২০ নভেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশ

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

3-no-songket-6a4c94f11f0a3

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে মোংলা সমুদ্রবন্দর ও সুন্দরবন উপকূলীয় এলাকায় বিরাজ করছে বৈরী আবহাওয়া। বুধবার রাত থেকে শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। প্রতিকূল আবহাওয়ার কারণে মোংলা বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানো-নামানোর কাজে বিঘ্ন ঘটছে। পাশাপাশি মাছ ধরা এবং উপকূলীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ সূত্রে জানা গেছে, বন্দরের হাড়বাড়িয়া, বহির্নোঙর ও জেটিতে কয়লা, ক্লিংকার, যন্ত্রপাতি, গম ও সারসহ বিভিন্ন পণ্য নিয়ে ১৩টি দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। সাগর ও নদীতে দমকা হাওয়া এবং উপকূলজুড়ে অব্যাহত বৃষ্টির কারণে এসব জাহাজে পণ্য ওঠানো-নামানোর কাজ স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় জাহাজ ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে বন্দর কর্তৃপক্ষ ও হারবার বিভাগ সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে।

অন্যদিকে, উত্তাল বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া শত শত ট্রলার ও নৌকার জেলেরা সুন্দরবনসংলগ্ন চরাঞ্চলের বিভিন্ন খালে আশ্রয় নিয়েছেন। সতর্ক সংকেত ও আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। টানা বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে উপকূলীয় এলাকার শ্রমজীবী মানুষ, দিনমজুর ও সাধারণ বাসিন্দাদের চলাচল এবং জীবিকায়ও প্রভাব পড়েছে।

মোংলা আবহাওয়া অফিস জানায়, কয়েক দিনের তাপপ্রবাহের পর বুধবার থেকে মোংলাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়। শুক্রবারও তা অব্যাহত রয়েছে। কখনো থেমে থেমে, আবার কখনো মুষলধারে বৃষ্টির সঙ্গে বইছে দমকা ও ঝোড়ো হাওয়া।

মোংলা আবহাওয়া অফিসের কর্মকর্তা হারুন আর রশিদ জানান, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড়টি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় এটি উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় ঘন মেঘমালা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে উপকূলীয় অঞ্চল ও মোংলা সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগরে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া অব্যাহত থাকলেও উপকূলে বড় ধরনের আঘাত হানার আশঙ্কা নেই। তাই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে উত্তাল সাগর ও ঝোড়ো বাতাসের কারণে মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Advertisements

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণাঞ্চলে চলমান বৃষ্টিপাত দেশের অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে। তবে আগামী এক থেকে দুই দিনের মধ্যে বৃষ্টিপাত কমে আসার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি কমলে ধীরে ধীরে শীতের প্রকোপ বাড়তে পারে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে মোংলা বন্দর, বঙ্গোপসাগর ও সুন্দরবন উপকূলজুড়ে সতর্কতামূলক পরিস্থিতি বিরাজ করছে। আবহাওয়া স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন বন্দরসংশ্লিষ্ট ব্যক্তি ও উপকূলীয় এলাকার বাসিন্দারা।

Advertisements