২৩ নভেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশ

হাতীবান্ধা সীমান্তে আবারও চিতাবাঘের আতঙ্ক, বাঁশঝাড় ঘিরে স্থানীয়দের তল্লাশি

sa_127.1794587003

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী এলাকায় আবারও চিতাবাঘের উপস্থিতির খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কয়েক দিন ধরে একটি বাঁশঝাড় থেকে বাঘ বের হওয়ার খবর ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রোববারও বাঘ দেখার খবর পেয়ে লাঠিসোঁটা হাতে বাঁশঝাড় ঘিরে তল্লাশি চালান তাঁরা। তবে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও বাঘটির কোনো সন্ধান মেলেনি।

রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামের আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯০৫-এর কাছাকাছি এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মাসুদ রানা জানান, গত কয়েক দিন ধরে এলাকার কয়েকজন বাঁশঝাড় থেকে একটি বাঘ বের হতে দেখেছেন বলে খবর দিচ্ছেন। এ ধরনের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই আশপাশের গ্রামগুলোতে আতঙ্ক বিরাজ করছে।

আরেক বাসিন্দা জসিম উদ্দিন বলেন, সীমান্তসংলগ্ন একটি বাঁশবাগানে চিতাবাঘটি আশ্রয় নিয়েছে বলে স্থানীয়দের মধ্যে ধারণা তৈরি হয়েছে। রোববার আবারও বাঘ বের হওয়ার খবর পেয়ে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে সেটিকে ধাওয়া করেন। পরে বাঘটি পালিয়ে গেছে বলে তাঁরা জানতে পারেন। এরপর আর প্রাণীটির দেখা মেলেনি। গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোব্বেরুল হক মনা জানান, এলাকায় বাঘ বের হওয়ার চিৎকার শুনে লোকজন লাঠিসোঁটা নিয়ে আমঝোল সীমান্তের একটি বাঁশঝাড় ঘিরে ফেলেন। সেখানে বেশ কিছুক্ষণ তল্লাশি চালানো হলেও কোনো বাঘের সন্ধান পাওয়া যায়নি। পরে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যান।

স্থানীয়দের ভাষ্য, প্রায় এক মাস ধরে বাঘের আতঙ্কে দিন কাটছে তাঁদের। প্রাণীটির অবস্থান নিশ্চিত করা সম্ভব না হওয়ায় ভয় কাটছে না। এমনকি সামনে দিয়ে শিয়াল চলাচল করলেও অনেকে সেটিকে বাঘ ভেবে আতঙ্কিত হয়ে পড়ছেন। এলাকাবাসী জানান, গত ২৫ অক্টোবর বিকেলে সীমান্তসংলগ্ন এলাকায় বেঁধে রাখা ছাগল আনতে গিয়ে চিতাবাঘের মুখোমুখি হন শরীফা বেগম। এ সময় তিনি দেখতে পান, একটি চিতাবাঘ তাঁর ছাগলটির ওপর হামলা করেছে। ছাগলটিকে বাঁচাতে এগিয়ে গেলে প্রাণীটি তাঁর ওপরও আক্রমণ করে। পরে নজরুল ইসলাম ও আফছার আলী তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালায় বাঘটি। একপর্যায়ে সেটি পাশের একটি ধানক্ষেতে গিয়ে লুকিয়ে পড়ে। ওই ঘটনায় তিনজন আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসা নেন।

ঘটনার পরদিন, ২৬ অক্টোবর, চিতাবাঘটির অবস্থান শনাক্ত করতে বন বিভাগের একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছায়। টানা চার দিন, অর্থাৎ ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়েও প্রাণীটির সন্ধান পাওয়া যায়নি। পরে অভিযান শেষ করে দলটি ঢাকায় ফিরে যায়।

বিশেষজ্ঞ দলের অনুসন্ধানের পরও চিতাবাঘটির অবস্থান নিশ্চিত না হওয়া এবং নতুন করে বাঘ বের হওয়ার খবর ছড়িয়ে পড়ায় সীমান্তবর্তী গ্রামগুলোতে উদ্বেগ আরও বেড়েছে। ফলে স্বাভাবিক জীবনযাপন ও চলাচলেও সতর্কতা অবলম্বন করছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisements
Advertisements