পরীক্ষকদের মূল্যায়নে দুর্বলতা, স্বীকার করলেন শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে বিপুলসংখ্যক শিক্ষার্থীর গ্রেড পরিবর্তনের ঘটনায় উত্তরপত্র মূল্যায়নের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তার মতে, পরীক্ষকদের মূল্যায়নে দুর্বলতার কারণেই এত শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘কর্মসংস্থান সৃষ্টিতে তরুণ উদ্যোক্তা: বিশ্ববিদ্যালয়ই হতে পারে নতুন উদ্যোক্তা সৃষ্টির সূতিকাগার’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোতেই ২৫ হাজার ৮০০ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তনের বিষয়টি পরীক্ষকদের খাতা মূল্যায়নের দক্ষতা ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি।
পরীক্ষার খাতা মূল্যায়নের আগের ও বর্তমান পদ্ধতির প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, আগে অনেক ক্ষেত্রে না লিখলেও শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার প্রবণতা ছিল। তবে এবার শিক্ষার্থীরা উত্তরপত্রে কী লিখেছে, তাদের উত্তর কতটা সঠিক এবং পরীক্ষক যথাযথভাবে খাতা মূল্যায়ন করছেন কি না—এসব বিষয় গুরুত্বের সঙ্গে যাচাই করা হচ্ছে। এ জন্য পরীক্ষকদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের পরিসংখ্যান তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, এ পরীক্ষায় সাড়ে চার হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এ ছাড়া পাঁচ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে এবং নতুন করে ৩ হাজার ৮৯ জন জিপিএ-৫ পেয়েছে। এসব পরিসংখ্যান পরীক্ষকদের মূল্যায়ন প্রক্রিয়ার দুর্বলতাকে সামনে এনেছে বলে মনে করেন তিনি।
এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণ কার্যক্রম সম্পর্কে মন্ত্রী জানান, গত ১ থেকে ৭ নভেম্বরের মধ্যে দুই লাখের বেশি উত্তরপত্র পুনর্মূল্যায়ন করে ফল প্রকাশ করা হয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আবেদনের সময়সীমা আরও দুই দিন বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।
সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশের সময়সীমা সম্পর্কে তিনি বলেন, আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সাপ্লিমেন্টারি পরীক্ষার আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার বিষয়ে করা রিটের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় ভর্তি কার্যক্রমে কাউকে বাধা দেওয়ার সুযোগ নেই। তবে বিষয়টি বিবেচনায় নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তা তৈরির পরিকল্পনাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে উচ্চশিক্ষার সঙ্গে শিল্প খাতের সম্পৃক্ততা বাড়বে এবং শিক্ষার্থীরা উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার নতুন সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।



