২২ নভেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

বিশ্বমঞ্চে মায়ের ভালোবাসা ও ত্যাগের গল্প শোনালেন সামিরা খান মাহি

48-1795349514

মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক, তাঁর নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগের চিত্র বিশ্বমঞ্চে তুলে ধরেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার জাতীয় পোশাক পর্বে মাতৃত্বের ভাবনাকে কেন্দ্র করে তৈরি বিশেষ পোশাকে অংশ নেন তিনি।

আজ বাংলাদেশ সময় ভোর ৫টায় অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটির জাতীয় পোশাক পর্ব। এ আয়োজনে মাহির পোশাকে তুলে ধরা হয় মাতৃত্বের নানা দিক। সন্তানের জন্মের মুহূর্ত থেকে শুরু করে তার বেড়ে ওঠায় মায়ের যত্ন, ত্যাগ ও ভালোবাসার বিষয়গুলো নকশার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।

‘মাতৃত্ব—ভালোবাসার এক সর্বজনীন বন্ধন’ শিরোনামের ভাবনায় তৈরি পোশাকটিতে বাংলাদেশের সংস্কৃতি ও আবেগের সঙ্গে মিশেছে মা ও সন্তানের চিরন্তন সম্পর্কের গল্প। একই সঙ্গে এতে প্রতিফলিত হয়েছে মাতৃভূমির সঙ্গে মানুষের শেকড় ও পরিচয়ের যোগসূত্র।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় পোশাকের ধারণা প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, জাতিগত পরিচয়ের আগে প্রতিটি মানুষের প্রথম পরিচয় সে একজন মায়ের সন্তান। মা যেমন পৃথিবীতে সন্তানের আগমনের পথ তৈরি করেন, তেমনি মাতৃভূমি তাকে দেয় নিজস্ব পরিচয় ও শেকড়।

নিজের পোশাকের ভাবনা নিয়ে মাহি বলেন, মাতৃত্ব এমন এক অনুভূতি, যা দেশ, ভাষা কিংবা সংস্কৃতির সীমারেখায় আটকে থাকে না। পৃথিবীর প্রতিটি মানুষের জীবনেই মায়ের ভালোবাসা ও আত্মত্যাগের গল্প রয়েছে।

Advertisements