১৭ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

গ্র্যামিতে রায়ের জয়জয়কার, মরণোত্তর মনোনয়ন পেলেন ডলি পার্টন

collage-maker

ব্রিটিশ গায়িকা রায়ের জয়জয়কার আর প্রয়াত কিংবদন্তি ডলি পার্টনের মরণোত্তর সম্মানের মধ্য দিয়ে ঘোষিত হলো ২০২৭ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন। সর্বোচ্চ ১১টি বিভাগে মনোনয়ন পেয়ে সবার ওপরে আছেন রায়ে, আর মৃত্যুর তিন মাস পরও তিনটি বিভাগে মনোনয়ন পেয়েছেন ডলি পার্টন। পাশাপাশি মনোনয়ন তালিকায় জায়গা করে নিয়েছেন টেলর সুইফট, ব্রুনো মার্স, আরিয়ানা গ্র্যান্ডে, রোজালিয়া, অলিভিয়া ডিন ও অলিভিয়া রদ্রিগোর মতো জনপ্রিয় শিল্পীরা।

রায়ে তার সাম্প্রতিক অ্যালবাম ‘দিস মিউজিক মে কনটেইন হোপ’ এবং এর প্রধান গান ‘হোয়্যার ইজ মাই হাজব্যান্ড!’-এর জন্য মনোনয়ন পেয়েছেন। গানটি বর্ষসেরা গান ও রেকর্ড-দুই বিভাগেই জায়গা করে নিয়েছে।

অন্যদিকে ডলি পার্টনের দুটি মনোনয়ন এসেছে সেরা কান্ট্রি ডুয়ো-গ্রুপ পারফরম্যান্স বিভাগে। এর মধ্যে একটি ‘বাটারফ্লাই’, যেখানে তার সঙ্গে কাজ করেছে জ্যাক ব্রাউন ব্যান্ড। অন্যটি ‘লাইট অব আ ক্লিয়ার ব্লু মর্নিং’। গানটিতে ডলির সঙ্গে রয়েছেন তার ধর্মকন্যা মাইলি সাইরাসসহ আরও কয়েকজন শিল্পী। এ ছাড়া নিজের জীবনের গল্প নিয়ে লেখা ‘স্টার অব দ্য শো: মাই লাইফ অন স্টেজ’ অডিওবুকের বর্ণনার জন্যও মনোনয়ন পেয়েছেন তিনি। গত তিন মাস আগে ৮০ বছর বয়সে মারা যান এই সংগীতশিল্পী।

স্প্যানিশ গায়িকা রোজালিয়া তার প্রশংসিত অ্যালবাম ‘লাক্স’-এর জন্য পেয়েছেন ৯টি মনোনয়ন। সম্প্রতি লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসে সাফল্যের পর এবার মূল গ্র্যামিতেও আলোচনায় তিনি।

এ ছাড়া সাতটি মনোনয়ন পেয়েছেন এলা ল্যাংলি। তার জনপ্রিয় গান ‘চুজিন’ টেক্সাস’ বর্ষসেরা গানের বিভাগে মনোনীত হয়েছে। গানটি এ বছর বিলবোর্ডের হট ১০০ তালিকায় সবচেয়ে দীর্ঘ সময় ধরে শীর্ষস্থান ধরে রাখার রেকর্ড গড়েছে।

এদিকে ২০০৫ সালের অ্যালবাম ‘কনফেশনস অন আ ডান্স ফ্লোর’-এর সিক্যুয়েল ‘কনফেশনস টু’ প্রকাশ করলেও বড় চারটি বিভাগে মনোনয়ন পাননি ম্যাডোনা। অ্যালবাম, রেকর্ড ও বর্ষসেরা গানের মতো বিভাগে তার নাম না থাকলেও সেরা ডান্স অ্যালবাম বিভাগে জায়গা পেয়েছে এটি।

Advertisements

এবার গ্র্যামিতে যুক্ত হচ্ছে পাঁচটি নতুন বিভাগ। এর মধ্যে রয়েছে সেরা লাতিন গান ও সেরা এশিয়ান পপ সংগীত পরিবেশনা। সংগীতের আরও বিস্তৃত ধারাকে স্বীকৃতি দিতে এবং অনুষ্ঠানকে অন্তর্ভুক্তিমূলক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

এদিকে নিজের ক্যারিয়ারে ১০০তম গ্র্যামি মনোনয়ন পাওয়ার মাইলফলক স্পর্শ করেছেন বিয়ন্সে। ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’ গানের জন্য সেরা আরঅ্যান্ডবি একক পরিবেশনা বিভাগে মনোনীত হয়েছেন তিনি।

২০২৫ সালের ৩১ আগস্ট থেকে ২০২৬ সালের ২৮ আগস্টের মধ্যে প্রকাশিত গান ও অ্যালবাম এবারের মনোনয়নের জন্য বিবেচিত হয়েছে। বিজয়ী নির্বাচন করবেন রেকর্ডিং অ্যাকাডেমির প্রায় ১৬ হাজার ভোটাধিকারপ্রাপ্ত সদস্য।

আগামী ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডস।

সূত্র: বিবিসি

Advertisements