বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট

দীর্ঘদিন ধরে নতুন টাকার সংকটে ভুগছে দেশের বাজার। ফলে দৈনন্দিন লেনদেনে ছেঁড়া-ফাটা ও পুরোনো নোটের ব্যবহার বেড়েছে। এমন পরিস্থিতিতে স্বস্তির খবর নিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। আগামী সপ্তাহে বাজারে ছাড়া হতে পারে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট। তবে ১০০ টাকার নোটের ক্ষেত্রে আপাতত কোনো পরিবর্তন আসছে না। আগের নকশাতেই নতুন করে ছাপানো ১০০ টাকার নোট বাজারে সরবরাহ করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোটের মুদ্রণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। টাঁকশাল থেকে আগামী সপ্তাহের মধ্যে এসব নোট বাংলাদেশ ব্যাংকে পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে সাধারণ মানুষের হাতে পৌঁছাবে নতুন নোট। এর আগে চলতি সপ্তাহেই নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল কেন্দ্রীয় ব্যাংকের। কিন্তু গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে নোট পরিবহনে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে নির্ধারিত সময়ে সরবরাহ কার্যক্রম পিছিয়ে যায়। নিরাপত্তা ও পরিবহনের আনুষ্ঠানিকতা শেষ হলেই নতুন নোট বাজারে ছাড়ার প্রক্রিয়া শুরু হবে।
এদিকে নগদ টাকার ওপর নির্ভরতা কমাতে ডিজিটাল লেনদেন বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বাংলাকিউআর ব্যবহারে মানুষকে উৎসাহিত করা হচ্ছে। এর ফলে খুচরা টাকার ব্যবহার ও চাহিদা কমার পাশাপাশি লেনদেনে স্বচ্ছতা বাড়বে এবং অনিয়ম-দুর্নীতি নিয়ন্ত্রণেও সহায়তা মিলবে।
কীভাবে ছাপানো হয় দেশের টাকা?
বাংলাদেশে প্রচলিত ব্যাংক নোটের মধ্যে রয়েছে ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১ হাজার টাকার নোট। এসব নোট ইস্যু করে বাংলাদেশ ব্যাংক এবং এতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে। অন্যদিকে ১, ২ ও ৫ টাকার নোট সরকারি মুদ্রা হিসেবে পরিচিত, যেখানে অর্থসচিবের স্বাক্ষর থাকে। ধাতব মুদ্রাসহ এসব সরকারি নোটও ছাপানোর দায়িত্ব পালন করে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক অর্ডার অনুযায়ী, দেশে মুদ্রা ছাপানোর ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকের হাতে ন্যস্ত। তবে নতুন নোটের নকশা অনুমোদনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অনুমোদনও প্রয়োজন হয়। টাকা ছাপানোর পুরো প্রক্রিয়াটিই বেশ সময়সাপেক্ষ। বছরের শুরুতে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে নোট তৈরির প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। নিরাপত্তা কাগজ, বিশেষ ধরনের ইন্ট্যালিও কালি, নিরাপত্তা সুতা এবং বিভিন্ন রাসায়নিক উপাদান সংগ্রহ করতে হয়। এসব উপকরণের অধিকাংশই বিদেশ থেকে আমদানি করা হয়।
বর্তমানে ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, স্পেন, ইতালি ও ইন্দোনেশিয়ার আটটি প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত কাঁচামাল সরবরাহকারী হিসেবে রয়েছে।
কাঁচামাল দেশে পৌঁছানোর পরও নোট ছাপাতে প্রায় তিন মাস সময় লাগে। এর অন্যতম কারণ হলো, দেশের একমাত্র টাঁকশাল হিসেবে পরিচিত সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের (এসপিসিবিএল) উৎপাদন সক্ষমতা তুলনামূলক সীমিত। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুনে দেশে রিজার্ভ মানি বা ছাপানো মুদ্রার পরিমাণ ছিল ৪ লাখ ৭৬ হাজার কোটি টাকার কিছু বেশি। এর মধ্যে প্রায় ৩ লাখ ৩৬ হাজার কোটি টাকা ছিল সাধারণ মানুষের হাতে। অবশিষ্ট অর্থ ছিল ব্যাংক খাতে।
কেন বাড়ছে পুরোনো ও ছেঁড়া নোটের ব্যবহার?
দেশে নতুন নোটের সংকট তৈরির পেছনে রয়েছে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রভাবও। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগপর্যন্ত দেশের ব্যাংক নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ব্যবহার করা হতো। সরকার পরিবর্তনের পর পুরোনো নকশার নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকেও মজুত থাকা পুরোনো নকশার নোট বাজারে ছাড়ার কার্যক্রম বন্ধ রাখা হয়। এরপর নতুন নকশা তৈরি, অনুমোদন এবং মুদ্রণের প্রস্তুতি নিতে বেশ সময় লেগে যায়। ফলে বাজারে নতুন নোটের সরবরাহে ঘাটতি তৈরি হয়। সেই সংকটের প্রভাব এখনো পুরোপুরি কাটেনি। যদিও সাম্প্রতিক সময়ে নতুন নোট বাজারে আসতে শুরু করেছে, তবে চাহিদার তুলনায় সরবরাহ এখনো পর্যাপ্ত নয়।
নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট বাজারে এলে দৈনন্দিন লেনদেনে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। তবে নগদ অর্থের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত নোট সরবরাহ নিশ্চিত করাই এখন কেন্দ্রীয় ব্যাংকের সামনে বড় চ্যালেঞ্জ।



