২৩ নভেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ৮ অগ্রহায়ণ ১৪৩৩
জীবনযাপন

শীতে শিশুর অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ঘর পরিষ্কার রাখবেন যেভাবে

WhatsApp Image 2026-11-22 at 4.11.47 PM

শীত এলেই শিশুর অ্যাজমা বা হাঁপানির সমস্যা নিয়ে দুশ্চিন্তায় থাকেন অনেক অভিভাবক। এ সময় ঘরের ধুলাবালি, স্যাঁতসেঁতে পরিবেশ, ছত্রাক ও বদ্ধ বাতাস শিশুর শ্বাসকষ্ট বাড়িয়ে দিতে পারে। শুধু তাই নয়, ঘর পরিষ্কারে ব্যবহৃত তীব্র গন্ধযুক্ত রাসায়নিক, সুগন্ধি স্প্রে কিংবা ধোঁয়াও অ্যাজমার উপসর্গকে বাড়িয়ে তুলতে পারে। তাই চিকিৎসা ও নিয়মিত ওষুধের পাশাপাশি শিশুর বসবাসের পরিবেশ পরিচ্ছন্ন এবং সম্ভাব্য অ্যালার্জেনমুক্ত রাখা জরুরি।

বিশেষ করে শীতকালে বাইরের ধুলাবালি ও দূষিত বাতাস ঘরে প্রবেশের আশঙ্কা থাকে বেশি। এ কারণে ঘরের প্রতিটি জায়গা পরিষ্কারের পাশাপাশি কিছু বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

বিছানাপত্র নিয়মিত পরিষ্কার করুন

শিশুর বিছানা, বালিশ, কম্বল ও ম্যাট্রেসে ডাস্ট মাইট বা ধুলার ক্ষুদ্র জীব জমতে পারে। এগুলো অ্যাজমার অন্যতম পরিচিত উদ্দীপক। তাই সপ্তাহে অন্তত একবার বিছানার চাদর, বালিশের কভার ও কম্বল ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। কাপড়ের উপযোগী হলে গরম পানিতে ধোয়া যেতে পারে।

ম্যাট্রেস ও বালিশে ডাস্ট মাইট প্রতিরোধী বিশেষ কভার ব্যবহার করাও উপকারী। শিশুর ঘরে লোমযুক্ত খেলনা, ভারী পর্দা, কার্পেট ও পাপোশ যতটা সম্ভব এড়িয়ে চলুন। এসব জিনিসে সহজেই ধুলাবালি জমে থাকে। খেলনা রাখতে হলে নিয়মিত পরিষ্কার করতে হবে।

ধুলা পরিষ্কারে সতর্ক পদ্ধতি অনুসরণ করুন

Advertisements

শুকনা ঝাড়ু বা ডাস্টার দিয়ে ঘর পরিষ্কার করলে ধুলাবালি বাতাসে ছড়িয়ে পড়ে। এতে শিশুর শ্বাসনালিতে অস্বস্তি তৈরি হতে পারে। তাই আসবাব, জানালা ও মেঝে পরিষ্কারে ভেজা কাপড় ব্যবহার করাই ভালো।

ঘর ঝাড়ু দেওয়া, মোছা কিংবা ভ্যাকুয়াম করার সময় শিশুকে অন্য ঘরে রাখুন। পরিষ্কার শেষ হওয়ার পর ধুলা পুরোপুরি থিতিয়ে গেলে তাকে আবার সেই ঘরে যেতে দিন। পাশাপাশি সিলিং ফ্যান, এসির ফিল্টার ও ঘরের কোণে জমে থাকা ধুলা নিয়মিত পরিষ্কার করতে হবে।

ঘরের আর্দ্রতা ও ছত্রাক নিয়ন্ত্রণে রাখুন

শীতকালে অনেক বাড়িতে পর্যাপ্ত আলো-বাতাস চলাচল না করায় দেয়াল ও ঘরের বিভিন্ন অংশে স্যাঁতসেঁতে ভাব দেখা দেয়। এ ধরনের পরিবেশে ছত্রাক জন্মাতে পারে, যা অ্যাজমার সমস্যা বাড়ানোর ঝুঁকি তৈরি করে।

এ জন্য রান্নাঘর ও বাথরুমে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রাখতে হবে। আবহাওয়া ও বাইরের বাতাসের মান ভালো থাকলে প্রতিদিন কিছু সময় জানালা খুলে ঘরে আলো-বাতাস প্রবেশ করতে দিন। দেয়াল বা ছাদে পানি চুইয়ে পড়লে দ্রুত মেরামত করুন। ভেজা কাপড় ও তোয়ালে ঘরের ভেতরে না শুকিয়ে খোলা জায়গায় শুকানোর চেষ্টা করুন।

তীব্র গন্ধযুক্ত পরিষ্কারক ব্যবহার করবেন না

ঘর পরিষ্কারের জন্য ব্যবহৃত কিছু রাসায়নিক শিশুর শ্বাসনালিতে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। বিশেষ করে ব্লিচ, অ্যামোনিয়া, তীব্র গন্ধযুক্ত ফ্লোর ক্লিনার ও অন্যান্য রাসায়নিক ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে।

পরিষ্কারের কাজে সাধারণ সাবান ও পানি ব্যবহার করা যেতে পারে। কোনো বিকল্প পরিষ্কারক ব্যবহার করার আগে সেটি নিরাপদ কি না নিশ্চিত হওয়া জরুরি। পাশাপাশি রুম ফ্রেশনার, অ্যারোসল স্প্রে, মশার কয়েল, ধূপকাঠি ও সুগন্ধি মোমবাতি এড়িয়ে চলুন। শিশুর কাপড় ধোয়ার জন্যও সুগন্ধিমুক্ত ডিটারজেন্ট বেছে নেওয়া ভালো।

তেলাপোকা ও পোষা প্রাণীর লোম থেকে সতর্ক থাকুন

তেলাপোকা, ইঁদুর এবং পোষা প্রাণীর শরীর থেকে ঝরে পড়া খুশকি ও লোম অনেক শিশুর অ্যাজমার উপসর্গ বাড়িয়ে দিতে পারে। তাই ঘর পরিষ্কার রাখার পাশাপাশি পোকামাকড়ের বংশবিস্তার রোধ করা জরুরি।

খাবার সব সময় ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। খাবারের উচ্ছিষ্ট যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলুন এবং ঢাকনাযুক্ত ময়লার ঝুড়ি প্রতিদিন পরিষ্কার করুন। বাড়িতে বিড়াল বা কুকুর থাকলে শিশুর শোয়ার ঘর ও বিছানা থেকে দূরে রাখুন। পোষা প্রাণীর পরিচ্ছন্নতার দিকেও নজর দিন।

বাড়ির ভেতরে ধূমপান সম্পূর্ণ বন্ধ রাখুন

শিশুর অ্যাজমা নিয়ন্ত্রণে তামাকের ধোঁয়া থেকে দূরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের কেউ বা অতিথি যেন ঘরের ভেতরে ধূমপান না করেন, তা নিশ্চিত করতে হবে। এমনকি বারান্দায় ধূমপান করাও নিরাপদ বিকল্প নয়, কারণ ধোঁয়ার ক্ষতিকর কণা পোশাক, চুল ও শরীরে লেগে ঘরের ভেতরে প্রবেশ করতে পারে।

প্রতিদিনের পরিচ্ছন্নতাই শিশুকে সুরক্ষিত রাখবে

শিশুর অ্যাজমা নিয়ন্ত্রণে শুধু ওষুধের ওপর নির্ভর করলেই হবে না, ঘরের পরিবেশও রাখতে হবে স্বাস্থ্যকর। নিয়মিত বিছানাপত্র পরিষ্কার, ধুলাবালি নিয়ন্ত্রণ, ছত্রাক প্রতিরোধ এবং ধোঁয়া ও তীব্র গন্ধ এড়িয়ে চলার মাধ্যমে অ্যাজমার সম্ভাব্য উদ্দীপক অনেকটাই কমানো সম্ভব।

তবে মনে রাখতে হবে, ঘর পরিষ্কার রাখা অ্যাজমার চিকিৎসার বিকল্প নয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ও নির্ধারিত ওষুধ চালিয়ে যেতে হবে। একই সঙ্গে শিশুর শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Advertisements