২০ নভেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ৫ অগ্রহায়ণ ১৪৩৩
জীবনযাপন

সঙ্গীর কাছে মনের কথা বলতেও ভয় লাগে? যেভাবে বুঝবেন সম্পর্কটি মানসিকভাবে নিরাপদ নয়

WhatsApp Image 2026-11-20 at 6.34.21 PM

একটি সুস্থ সম্পর্ক মানে শুধু ভালোবাসা, একসঙ্গে সময় কাটানো কিংবা ভবিষ্যতের স্বপ্ন দেখা নয়। বরং এমন একটি সম্পর্ক, যেখানে নিজের অনুভূতি, ভয়, দুর্বলতা কিংবা মতামত প্রকাশ করতে গিয়ে বারবার ভাবতে হয় না—সঙ্গী কী মনে করবেন! মন খুলে কথা বলার স্বাধীনতা, ভুল করার সুযোগ এবং বিচারহীনভাবে নিজের কথা বলার পরিবেশ—এসবই একটি মানসিকভাবে নিরাপদ সম্পর্কের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।

কিন্তু অনেক সময় ভালোবাসার সম্পর্কের মধ্যেই মানুষ মানসিকভাবে অনিরাপদ বোধ করেন। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে সঙ্গীর প্রতিক্রিয়া নিয়ে কাজ করে ভয়, অস্বস্তি ও অনিশ্চয়তা।

কথা বলার আগে বারবার ভাবতে হয়

সঙ্গী রেগে যাবেন, ভুল বুঝবেন কিংবা কথা বন্ধ করে দেবেন—এমন আশঙ্কায় নিজের মনের কথা চেপে রাখেন? কোনো বিষয়ে কষ্ট পেলেও তা প্রকাশ করতে সাহস পান না? তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবার সময় এসেছে। সুস্থ সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশের জন্য কাউকে ভয় পাওয়ার কথা নয়।

সবকিছুর জন্য নিজেকে দায়ী মনে হয়

সম্পর্কে কোনো সমস্যা হলেই যদি মনে হয় সব দোষ আপনার, তাহলে সেটি মানসিকভাবে ক্লান্তিকর হতে পারে। সঙ্গী নিজের ভুল স্বীকার না করে প্রতিবার আপনাকেই দায়ী করেন কি না, সেটিও লক্ষ করুন। বিশেষ করে আপনার অনুভূতিকে অস্বীকার করা, ছোট করে দেখা কিংবা সব ঘটনার জন্য আপনাকে অপরাধবোধে ভোগানো মানসিকভাবে অনিরাপদ সম্পর্কের লক্ষণ হতে পারে।

Advertisements

মত প্রকাশ করলেই শুরু হয় অশান্তি

দুজন মানুষের চিন্তা, পছন্দ কিংবা মতামত এক হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু নিজের ভিন্নমত প্রকাশ করলেই যদি ঝগড়া, অপমান কিংবা নীরব শাস্তির মুখোমুখি হতে হয়, তাহলে সেখানে পারস্পরিক সম্মানের ঘাটতি রয়েছে। একটি নিরাপদ সম্পর্কে দ্বিমত থাকলেও আলোচনা করার সুযোগ থাকে।

নিজের মতো থাকার স্বাধীনতা নেই

কী পরবেন, কার সঙ্গে মিশবেন, কোথায় যাবেন কিংবা কী করবেন—প্রতিটি বিষয়ে সঙ্গীর অনুমতি বা নিয়ন্ত্রণের প্রয়োজন হচ্ছে? আপনার ব্যক্তিগত পরিসর, বন্ধুত্ব কিংবা পছন্দকে সম্মান না করে সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইলে সেটি ভালোবাসা নয়, বরং নিয়ন্ত্রণমূলক আচরণ হতে পারে।

Advertisements