২০ নভেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশ

বৃষ্টি কমলেই বাড়বে শীত, কবে থেকে স্বাভাবিক হবে আবহাওয়া

Khulna_brishti___1_

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়ার প্রভাব আরও এক থেকে দুই দিন থাকতে পারে। তবে আগামী রোববার থেকে বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার দেশের বেশির ভাগ অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ থেকে মেঘ সরে গেলে কমতে শুরু করবে রাতের তাপমাত্রা, বাড়বে শীতের অনুভূতি।

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবেই আবহাওয়ার এমন পরিবর্তন। শুক্রবার (২০ নভেম্বর) সকালে ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশার গোপালপুর উপকূলের কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে।

স্থলভাগে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়বে। পরে এটি নিম্নচাপ ও লঘুচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে বাংলাদেশের আকাশেও আরও কয়েক দিন মেঘের আনাগোনা থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা গণমাধ্যমকে জানান, শুক্রবার ও শনিবার বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। তবে শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। রোববার দেশের দু-এক জায়গায় সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর বৃষ্টি থেমে গেলেও আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে।

তিনি আরও জানান, ঘূর্ণিঝড়টি স্থলভাগে উঠে দুর্বল হওয়ার প্রক্রিয়ার প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত দেশের আকাশে মেঘের উপস্থিতি থাকতে পারে। বুধবার থেকে মেঘলা ভাব কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কমতে শুরু করতে পারে তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাসেও বৃষ্টির প্রবণতা কমে আসার ইঙ্গিত দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ও শনিবার দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে।

Advertisements

রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। মঙ্গলবারও উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই।

বৃষ্টি কমলে কি বাড়বে শীত?

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পাঁচ দিনের পূর্বাভাসের শেষ দিকে রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার মতে, বুধবার থেকে আকাশের মেঘলা ভাব কেটে যাওয়ার পাশাপাশি তাপমাত্রা কমতে শুরু করতে পারে। ফলে বৃষ্টির প্রবণতা কমার পর দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আমেজ বাড়বে।

১০ জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা

এদিকে দেশের ১০ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।

Advertisements