আজ আনফ্রেন্ড করার দিন: ফেসবুকের বন্ধুতালিকায় কারা থাকবেন, কারা বাদ পড়বেন?

সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুর সংখ্যা বাড়ানো যেন অনেকের কাছে একধরনের প্রতিযোগিতা। পরিচিত-অপরিচিত মিলিয়ে বন্ধুতালিকায় জায়গা করে নেন শত শত, এমনকি হাজারো মানুষ। কেউ প্রতিদিন নিজের জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন, কেউ খাবারের ছবি পোস্ট করেন, আবার কেউ ঘুরতে যাওয়ার গল্পে ভরিয়ে রাখেন নিউজফিড। এর সঙ্গে যুক্ত হয় নানা ধরনের গেম খেলার আমন্ত্রণ, অপ্রয়োজনীয় বিজ্ঞাপন, একই ধরনের পোস্ট কিংবা বিরক্তিকর মন্তব্য। অথচ এসব মানুষের অনেককেই হয়তো বাস্তবে কখনো দেখেননি। এমন ভার্চুয়াল বন্ধুদের বিদায় জানানোর একটি মজার উপলক্ষ হলো ‘ন্যাশনাল আনফ্রেন্ড ডে’।
প্রতি বছর ১৭ নভেম্বর পালিত হয় আনফ্রেন্ড ডে। দিনটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যমের বন্ধুতালিকা নতুন করে পর্যালোচনা এবং অপ্রয়োজনীয় সংযোগ কমিয়ে আনার কথা মনে করিয়ে দেয়। তবে এটি শুধু কাউকে বন্ধুতালিকা থেকে সরিয়ে দেওয়ার দিন নয়, বরং ভার্চুয়াল সম্পর্কের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়েও ভাবার সুযোগ।
বন্ধুত্বের নতুন সংজ্ঞা
একসময় বন্ধু বলতে বোঝানো হতো এমন একজন মানুষকে, যার সঙ্গে রয়েছে আন্তরিক সম্পর্ক, বিশ্বাস ও ভালোবাসা। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসারে বন্ধুত্বের ধারণায় এসেছে পরিবর্তন। এখন পরিচিত মানুষ থেকে শুরু করে অপরিচিত ব্যক্তিও খুব সহজে বন্ধুতালিকায় যুক্ত হচ্ছেন। অনেক সময় বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করার পর আর কখনো যোগাযোগই হয় না। তবু তালিকায় থেকে যান সেই মানুষগুলো। এই বাস্তবতা থেকেই জনপ্রিয়তা পেয়েছে ‘আনফ্রেন্ড’ শব্দটি। ২০০৯ সালে অক্সফোর্ড ডিকশনারি ‘আনফ্রেন্ড’ শব্দটিকে বছরের সেরা শব্দ হিসেবে নির্বাচন করে। সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে বন্ধুতালিকা থেকে সরিয়ে দেওয়াই এর অর্থ।
যেভাবে শুরু আনফ্রেন্ড ডে
২০১৪ সালে মার্কিন টেলিভিশন উপস্থাপক ও কৌতুকশিল্পী জিমি কিমেল আনফ্রেন্ড ডে পালনের ধারণা জনপ্রিয় করে তোলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অকারণে বন্ধু বাড়ানোর প্রবণতা কমানোই ছিল এর অন্যতম উদ্দেশ্য। অনেকটা সংগ্রহের নেশায় অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখার মতোই মানুষ ভার্চুয়াল বন্ধুত্বের সংখ্যাও বাড়িয়ে চলেছেন। অথচ সেই তালিকার অনেকের সঙ্গেই বাস্তব জীবনে কোনো সম্পর্ক বা যোগাযোগ নেই।
কাদের আনফ্রেন্ড করবেন?
আনফ্রেন্ড ডে উপলক্ষে নিজের ফেসবুক বন্ধুতালিকায় একবার চোখ বুলিয়ে নিতে পারেন। সেখানে এমন অনেক মানুষকে খুঁজে পেতে পারেন, যাদের নাম দেখলেও পরিচয় মনে পড়ে না। আবার কেউ হয়তো প্রতিদিন অপ্রয়োজনীয় পোস্ট দিয়ে নিউজফিড ভরিয়ে রাখছেন। কেউ বারবার বিভিন্ন পেজে লাইক দেওয়ার অনুরোধ করছেন, কেউ আবার প্রতিটি পোস্টে নেতিবাচক মন্তব্য করছেন।
এ ছাড়া যারা সামাজিক যোগাযোগমাধ্যমে অস্বস্তিকর আচরণ করেন, ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ করেন কিংবা নিয়মিত বিরক্তির কারণ হয়ে ওঠেন, তাদের সঙ্গে যোগাযোগ রাখার প্রয়োজন আছে কি না, সেটিও ভেবে দেখতে পারেন। তবে কাউকে আনফ্রেন্ড করার আগে নিজের প্রয়োজন ও সম্পর্কের গুরুত্ব বিবেচনা করাই ভালো।
ভার্চুয়াল বন্ধুত্বের বাইরে বাস্তব জীবন
বন্ধুতালিকা পরিষ্কার করার পাশাপাশি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অভ্যাস নিয়েও ভাবতে পারেন এই দিনে। প্রতিদিন কতটা সময় ফেসবুক বা অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে কাটছে? অনলাইনে সময় দিতে গিয়ে পরিবারের সদস্য কিংবা কাছের বন্ধুদের অবহেলা করা হচ্ছে কি না, সেদিকেও নজর দেওয়া জরুরি। অনেক সময় প্রিয়জনদের সঙ্গে ঘুরতে গিয়ে জায়গাটি উপভোগ করার চেয়ে ছবি তোলা, ভিডিও করা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার প্রতিই বেশি মনোযোগ থাকে। ফলে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার সুযোগ কমে যায়। অথচ এসব স্মৃতির প্রকৃত আনন্দ লুকিয়ে থাকে একসঙ্গে সময় কাটানোর মধ্যে, শুধু অনলাইনে সেগুলো তুলে ধরার মধ্যে নয়।
সামাজিক যোগাযোগমাধ্যম দূরের মানুষদের সঙ্গে যোগাযোগ সহজ করেছে, নতুন সম্পর্ক তৈরির সুযোগও বাড়িয়েছে। তবে ভার্চুয়াল সম্পর্কের ভিড়ে বাস্তব জীবনের সম্পর্কগুলো যেন গুরুত্ব হারিয়ে না ফেলে।
আনফ্রেন্ড ডে তাই শুধু বন্ধুতালিকা থেকে কিছু নাম বাদ দেওয়ার উপলক্ষ নয়; বরং কারা সত্যিকার অর্থে আপনার জীবনের অংশ, তা নতুন করে উপলব্ধি করার দিন। কারণ অনলাইনে হাজারো বন্ধু থাকার চেয়ে বাস্তব জীবনে বিপদের সময় পাশে থাকার মতো কয়েকজন মানুষ থাকা অনেক বেশি মূল্যবান।



