বৃষ্টির প্রভাবে বাজারে সবজির সংকট, চড়া দামে কিনতে হচ্ছে ক্রেতাদের

কয়েক দিনের টানা বৃষ্টিতে রাজধানীর কাঁচাবাজারে সবজির সরবরাহে প্রভাব পড়েছে। ক্ষেত থেকে ফসল সংগ্রহ করতে না পারায় পাইকারি বাজারে সবজির পরিমাণ কমেছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেশির ভাগ সবজি আগের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে সবজির এমন বাড়তি দামের চিত্র পাওয়া গেছে।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। প্রতি কেজি পটল ৬০ টাকা, ঝিঙা ৮০ টাকা, করলা ও উচ্ছে ৮০ থেকে ১০০ টাকা এবং গোল বেগুন ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বরবটির দাম পড়ছে কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকা।
এ ছাড়া ধুন্দুল, মুলা, শসা, কচু ও শালগমের প্রতিকেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। মানভেদে শিমের দাম ১০০ থেকে ১২০ টাকা। নতুন টমেটো কেজিপ্রতি ১৬০ টাকা এবং পুরোনো টমেটো ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিটি জালি ও লাউয়ের দাম ৬০ টাকা। অন্যদিকে কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকায়।
সাপ্তাহিক ছুটির দিনে রামপুরা বাজারে বাজার করতে এসে বাড়তি দামের অভিজ্ঞতার কথা জানান বেসরকারি চাকরিজীবী হায়দার হোসেন। তিনি বলেন, বৃষ্টির কারণে সবজির দাম বেড়েছে। দুই দিন আগেও যেসব সবজি তুলনামূলক কম দামে কেনা গেছে, এখন সেগুলো কিনতে বেশি টাকা খরচ করতে হচ্ছে।
বিক্রেতাদের মতে, সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে কৃষকদের পক্ষে সময়মতো ক্ষেত থেকে সবজি সংগ্রহ করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সারাদিন বৃষ্টির পর শুক্রবার সকালেও বৃষ্টি হওয়ায় সরবরাহ পরিস্থিতি আরও ব্যাহত হয়েছে।
মালিবাগ বাজারের সবজি ব্যবসায়ী খোরশেদ আলম বলেন, সকালে কারওয়ান বাজারে পাইকারি সবজি কিনতে গিয়ে পর্যাপ্ত পণ্য পাওয়া যায়নি। বৃষ্টির কারণে বিভিন্ন অঞ্চলের কৃষকেরা ক্ষেত থেকে সবজি তুলতে না পারায় ঢাকার পাইকারি বাজারে সবজিবাহী ট্রাকের সংখ্যা কমে গেছে। ফলে চাহিদার তুলনায় পণ্যের জোগান কম থাকায় খুচরা বাজারে দাম বেড়েছে।
তার আশঙ্কা, বৃষ্টির প্রভাব অব্যাহত থাকলে আগামী কয়েক দিন সবজির বাজারে উচ্চমূল্য বজায় থাকতে পারে। তবে বৃষ্টি কমে গেলে এবং পরিবহন ও সরবরাহব্যবস্থা স্বাভাবিক হলে দামও ধীরে ধীরে কমে আসবে।
খোরশেদ আলম আরও বলেন, শীত মৌসুমে সাধারণত বাজারে বিভিন্ন ধরনের শীতকালীন সবজির সরবরাহ বাড়ে। ফলে আবহাওয়া অনুকূলে থাকলে এবং উৎপাদন স্বাভাবিক থাকলে শীতের পুরো মৌসুমে সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে আসতে পারে।



