৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা বন্ধের নির্দেশ

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে নোট, গাইড ও অনুশীলনমূলক সহায়ক বই ছাপানো সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নির্দেশনা অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখতে হবে।
গত ১৯ নভেম্বর এনসিটিবির সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়। এতে দেশের সব মুদ্রণ ও বাঁধাই প্রতিষ্ঠানের মালিকদের নির্দেশনাটি যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
এনসিটিবি জানিয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের লক্ষ্যে বিভিন্ন শ্রেণির পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের কাজ চলমান রয়েছে। এ তালিকায় ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, কারিগরি এবং ব্রেইল পাঠ্যবই অন্তর্ভুক্ত রয়েছে।
চিঠিতে বলা হয়েছে, নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে সব শিক্ষার্থীর হাতে বিনামূল্যের পাঠ্যবই পৌঁছে দেওয়া সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব। এ লক্ষ্য বাস্তবায়নে মুদ্রণ ও সরবরাহ কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা প্রয়োজন।
এ পরিস্থিতিতে পাঠ্যবই বিতরণ কার্যক্রমকে অগ্রাধিকার দিতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট, গাইড ও অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা কামনা করেছে এনসিটিবি। পাশাপাশি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ নির্দেশনা মেনে চলতে দেশের সব মুদ্রণ ও বাঁধাই প্রতিষ্ঠানের মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।



