদমাধ্যম এল পাইসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।
একজন মানুষের নিজের শরীর নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকলেও অ্যান্থনির এই রূপান্তর নতুন করে আলোচনায় এনেছে শরীর পরিবর্তনের সীমা, ব্যক্তিস্বাধীনতা এবং সামাজিক গ্রহণযোগ্যতার মতো বিষয়গুলো। মানুষের চেহারা কি কেবল জন্মগত পরিচয়ের মধ্যেই সীমাবদ্ধ, নাকি ব্যক্তির ইচ্ছায় সেটিকে সম্পূর্ণ নতুন রূপ দেওয়া সম্ভব—অ্যান্থনি লোফ্রেডোর জীবন যেন সেই প্রশ্নই সামনে নিয়ে এসেছে।



