ধূমপানের গন্ধ মুখে নিয়ে নামাজ আদায় করা যাবে?

ধূমপানের পর মুখে সিগারেটের দুর্গন্ধ থাকা অবস্থায় নামাজ আদায় করা বা মসজিদে প্রবেশের বিষয়ে ইসলামে বিশেষ নির্দেশনা রয়েছে। দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করা নিষেধ। এতে পাশের মুসল্লি ও ফেরেশতাদের কষ্ট হয়। তাই ধূমপানের পর মুখ ভালোভাবে পরিষ্কার করে মসজিদে প্রবেশ করা উচিত।
ইসলামের দৃষ্টিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন জিনিসের ব্যবহার নিষিদ্ধ। ধূমপানও ক্ষতিকর হওয়ায় তা থেকে বিরত থাকার নির্দেশনা রয়েছে। কেউ ধূমপান করলে মুখের দুর্গন্ধ দূর না করে মসজিদে প্রবেশ করা উচিত নয়। এতে অন্যদের কষ্ট দেওয়ার কারণে গুনাহগার হতে হবে।
দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশের বিষয়ে হাদিসে স্পষ্ট নির্দেশনা রয়েছে। সাহাবি আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, একদিন রাসুলুল্লাহ (সা.)-এর সামনে রসুন ও পেঁয়াজ সম্পর্কে আলোচনা হয়। সাহাবিরা জানতে চান, রসুনের ঝাঁঝ বেশি হওয়ায় তিনি এটিকে হারাম মনে করেন কি না। জবাবে নবী (সা.) বলেন, ‘তোমরা তা খাবে, কিন্তু যে ব্যক্তি তা খাবে, এর দুর্গন্ধ দূর না হওয়া পর্যন্ত সে যেন মসজিদে না আসে।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৭৮০)
আরেক হাদিসে হজরত মুগীরা ইবন শুবা (রা.) থেকে বর্ণিত, একদিন রসুন খাওয়ার পর তিনি মসজিদে যান, যেখানে রাসুলুল্লাহ (সা.) নামাজ আদায় করতেন। তখন এক রাকাত নামাজ শেষ হয়েছিল। তিনি মসজিদে প্রবেশ করলে রাসুলুল্লাহ (সা.) রসুনের গন্ধ পান।
নামাজ শেষে রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি পেঁয়াজ বা রসুন খাবে, দুর্গন্ধ দূর না হওয়া পর্যন্ত সে যেন মসজিদে না আসে। (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৭৮৩)
সুতরাং ধূমপানের পর মুখে দুর্গন্ধ থাকা অবস্থায় মসজিদে প্রবেশ করা থেকে বিরত থাকতে হবে। নামাজের আগে ভালোভাবে কুলি করা, দাঁত ব্রাশ করা বা মিসওয়াকের মাধ্যমে মুখের দুর্গন্ধ দূর করা উচিত। তবে দুর্গন্ধের কারণে নামাজের শুদ্ধতা নষ্ট হয়—এমনটি নয়; মূল নিষেধাজ্ঞা হলো অন্য মুসল্লিদের কষ্ট দিয়ে মসজিদে প্রবেশ করা।



