১৭ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিশ্ব

বিশ্বে প্রথমবারের মতো আইনি অধিকার পেল পেরুর হুলবিহীন মৌমাছি

1767251471_13

বিশ্বে প্রথমবারের মতো কোনো কীটপতঙ্গকে আইনি অধিকার দেওয়া হয়েছে। পেরুর আমাজন অঞ্চলের হুলবিহীন মৌমাছিকে (স্টিংলেস বি) এই স্বীকৃতি দিয়েছে দেশটির কয়েকটি পৌর সরকার। এর ফলে অস্তিত্ব টিকিয়ে রাখা, বিকশিত হওয়া, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর পরিবেশে বেঁচে থাকা এবং আইনি প্রতিনিধিত্ব পাওয়ার অধিকার পেয়েছে ক্ষুদ্র এই পরাগায়নকারী প্রাণী।

সংগৃহীত

মঙ্গলবার (১৭ নভেম্বর) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পরিবেশবাদী সংগঠন, সংরক্ষণকর্মী ও আদিবাসী জনগোষ্ঠীর দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে এই স্বীকৃতি এসেছে। ২০২৫ সালের অক্টোবরে পেরুর সাতিপো প্রদেশের পৌর সরকার এবং ২০২৬ সালের জানুয়ারিতে নাউতা প্রদেশের পৌর সরকার মৌমাছির অধিকারসংক্রান্ত ঘোষণা অনুমোদন করে। পরে কুসকো অঞ্চলের পিচারি ও ইউনিয়ন আশানিঙ্কা পৌরসভাও একই ধরনের আইন অনুমোদন করেছে।

পেরুতে হুলবিহীন মৌমাছির ১৭৫টির বেশি প্রজাতি রয়েছে। আমাজনের বনভূমির বাস্তুতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসব মৌমাছি। বিভিন্ন খাদ্য ও ঔষধি উদ্ভিদের পরাগায়নে তাদের অবদান রয়েছে। কিন্তু বন উজাড়, কীটনাশকের ব্যবহার ও জলবায়ু পরিবর্তনের কারণে গত কয়েক বছরে এসব মৌমাছির সংখ্যা দ্রুত কমছে।

এই উদ্যোগের অন্যতম উদ্যোক্তা রোজা ভাসকেজ এসপিনোজা। তিনি একজন কেমিক্যাল বায়োলজিস্ট এবং পরিবেশবিষয়ক অলাভজনক প্রতিষ্ঠান আমাজন রিসার্চ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা। ২০২০ সালে হুলবিহীন মৌমাছি নিয়ে গবেষণা শুরু করেন তিনি। গবেষণার একপর্যায়ে মৌমাছিগুলোর আইনি সুরক্ষার বিষয়টিও তার নজরে আসে। এ কাজের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের রোলেক্স অ্যাওয়ার্ডসের একজন বিজয়ী নির্বাচিত হন এসপিনোজা।

এসপিনোজা জানান, গবেষণা শুরু করার পর তাঁরা দেখতে পান, পেরুর স্থানীয় প্রজাতি হওয়া সত্ত্বেও দেশটির আইনে হুলবিহীন মৌমাছির কোনো উল্লেখ নেই। অথচ নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আদালতে গিয়ে লড়াই করার ক্ষমতা নেই এসব ক্ষুদ্র প্রাণীর। তাই তাদের সুরক্ষায় মানুষেরই এগিয়ে আসতে হবে।

নাম হুলবিহীন হলেও এসব মৌমাছির শরীরে হুলের অস্তিত্ব রয়েছে। তবে তা এতটাই ক্ষুদ্র বা অকার্যকর যে আত্মরক্ষার কাজে ব্যবহার করতে পারে না তারা। বিপদের মুখে কোনো কোনো প্রজাতি বাসা রক্ষার জন্য উচ্চ শব্দে গুঞ্জন তোলে, আবার কিছু প্রজাতি কামড় দেয়। সাধারণত গাছের কোটর, মাটির নিচে কিংবা বিভিন্ন ফাঁকা জায়গায় বাসা তৈরি করে এসব মৌমাছি।

Advertisements

মৌমাছির আইনি অধিকার ঘোষণার খসড়া তৈরি ও অনুমোদনের প্রক্রিয়ায় যুক্ত ছিল আমাজন রিসার্চ ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক পরিবেশ আইনবিষয়ক সংগঠন আর্থ ল সেন্টার এবং আদিবাসীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ইকোআশানিকা। পাশাপাশি আশানিঙ্কা জনগোষ্ঠী ও স্থানীয় মৌমাছি পালনকারীরাও এতে অংশ নেন।

আর্থ ল সেন্টারের লাতিন আমেরিকাবিষয়ক আইন পরিচালক কনস্তানজা প্রিয়েতো ফিগেলিস্ত বলেন, এই উদ্যোগে বৈজ্ঞানিক গবেষণার সঙ্গে আশানিঙ্কা জনগোষ্ঠীর ঐতিহ্যগত জ্ঞান ও স্থানীয় সংস্কৃতির সমন্বয় ঘটেছে। আদিবাসীরা দীর্ঘদিন ধরে এসব মৌমাছি সংরক্ষণ করে আসছেন। খাদ্য ও ঔষধি উদ্ভিদের পরাগায়নের পাশাপাশি মৌমাছির মধু তাদের ঐতিহ্যগত চিকিৎসায়ও ব্যবহৃত হয়।

তবে আইনি অধিকার ঘোষণা করাই শেষ কথা নয়। মৌমাছির অধিকার লঙ্ঘনের ঘটনা কীভাবে চিহ্নিত করা হবে এবং এ ধরনের অপরাধের জন্য কী শাস্তি দেওয়া হবে, তা নির্ধারণে কাজ করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। উদাহরণ হিসেবে, সংরক্ষিত মৌমাছির বাসা রয়েছে এমন গাছ কেটে ফেললে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা নির্ধারণ করতে হবে। এ বছরই প্রয়োজনীয় বিধিমালা অনুমোদনের আশা করছেন এসপিনোজা।

এখন পর্যন্ত এই আইনকে কেন্দ্র করে কোনো মামলা হয়নি। তবে মৌমাছি সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন, বিদ্যালয়ের পাঠ্যক্রমে তাদের অন্তর্ভুক্তি এবং আদিবাসীদের জীবিকা উন্নয়নে স্থানীয় বাজার গড়ে তোলার মতো উদ্যোগ শুরু হয়েছে।

এসপিনোজা জানান, ছয়টি মহাদেশের ১৪টি দেশের বিভিন্ন সংগঠন নিজ নিজ অঞ্চলের মৌমাছি সংরক্ষণে একই ধরনের আইন প্রণয়নের আগ্রহ প্রকাশ করেছে। তার মতে, এটি শুধু একটি আইনি বিজয় নয়; বরং প্রকৃতি সংরক্ষণে দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগের সূচনা।

Advertisements